logo
youtube logotwitter logofacebook logo
/সারাদেশ
মিঠাপুকুরে কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ৪০,এলাকায় চরম আতঙ্ক - image

মিঠাপুকুরে কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ৪০,এলাকায় চরম আতঙ্ক

10 অক্টোবর 2026, বিকাল 7:22

রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নসহ আশপাশের ১০টি গ্রামে একটি পাগলা কুকুরের বেপরোয়া কামড়ে শিশু ও নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে কুকুরের এমন আকস্মিক তাণ্ডবে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুরের পর একটি উগ্র ও হিংস্র কুকুর শঠিবাড়ী শিশু নিকেতন এলাকা থেকে তাণ্ডব শুরু করে। এরপর কুকুরটি চিথলী মধ্যপাড়া, শীতলগাড়ী, রামপুরা ও চিথলী দক্ষিণ পাড়াসহ সংলগ্ন ১০টি গ্রামের বিভিন্ন সড়কে চলাচলরত পথচারী, গৃহস্থালির কাজে ব্যস্ত নারী এবং মাঠে খেলাধুলা করা শিশুদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। চোখের পলকে একের পর এক মানুষকে কামড়ে ও আঁচড়ে রক্তাক্ত করে তোলে সেটি। পরে স্থানীয় লোকজন একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে ধাওয়া করলে কুকুরটি পালিয়ে যায়।আহতদের দ্রুত উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন— আল ফারুক, সেলিনা বেগম (৩৩), শিশু লাবিব (৫), লাবিব (২৫), শফিউল (৩২), হাসেম (২৮), ফাহিম (১৮), সানজিদা (১১) এবং মাসুদ রানা (২৭)।ভুক্তভোগীরা জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ কুকুরটি পেছন থেকে লাফিয়ে এসে কামড় বসিয়ে দেয়। এ ঘটনার পর থেকে অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক কাজ করছে; ছোট বাচ্চাদের ঘরের বাইরে পাঠাতেও ভয় পাচ্ছেন তারা।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামিয়াবী দৃষ্টি বলেন, শুক্রবার দুপুরের পর থেকেই কুকুরের কামড়ের শিকার হয়ে একের পর এক রোগী হাসপাতালে আসতে শুরু করেন। এ পর্যন্ত প্রায় ৪০ জন রোগী চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। অনেকের শরীরে গভীর ক্ষত তৈরি হয়েছে। তাদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা, ক্ষতের পরিচর্যা এবং জলাতঙ্ক (র‍্যাবিস) প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমাদের হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও ভ্যাকসিন রয়েছে।হাসপাতালের রোগ নিয়ন্ত্রণ বিভাগের চিকিৎসক ডা. এম. এ হালিম লাভলু জানান, আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আশঙ্কাজনক ও গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন,বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের। খবর পাওয়ার পর থেকেই আমরা পরিস্থিতির খোঁজখবর রাখছি। সাধারণত জলাতঙ্ক বা অন্য কোনো কারণে কুকুর এ ধরনের উগ্র আচরণ করে থাকে। ইউনিয়ন পর্যায়ে বেওয়ারিশ ও ক্ষতিকারক কুকুর নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অক্টোবর ১০, ২০২৬

