logo
youtube logotwitter logofacebook logo
/রাজনীতি
ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনায় যারা - image

ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনায় যারা

28 আগস্ট 2026, বিকাল 10:40

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি নিয়ে জোর তৎপরতা চলছে। বিএনপির একাধিক সূত্র থেকে জানা গেছে, নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং যে কোনো সময় ঘোষণা আসতে পারে।ছাত্রদলের নতুন কমিটির শীর্ষ পদে ডজনখানেক নেতার নাম ঘুরে ফিরে আলোচনায় আসছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় থাকা নেতাদের মধ্য থেকে কয়েকজনের নাম বেশি শোনা যাচ্ছে। বিএনপির একাধিক সূত্র মতে, ছাত্রদল নেতাদের বয়সের বিষয়টিকে মাথায় রেখে ২০০৯-১০ সেশন থেকে ২০১২-১৩ সেশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রদল নেতাদের শীর্ষ পদে রেখে নতুন কমিটি ঘোষণা করার পরিকল্পনা করছে। কেন্দ্রীয় কমিটি এই সেশনগুলোর মধ্য থেকে ঘোষিত হলেও বিশ্ববিদ্যালয় কমিটিগুলো রানিং স্টুডেন্টদের দিয়েই ঘোষিত হবে বলে জানা গেছে।বিএনপি ও ছাত্রদলের একাধিক জনের সাথে কথা বলে জানা গেছে, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদগুলোতে ২০০৯-১০ সেশন থেকে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, আরিফুল ইসলাম ও প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ আলোচনায় আছে। সবদিক বিবেচনায় আমানউল্লাহ আমানের নাম বেশি আলোচনায় আসছে। ২০১০-১১ সেশন থেকে আলোচনায় আছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র সাহস ও সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক প্রমূখ ।  তবে বিএনপির অনেকেই আরো জুনিয়রদের দিয়ে কমিটি দেওয়ার পক্ষে বলে জানা গেছে।ছাত্রদলের শীর্ষ পদে এবার বেশি আলোচনায় আছে ২০১১-১২ সেশনে ভর্তি হওয়া ছাত্রদল নেতারা। এদের মধ্যে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন শাওন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান রনি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. রাজু আহমেদ, গাজী মো. সাদ্দাম হোসেন, মিনহাজ আহমেদ প্রিন্স, তারেক হাসান মামুন প্রমুখ। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন শাওন আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে গিয়ে একাধিকবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানেও সামনের সারিতে ভূমিকা রাখেন। বিএনপির হাইকমান্ডও তার বিষয়ে অবগত আছেন। এছাড়া নাহিদুজ্জামান শিপন ও মো. রাজু আহমেদ এবং নাকিবুল ইসলাম  চৌধুরীর  নামও বেশ আলোচনায় আছে।এদিকে অপেক্ষাকৃত কম বয়সীদের দিয়ে কমিটি ঘোষণা করার বিষয়টি বিবেচনা রাখায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদে ২০১২-১৩ সেশনে ভর্তি হওয়া ছাত্রদল নেতারাও চলে আসতে পারে। ২০১২-১৩ সেশনের মধ্যে যারা আলোচনায় আছে তারা হচ্ছেন- ছাত্রদল কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম,কেন্দ্রীয় কমিটির যোগাযোগ সম্পাদক আরিফ হাসান, ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুর আলম ভূইয়া ইমন প্রমুখ। কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম ২০১৯ সালে ডাকসু নির্বাচনে সমাজসেবা সম্পাদক হিসেবে ছাত্রদলের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন এবং ছাত্রলীগের হামলার মুখে সাহসী ভূমিকা রেখেছিলেন। আর নুর আলম ভূইয়া ইমন গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।ছাত্রদলের নতুন কমিটি নিয়ে নেতাকর্মীরা জানান, নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী এবং সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের অগ্রাধিকার দেওয়া উচিত। পাশাপাশি ছাত্রসমাজের কাছে গ্রহণযোগ্যতা ও নতুন প্রজন্মের ভাবনা বোঝার সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া উচিত।এদিকে ছাত্রদলের নতুন কমিটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি বিএনপির সিনিয়র নেতারা। তাদের মতে, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই নতুন নেতৃত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