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন : পুলিশ

কুমিল্লায় আলোচিত স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যার ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া।তিনি জানান, কিশোরী স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন গত ৮ অক্টোবর রাত সাড়ে ১২টায় কক্সবাজার থেকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরো তিশা কাউন্টারে নামে। পরে নগরের রেইসকোর্স এলাকায় নিজ ভাড়া বাসায় যাওয়ার জন্য ৩০০ টাকায় অটোরিকশা ভাড়া করেন। পরবর্তীতে সিএনজিতে উঠে টাকা দিয়ে চালক সুমনকে দিয়ে কলা রুটি কেনেন।পঙ্কজ বড়ুয়া আরো জানান, ওই কিশোরীকে দ্রুত বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে উল্টো চাঁদপুর সড়কে চলে যান সুমন। পরে লাকসামের বিজরা বাজার হয়ে পুনরায় লালমাই জগতপুর এলাকায় ফিরে আসেন। এতে প্রায় দুই ঘণ্টা সময় অতিবাহিত হয়। এক পর্যায়ে সুমন জগতপুরে পৌঁছারপর অটোরিকশাটি বন্ধ করেন।এসময় কিশোরী জান্নাতুল তাজমিন জিজ্ঞেস করেন এটা কোন এলাকা। উত্তরে চালক সুমন বলেন, এটা রেসকোর্স না, অন্য এলাকা। এতে ওই কিশোরী ভয় পেয়ে অটোরিকশা থেকে নেমে প্রাণে বাঁচার চেষ্টা করেন। তখন সুমন তাকে ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে তার সঙ্গে থাকা গামছা দিয়ে গলা পেচিয়ে ধরে।এতে ধস্তাধস্তির একপর্যায়ে কিশোরী দুর্বল হয়ে পড়ে।পঙ্কজ বড়ুয়া জানান, সুমন মিয়া জান্নাতুল তাজমিন ধর্ষণ করে ধান ক্ষেতে নিয়ে মাটিতে উপর করে রেখে তার মাথা তার পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন। এর পরে ভিকটিমের ব্যবহৃত হ্যান্ড ব্যাগ থেকে আইফোনটি নিয়ে নেয় এবং ব্যাগটি ধান ক্ষেতে ফেলে দেয়। একপর্যায়ে আসামি সুমন মিয়া ঘটনাস্থলে তার সিএনজিটি রেখে কাচিকাটা মসজিদের সামনে এসে পুকুরে গোসল করে এবং একটি ভাড়ায় চালিত সিএনজিতে করে বাখরাবাদ যায়। সেই এলাকায় একটি পুকুর পাড়ের জঙ্গলে স্কুলছাত্রীর আইফোনটি লুকিয়ে রেখে চট্টগ্রাম চলে যায়। শুক্রবার পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে আসামি সুমনকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে বাখরাবাদ এলাকার পুকুরের পাড়ের জঙ্গল থেকে ভিকটিমের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়।এর আগে ৮ অক্টোবর কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে স্কুলছাত্রী তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের অন্তত চার থেকে পাঁচটি ধানক্ষেতে এলোমেলো হয়ে আছে ধানগাছ। পাশে পড়ে ছিল একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশা। স্থানীয়দের ধারণা, প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করেছিল জান্নাতুল তাজমিন।এ ঘটনার পর ওইদিন জান্নাতুল তাজমিনের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। সূত্র: কালের কন্ঠটি/

অক্টোবর ১০, ২০২৬

প্রতিটি উপজেলায় ডেঙ্গুর সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। ডেঙ্গু মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে গত এক মাসে সারাদেশের দুই হাজার চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।অসংক্রামক রোগের বিষয়ে সতর্ক করে ড. এম এ মুহিত বলেন, দেশে ৭২ শতাংশের বেশি মানুষ অসংক্রামক রোগে মারা যান। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মানুষের মৃত্যু হয় হৃদ্‌রোগ ও স্ট্রোকে।চিকিৎসকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি রোগীকে নিজের আত্মীয় মনে করে আন্তরিকতা ও মমতার সঙ্গে সেবা দিতে হবে। রোগীর সঙ্গে সহজ ভাষায় কথা বলে চিকিৎসার বিষয়গুলো বুঝিয়ে বললে ভুল বোঝাবুঝি কমবে এবং চিকিৎসক-রোগীর সম্পর্ক আরও দৃঢ় হবে। চিকিৎসকদের জ্ঞানের পাশাপাশি মানবিক আচরণ ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।এর আগে ড. এম এ মুহিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন করেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অক্টোবর ১০, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে গভীর রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চরচারতলা গ্রামের কিছকির বাড়ি ও আক্কার বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগের একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ১০টার দিকে আক্কার বাড়ির কবির ও কিছকির বাড়ির আলামিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ বিরোধ দুই বাড়ির লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।এ সময় রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে উভয় পক্ষের লোকজন একে অপরকে ধাওয়া করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে আশুগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, পূর্ববিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সহিংসতা এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অক্টোবর ০৯, ২০২৬

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নেওয়া হয়, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নেওয়া হয়, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ডের কথা বলে এই নারীর কাছ থেকে টিপসই নেওয়া হয়। পরে ছড়ানো হয় তাঁর বিয়ের খবরফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবার (৪৩) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল। কয়েক দিন পর ডেকে নিয়ে একটি কাগজে তাঁর টিপসই নেওয়া হয়। এরপর গ্রামে ছড়িয়ে পড়ে, ওই নারীর বিয়ে হয়ে গেছে। তাঁকে একটি কাবিননামাও দেখানো হয়। তবে তিনি কোনো বিয়েতে সম্মতি দেননি বলে দাবি করেন।সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে সালিস বৈঠকও করেছেন। ভুক্তভোগী নারীর অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে কৌশলে টিপসই নেন স্থানীয় জামায়াত নেতা আবদুস ছাত্তার। সেই টিপসই ব্যবহার করেই জালিয়াতি করে বিয়ের কাবিননামা তৈরি করা হয়েছে।ছড়িয়ে পড়া কাবিননামায় বর হিসেবে স্থানীয় আবদুল কুদ্দুসের নাম আছে। তিনি আগেও বিভিন্ন সময় ওই নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। কিন্তু তিনি কখনো প্রস্তাবে রাজি হননি। কুদ্দুসের সংসারে স্ত্রী সুফিয়া খাতুন, ছেলেমেয়েসহ নাতি-নাতনি আছে।প্রায় ১৩ বছর আগে ভুক্তভোগী নারীর স্বামী মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর মানুষের জমিতে কাজ করে দুই ছেলেকে বড় করে বিয়ে দিয়েছেন। তাঁর নাতি-নাতনিও আছে। গতকাল বুধবার তাঁর বাড়িতে গিয়ে ওই নারীর সঙ্গে কথা হয়। তিনি দাবি করেন, ‘আমি কোথাও বিয়ে করতে যাইনি। কোনো কাজিকেও দেখিনি।’অভিযুক্ত আবদুস ছাত্তার নিজেকে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে পরিচয় দেন। তাঁর কসমেটিকসের দোকান আছে। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ওই নারীর কাছ থেকে ফ্যামিলি কার্ডের কথা বলে তিনি কোনো টিপসই নেননি। এলাকার জমিজমা নিয়ে বিরোধের জেরে তাঁকে ফাঁসানো হচ্ছে।বিয়ের বিষয়ে তাঁর স্বামী তাঁকে আগে কখনো কিছু জানাননি। ঘটনা জানাজানি হলে দাবি করেন যে তিনি ‘কোর্ট ম্যারেজ’ করেছেন। পরিবারের সদস্যরা তাঁকে বহুবার বোঝানোর চেষ্টা করেছেন; কিন্তু তিনি কারও কথা শোনেননি।সুফিয়া খাতুন, অভিযুক্ত আবদুল কুদ্দুসের স্ত্রীউপজেলা জামায়াতের আমির মো. ফজলুল হক বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা স্থানীয় দায়িত্বশীলদের মাধ্যমে খোঁজ নিয়েছি। তিনি (ছাত্তার) জামায়াতের পদধারী কোনো নেতা নন; বিগত নির্বাচনের সময় তিনি একটি কেন্দ্র কমিটির সহযোগী সদস্য ছিলেন। আগে তিনি বিএনপি করতেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আমরা চাই প্রকৃত অপরাধীদের বিচার হোক। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে মনে হচ্ছে, ঘটনাটি সাজানো বা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।’ছড়িয়ে পড়া কাবিননামায় বর হিসেবে স্থানীয় আবদুল কুদ্দুসের নাম আছে। তিনি আগেও বিভিন্ন সময় ওই নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। কিন্তু তিনি কখনো প্রস্তাবে রাজি হননি। কুদ্দুসের সংসারে স্ত্রী সুফিয়া খাতুন, ছেলেমেয়েসহ নাতি-নাতনি আছে। এ বিষয়ে কথা বলতে গতকাল সন্ধ্যায় তাঁর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।স্ত্রী সুফিয়া খাতুন বলেন, বিয়ের বিষয়ে তাঁর স্বামী তাঁকে আগে কখনো কিছু জানাননি। ঘটনা জানাজানি হলে দাবি করেন যে তিনি ‘কোর্ট ম্যারেজ’ করেছেন। পরিবারের সদস্যরা তাঁকে বহুবার বোঝানোর চেষ্টা করেছেন; কিন্তু তিনি কারও কথা শোনেননি।কাবিননামায় দেখা যায়, কাজি গোলাম মোস্তফা বিয়ে সম্পন্ন করেছেন। এতে আড়াই লাখ টাকা দেনমোহর এবং ৫০ হাজার টাকা নগদ পরিশোধের কথা উল্লেখ আছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবদুল মান্নান ও সাইফুল ইসলামের নাম আছে। সাইফুল ইসলাম দাবি করেন, তিনি কোনো বিয়ের সাক্ষী হননি।কাজি গোলাম মোস্তফা এই বিয়ের কিছু সম্পন্ন করেননি বলে জানান। তাঁর দাবি, যে কাগজ ছড়িয়েছে, সেটি সম্পূর্ণ জাল। এর আগে ২০২০ সালে এমন একটি জাল কাগজ তৈরি হওয়ায় ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এবার কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলবেন।গত সোম ও বুধবার গ্রামে দুই দফা সালিস বসেছে। তবে সালিসে অভিযুক্ত আবদুস ছাত্তার ও আবদুল কুদ্দুস উপস্থিত ছিলেন না। আগামীকাল শুক্রবার পর্যন্ত তাঁদের সময় দেওয়া হয়েছে। এরপরও আবদুস ছাত্তার অবস্থান স্পষ্ট না করলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সালিসে নেতৃত্বে দেওয়া মোহাম্মদ রুস্তম আলী। তিনি বলেন, ‘কীভাবে কী হলো, আমরা যাচাই করছি। সালিসের মাধ্যমে সমাধান না হলে আইনি প্রক্রিয়ায় যাওয়া হবে।’ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ঘটনাটি তাঁরা বিভিন্নজনের কাছ থেকে শুনেছেন। কিন্তু এখনো থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।