আগস্ট ২৮, ২০২৬

শিক্ষাক্ষেত্রে সরকারের অর্জন ও পরিকল্পনাকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল

শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন অর্জন ও পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম রিয়াদের নেতৃত্বে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা সরকারের শিক্ষা ক্ষেত্রে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও স্বল্প সময়ে অর্জিত সাফল্যের প্রশংসা করে বিভিন্ন স্লোগান দেন।মিছিল শেষে শাহবাগ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম রিয়াদ।সমাবেশে মনজুরুল আলম রিয়াদ বলেন, “শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান ভিত্তি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর খুব অল্প সময়ের মধ্যে শিক্ষা খাতে যে উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেছে, আমরা ছাত্রসমাজের পক্ষ থেকে সেগুলোকে স্বাগত জানাই। আমরা মনে করি, শিক্ষার্থীবান্ধব ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”তিনি বলেন, “শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, কর্মমুখী শিক্ষা এবং উচ্চশিক্ষায় গবেষণার পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকারকে আমরা ইতিবাচক উদ্যোগগুলোর জন্য অভিনন্দন জানাই এবং একই সঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রত্যাশার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানাই।”রিয়াদ আরও বলেন, “আমরা চাই দেশের প্রতিটি শিক্ষার্থী তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার সুযোগ পাক। শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হোক। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের পক্ষে কাজ করবে।”সমাবেশ থেকে সরকারের শিক্ষা ক্ষেত্রে নেওয়া পরিকল্পনা বাস্তবায়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।/টি

আগস্ট ১৯, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ বুধবার (১২ আগস্ট)। ১৯৬৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও ব্যক্তিগত জীবনে অনেকটাই প্রচারবিমুখ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন কোকো।জন্মদিন উপলক্ষে আজ বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া তার স্মরণে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীরা তাকে স্মরণ করবেন।রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় কোকো বিভিন্ন সময়ে আলোচনায় থাকলেও সাধারণ জীবনযাপনেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন। রাজনীতির চেয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার সম্পৃক্ততা ছিল বেশি উল্লেখযোগ্য। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত থেকে দেশের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখেন তিনি।আরাফাত রহমান কোকো ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই। দীর্ঘদিন ধরে অসুস্থতার পর ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।মৃত্যুর পর থেকেই প্রতি বছর জন্মদিনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আরাফাত রহমান কোকোকে স্মরণ করে আসছে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনগুলো। কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এবারও তার ৫৭তম জন্মদিনে এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।/টি

আগস্ট ১২, ২০২৬

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করলো ১১ দলীয় ঐক্য

রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।আজ রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে তার নাম ঘোষণা করা হয়।বৈঠক শেষে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।নাহিদ ইসলাম বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—রাষ্ট্রপতি নির্বাচনে আমরা ১১ দলের পক্ষ থেকে অংশ নেব। আমরা প্রার্থী দেবো। যেহেতু ১১ দল আমরা ঐক্যবদ্ধ আছি পার্লামেন্টে এবং বাইরে গণভোটের জন্য, সেই জায়গায় আমাদের কমন প্রার্থী থাকবে, ঐক্যবদ্ধ প্রার্থী থাকবে। বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন ১১ দলেরই শরিক দল এলডিপির চেয়ারম্যান এবং বাংলাদেশের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, বিভিন্ন সময় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। /টি

আগস্ট ০৯, ২০২৬

ডিপ স্টেট নির্মূল না হলে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়: জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন ডিপ স্টেটকে যতদিন এই বাংলাদেশ থেকে নির্মূল করা যাবে না, ততদিন ইনসাফ কায়েম করা সম্ভব হবে না। শুক্রবার (৩১ জুলাই) রাতে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।জাহিদুল ইসলাম বলেন, শহীদ ওসমান হাদী ডিপ স্টেট এবং একটি রাষ্ট্রের মধ্যে যে অভ্যন্তরীণ, সূক্ষ্ম ও অদৃশ্য শক্তি থাকে, সেই ট্যাবু ভাঙার জন্য আলোচনাগুলো জনপরিসরে নিয়ে এসেছিলেন। ডিপ স্টেট সম্পর্কে যতদিন উপলব্ধি করতে না পারব, ততদিন গণতন্ত্র শুধু মানুষের অধিকারের বয়ানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ইনসাফের হাজারো কথা, হাজারো বক্তব্য আমরা দেব, কিন্তু দিন শেষে ইনসাফ শুধু আমাদের কাছে অধরা স্বপ্ন হিসেবেই থেকে যাবে।তিনি বলেন, জুলাইয়ের চিত্র ছিল সবাই ঐক্যবদ্ধভাবে জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। আমাদের পরিচয় ছিল মাজলুম। দীর্ঘদিন ধরে আমাদের ওপর জুলুম করা হচ্ছিল, আমাদেরকে নিষ্পেষণ করা হচ্ছিল। ন্যূনতম বাকস্বাধীনতার মাধ্যমে আমাদের প্রতিবাদটুকু করতে পারিনি। তিনি বলেন, আজকে জুলাই বলতে আমাদের আবু সাঈদের সেই আইকনিক ছবিটা সামনে আসে। তিনি দুই হাত প্রসারিত করে বলেছিলেন, বুক পেতেছি, গুলি কর। আমরা বুলেটের সামনে দাঁড়াতে জানি। আমরা নিজের জীবনকে উৎসর্গ করতে জানি। কিন্তু এরপরেও বাতিলের কাছে মাথা নত করতে জানি না।শহীদ পরিবারের কথা উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, আমরা আজকে আলোচনা সভা করছি, বড় সমাবেশ করছি, মিছিল করছি। কিন্তু জুলাই পরিবারের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করি, আপনাদের কি কোনো চাওয়া-পাওয়ার হিসাব আছে? তারা স্পষ্ট ভাষায় বলে, আমরা আমাদের সন্তানকে হারিয়েছি, আমাদের কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। বরং এটা আমাদের গর্বের বিষয়। কিন্তু তাদের কষ্ট একটাই- খুনিরা তাদের সন্তানকে হত্যা করেছে, এখন পর্যন্ত একজনেরও শাস্তি কার্যকর হতে দেখিনি।এতে আরও বক্তব্য দেন-জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত নেতা মেজবাহ সাঈদ প্রমুখ। এ সময় ফেনীতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাইযোদ্ধা ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আগস্ট ০১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির বৈঠক আজ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক নানা বিষয় নিয়ে আজ শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। দলটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনই আলোচনার প্রধান বিষয় হতে পারে। এ জন্য জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এর আগে গত ২৬ জুলাই বগুড়ায় এক কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি নির্দলীয় কাউকে প্রার্থী করা হবে, সে সিদ্ধান্ত সংবিধান ও আইন অনুযায়ী দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই নেওয়া হবে।/টি