অক্টোবর ০৮, ২০২৬

দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস, নোয়াখালীতে নতুন কূপের সন্ধান!

দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস, নোয়াখালীতে নতুন কূপের সন্ধান!নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকূপের সন্ধান পাওয়ার তথ্য জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। বুধবার (৭ অক্টোবর) সকালে সেনবাগের নবীপুর ইউনিয়নের সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ কূপ থেকে প্রতিদিন প্রায় ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব বলে ধারণা করছে বাপেক্স।মোজাম্মেল হক বলেন, কূপটিতে বর্তমানে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চলছে। পরীক্ষা শেষে গ্যাসের মজুত ও উত্তোলনযোগ্য পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, আগামী দুই থেকে তিন দিন ডিএসটি পরীক্ষা চলবে। এরপর কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে।বাপেক্স সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই কূপটির খননকাজ শুরু হয়। ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে কূপটি এক হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৪২০ থেকে এক হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে।এর আগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর এলাকায় একই গ্যাসক্ষেত্রের অধীনে সুন্দলপুর-১, ২ ও ৩ নম্বর কূপ খনন করা হয়েছিল। নতুন কূপটি সেনবাগে হলেও একই ভূগর্ভস্থ গ্যাসক্ষেত্র কাঠামোর অংশ হওয়ায় এর নাম সুন্দলপুর-৪ রাখা হয়েছে।

অক্টোবর ০৭, ২০২৬

পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে ইকসাসের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ইসলামিক কাউন্সিল ফর সোশ্যাল এডভান্সমেন্ট অ্যান্ড জাস্টিস (ইকসাস)-এর উদ্যোগে Tree Plantation Program-2026 অনুষ্ঠিত হয়েছে।রোববার (০৪ অক্টোবর)  কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুরস্থ আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও পরিবেশবান্ধব বৃক্ষের চারা রোপণ করা হয়।কর্মসূচিতে ইকসাসের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আ খ ম ইউনুস, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম সরকার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।এ সময় অধ্যাপক আ খ ম ইউনুস বলেন, “বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কর্মসূচি নয়; এটি আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আজকের একটি গাছ আগামী প্রজন্মের জন্য ছায়া, অক্সিজেন ও একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারে।”তিনি শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।ইকসাসের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক কল্যাণে সংগঠনটির চলমান কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।টি/