আগস্ট ০১, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগ: প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের মাধ্যমে দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে রাষ্ট্রপতির পদত্যাগ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই। কারণ তাদের বিবেচনায় তিনি আগেই রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা হারিয়েছিলেন।ডা. শফিকুর রহমান বলেন, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এ জন্য তাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনকালে তিনি ন্যায়নিষ্ঠ, নির্মোহ ও নিরপেক্ষ থাকবেন এবং রাষ্ট্রপতির মর্যাদা রক্ষা করবেন—এমনটাই প্রত্যাশা। তিনি বলেন, অস্থায়ী রাষ্ট্রপতি যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, তাহলে জামায়াতে ইসলামী তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। একই সঙ্গে তার সুস্বাস্থ্যও কামনা করেন তিনি।তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এর মধ্যেই সংসদের অধিবেশন হওয়ার কথা থাকায় স্বাভাবিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সময় এলে তাদের ভূমিকা কী হবে, তা দেখা যাবে বলেও উল্লেখ করেন। তিনি বলেন, সংবিধান অনুযায়ী স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করবেন। এতে কোনো সাংবিধানিক সংকট তৈরি হওয়ার কথা নয়। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তিত বাংলাদেশ গড়তে নবগঠিত সংসদ এখনো এগোয়নি বলেও মন্তব্য করেন তিনি।এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো বিশ্বাসযোগ্য আলামত পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কারণ কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটি স্বাভাবিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। প্রস্তাবক, সমর্থক ও সম্মতির ভিত্তিতে প্রার্থী মনোনয়ন হবে এবং একাধিক প্রার্থী হলে সংসদে ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তিনি বলেন, তারা এমন একজন রাষ্ট্রপতি চান, যিনি রাষ্ট্রপতির মর্যাদা রক্ষা করবেন, তোষামোদকারী হবেন না এবং রাষ্ট্রের নীতি অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন।রাষ্ট্রপতির চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, সংবাদ সম্মেলনে জানতে পেরেছেন মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থ এবং বিদেশে চিকিৎসা নিতে চান। বিষয়টি সরকার দেখবে, তারাও খেয়াল রাখবেন। তবে তিনি মনে করেন, সব ধরনের চিকিৎসাই দেশে সম্ভব এবং নির্বাচিত ব্যক্তিদের দেশের চিকিৎসাব্যবস্থার ওপর আস্থা রাখা উচিত। একই সঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। অভিভাবক হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন এবং গণহত্যার বিরুদ্ধে কোনো বক্তব্য দেননি। বরং নীরব থেকে তিনি সমর্থন দিয়েছেন বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।/টি

জুলাই ২৫, ২০২৬

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বলল নির্বাচন কমিশন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ থাকবে কি না—এমন প্রশ্নে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, শুধুমাত্র দলীয় বহিষ্কারের ভিত্তিতে কোনো এমপির পদ শূন্য হয় না। বৃহস্পতিবার (২৩ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ বিষয়ে সাংবাদিকদের কাছে নির্বাচন কমিশনের অবস্থান তুলে ধরেন।আব্দুর রহমানেল মাছউদ বলেন, কোনো রাজনৈতিক দল তাদের একজন সংসদ সদস্যকে বহিষ্কার করলেই আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে তার সংসদ সদস্য পদ বাতিল হয় না। এ ধরনের বিষয়ে সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হয় এবং নির্বাচন কমিশন এককভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না।তিনি আরও জানান, এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার বা সংসদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত বা মতামত চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন এলে কমিশন উভয় পক্ষের বক্তব্য শুনে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সে ক্ষেত্রে বিদ্যমান আইন ও সংবিধান অনুসারেই বিষয়টি নিষ্পত্তি করা হবে।সম্প্রতি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভ্যন্তরীণ তদন্তে ঘটনাটিকে ‘নৈতিক স্খলন’ হিসেবে উল্লেখ করে ২১ জুলাই জরুরি সভায় গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। ২২ জুলাই দলটির পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।/টি

জুলাই ২৩, ২০২৬

শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম সংগঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার (১৩ জুলাই) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরের সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতি বছর দুই দফায় নেতৃত্ব পুনর্গঠন বা ‘সেটআপ’ করা হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সাংগঠনিক পুনর্গঠনে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে বলে তিনি জানান।এ বিষয়ে সাদিক কায়েম বলেন, “ছাত্রশিবিরের বছরে দুইবার সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে আমার বিদায় হয়েছে।” এর মাধ্যমে তিনি সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি স্পষ্ট করেন।এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছিল। পরে ছাত্রশিবির জানায়, সংগঠনের দায়িত্বে থেকে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সেই সাংগঠনিক নীতির ধারাবাহিকতায় সর্বশেষ পুনর্গঠনে তিনি দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন বলে জানান।/টি

জুলাই ১৩, ২০২৬

জনগণের ভোটে ক্ষমতায় এসেছে বিএনপি সরকার : রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জোর করে নয়, বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় এসেছে।মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এব) আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে এ কর্মসূচির আয়োজন করা হয়।রিজভী বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে বলেই জনগণের কাছে সরকারের জবাবদিহিতা রয়েছে। বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, কেউ অপরাধ করলে পার পাবে না।এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, এবের সভাপতি কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবসহ অন্যান্যরা।/টি

জুলাই ০৮, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট গণমিছিলের ঘোষণা জামায়াতের

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকায় গণমিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।প্রেস ব্রিফিংয়ে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘জুলাই কেবল একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে হুংকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়।’ তিনি আরও বলেন, জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে, যাতে তারা এ ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারে।তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে যে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এসে তার বিপরীত অবস্থান নিয়েছে। সংবিধান সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন না করে সরকার জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি করেছে বলেও দাবি করেন তিনি। এ কারণে কেন্দ্রীয়ভাবে ঘোষিত জুলাইভিত্তিক কর্মসূচিগুলো বাস্তবায়নে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর সক্রিয় ও জোরালো ভূমিকা পালন করবে বলে জানান তিনি।এদিকে, প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ৩৬ দিনব্যাপী কর্মসূচিও ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ১০ জুলাই গ্রাফিতি অঙ্কন, ১১ থেকে ১৬ জুলাই শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা, ১৭ থেকে ৩০ জুলাই শাহাদাতের ঘটনাস্থলভিত্তিক আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী, ২৪ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, ৩১ জুলাই মসজিদে মসজিদে শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল, ১ থেকে ৪ আগস্ট ওলামা, শ্রমিক ও মহিলা সমাবেশ এবং ৫ আগস্ট রাজধানীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল।

জুন ৩০, ২০২৬

জুলাই শহীদদের নামে ৮৫৬টি বৃক্ষ বিতরণ করল ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই অভ্যুত্থানের ৮৫৬ জন শহীদের নামে ৮৫৬টি বৃক্ষ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।রোববার (২৮ জুন) সকাল সাড়ে ১১টায় রাজধানীর দনিয়া কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি বলেন, নিজেদের অস্তিত্ব ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, কার্বন নিঃসরণ কমানো এবং বৃক্ষরোপণের মাধ্যমে অক্সিজেনের উৎপাদন বৃদ্ধি করা এখন সময়ের দাবি। একটি পূর্ণবয়স্ক বৃক্ষ প্রতিদিন প্রায় ২২০ লিটার অক্সিজেন সরবরাহ করে, যা মানুষের জীবন ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের দূষিত দেশগুলোর অন্যতম। বিশেষ করে রাজধানী ঢাকায় বায়ুদূষণের কারণে শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ, ক্যান্সার, চোখ ও মস্তিষ্কের নানা জটিলতা বৃদ্ধি পাচ্ছে। এই সংকট থেকে উত্তরণে প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা কিংবা যেখানেই সুযোগ রয়েছে, সেখানে উপকারী বৃক্ষ রোপণের আহ্বান জানান তিনি।কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতি বছর দেশব্যাপী লক্ষাধিক বৃক্ষের চারা রোপণ ও বিতরণের কর্মসূচি পালন করে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ শাখা জুলাই অভ্যুত্থানের ৮৫৬ জন শহীদের স্মরণে ৮৫৬টি বৃক্ষ বিতরণের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এটি শুধু প্রতীকী কর্মসূচি নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার একটি প্রয়াস।তিনি