অক্টোবর ০৪, ২০২৬

রংপুরে সংবাদ প্রকাশের জেরে জ্যেষ্ঠ সাংবাদিকের ওপর হামলা

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও জরিমানার সংবাদ প্রকাশের জেরে রংপুরের গঙ্গাচড়ায় জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর প্রকাশ্যে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে সাংবাদিক আব্দুল বারীর মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি। আব্দুল বারী দুলাল দৈনিক লাখোকণ্ঠ ও দৈনিক প্রতিদিনের বার্তার গঙ্গাচড়া প্রতিনিধি এবং গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি।ঘটনার সূত্রপাত, গত ৩০ সেপ্টেম্বর বুধবার ওই দিন গজঘণ্টা ইউনিয়নের উমর এলাকায় দীর্ঘদিন ধরে চলা কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালান গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর ইসলাম। অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি দায়ীদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে অভিযানের খবর স্থানীয় দৈনিক প্রতিদিনের বার্তা, জাতীয় দৈনিক লাখোকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।এরপর থেকেই সাংবাদিক আব্দুল বারীকে মৌখিকভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছিল বলে অভিযোগ। এরই ধারাবাহিকতায় ২ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উমর বাজারে তাকে একা পেয়ে পথরোধ করে হামলা চালানো হয়। হামলার সময় কয়েকজন তাকে গলা চেপে ধরে ও পেছন থেকে হাত আটকে রাখেন। এ সময় পেছন থেকে আরেকজন কাঠ কাটার কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাংবাদিক দুলাল। এরপরও হামলাকারীরা তাকে বিভিন্নভাবে মারধর করেন। তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় ছেলের সেমিস্টার ফি ও থাকা-খাওয়ার আনুষঙ্গিক খরচ বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য সঙ্গে করে নেওয়া নগদ ৩৫ হাজার টাকা এবং শার্টের বাম পকেটে থাকা Oppo A57 মডেলের মোবাইল ফোন, যার মূল্য ১৯ হাজার ৯৯৯ টাকা, নিয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি  সেখানে চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের চিহ্নিত দুজনসহ ৭-৮ জন এ হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ।সাংবাদিকের ওপর এ হামলার ঘটনায় রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব, গঙ্গাচড়া প্রেসক্লাব, রংপুর প্রেসক্লাব, রংপুর সদর উপজেলা প্রেসক্লাব, মিঠাপুকুর প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।হামলার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গঙ্গাচড়ায় কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। পরে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং সংসদ সদস্য রায়হান সিরাজীও আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে যান।গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামাণিক ও সাধারন সম্পাদক কমল কান্ত রায় বলেন, “সত্য সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে যদি এভাবে হামলার শিকার হতে হয় এবং হামলাকারীরা শাস্তি না পায়, তাহলে গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক ও  সাধারণ সম্পাদক, যমুনা টিভির ব্যুরো চিফ সরকার মাজহারুল মান্নান বলেন, “সাংবাদিক দুলালের ওপর এ হামলা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধের চেষ্টা। শুধু একজন সাংবাদিকের ওপর নয়, এ হামলা গোটা সাংবাদিক সমাজের ওপর আঘাত। আমরা দায়ীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাই। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ চাই।এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকরা বলছেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হামলার শিকার হতে হলে তা স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য গুরুতর হুমকি। অবৈধ বালু উত্তোলনের মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশের পর হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অক্টোবর ০৩, ২০২৬

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়। প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের এটি প্রথম চালান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।বিষয়টি নিশ্চিত করে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামের চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর সাড়ে ১২টার পর প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর আগে শনিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে রওনা হয়।গাড়িবহরে ছিল ইউরেনিয়াম বহনকারী তিনটি লরি এবং অন্যান্য সরঞ্জাম বহনের জন্য একটি গাড়ি। রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও গাড়িবহরের সঙ্গে ছিলেন। নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামবাহী একটি বিশেষ কার্গো বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রকল্প সূত্র জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি—সব মিলিয়ে নয়টি চালানে দেশে ইউরেনিয়াম আনার পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরের মধ্যে সব চালান সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা জানিয়েছেন, সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। এর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রমে নতুন ধাপ শুরু হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।টি/

অক্টোবর ০৩, ২০২৬

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

জহির ঠাকুর:নড়াইলে ডেঙ্গুর ঝুঁকি কমাতে এবং মশাবাহিত এই রোগ প্রতিরোধে জেলা সদর এলাকার বয়েজ স্কুল মাঠ ও পুরাতন বাস স্ট্যান্ড চত্বরে একটি বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) এই কর্মসূচি শুরু হয়। জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পাশাপাশি আজ নড়াইল সদর উপজেলার বয়েজ স্কুল মাঠ এবং পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। মূলত যত্রতত্র ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা এবং বিভিন্ন পাত্রে জমে থাকা পানি যেন এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি করতে না পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর প্রশাসন, সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।প্রশাসন সূত্রে জানা গেছে, শুধু পরিচ্ছন্নতা অভিযান চালিয়েই দায়িত্ব শেষ নয়; ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি নগরবাসীর সার্বিক সচেতনতা বৃদ্ধির ওপরও সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন করতে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। 

সেপ্টেম্বর ২৬, ২০২৬

লক্ষ্মীপুরে ৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার ছাত্র শাহিন

চারদিকে শিশু নিখোঁজের খবরের মধ্য দিয়ে এবার লক্ষ্মীপুরের রামগতিতে নিখোঁজ ১৩ বছরের শিশু আরাফাত হোসেন শাহীন। নানাভাবে খোঁজ নিয়েও শাহীনের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন পরিবার। গেল শনিবার(১৯সেপ্টেম্বর), রামগতির চর পোড়াগাছা থেকে কমলনগরের তোরাবগঞ্জের দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। সন্ধান চেয়ে নিখোঁজ শিশুটির মা শাহিনুর বেগম আজ রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেন।আরাফাত হোসেন শাহীন ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। তাদের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগরের চর কাদিরা ইউনিয়নের চর বসু গ্রামে।শিশুটির বাবা আবুল বাশার বলেন, বাড়ির লোকজন ও মাদ্রাসার শিক্ষকরাসহ লক্ষ্মীপুরের বিভিন্নস্থানে খোঁজ করেছি, কিন্তু তার কোন সন্ধান মিলেনি।হারিয়ের সময় শিশুটির গায়ে কালোর রঙের একটি পাঞ্জাবি ও টুপি পরা ছিল। গায়ের রঙ শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৫ইঞ্চি।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লিটন দেওয়ান বলেন, শিশুটির মা মাদ্রাসা পর্যন্ত তাকে এগিয়ে দেয়নি। অর্ধেক পথ থেকে নিখোঁজে আশঙ্কা করা হচ্ছে, মাদ্রাসার পড়াশোনার ভীতি থেকেই এমন ঘটনা ঘটেছে। অভিভাবক জিডি করেছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি।/টি

সেপ্টেম্বর ২৩, ২০২৬

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের উদ্যোগে পরিষ্কার রহমতখালী খাল

লক্ষ্মীপুর:দীর্ঘদিনের ময়লা-আবর্জনা ও কচুরিপানায় ভরে থাকা লক্ষ্মীপুরের রহমতখালী খালের প্রায় সাড়ে চার কিলোমিটার অংশ পরিষ্কার করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীদের উদ্যোগে ১৫ দিন ধরে এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এতে প্রায় ৩০০ কর্মী অংশ নেন।পরিচ্ছন্নতা কার্যক্রমে খালের বিভিন্ন অংশ থেকে কচুরিপানা, ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়। এ কাজে স্থানীয় সামাজিক সংগঠন উজ্জীবন প্রভাতী সংঘের সদস্যরাও অংশ নেন।স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে খালের বিভিন্ন অংশে কচুরিপানা ও আবর্জনা জমে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। এ অবস্থায় নিজেদের উদ্যোগে খালটি পরিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৫ দিন ধরে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন বলেন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্দেশক্রমে তারা স্বেচ্ছায় এ কার্যক্রমে নেমেছেন। দীর্ঘদিনের ময়লা-আবর্জনা ও কচুরিপানা অপসারণ করে খালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাই তাঁদের উদ্দেশ্য।মহসিন কবির স্বপন বলেন, প্রায় ৩০০ কর্মী ১৫ দিন ধরে স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন। খালের প্রায় সাড়ে চার কিলোমিটার অংশ পরিষ্কার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে খালের ওই অংশের চিত্রে পরিবর্তন দেখা গেছে। বিভিন্ন অংশ থেকে কচুরিপানা ও ময়লা-আবর্জনা সরিয়ে ফেলায় পানির প্রবাহও আগের তুলনায় স্বাভাবিক হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দা আব্দুল আউয়াল বলেন, আগে খালের বিভিন্ন অংশে কচুরিপানা ও ময়লা-আবর্জনা জমে থাকত। এতে খালের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হতো। এখন খাল পরিষ্কার হওয়ায় পরিবেশও ভালো হয়েছে।স্থানীয় বাসিন্দা মুকিতুর রহমান বলেন, খালটি পরিষ্কার করায় এখন অনেকটা স্বাভাবিক মনে হচ্ছে। তবে খালে আবার যাতে ময়লা-আবর্জনা ফেলা না হয়, সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন হতে হবে। পাশাপাশি নিয়মিত পরিষ্কার ও তদারকি করা প্রয়োজন।উদ্যোক্তারা জানান, শুধু একবার পরিষ্কার করেই দায়িত্ব শেষ করতে চান না তারা। খালের পরিচ্ছন্নতা ধরে রাখতে ভবিষ্যতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি নিয়মিত তদারকি করা হবে। এতে রহমতখালী খালের স্বাভাবিক পানিপ্রবাহ ও পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।টিএ/

সেপ্টেম্বর ২২, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo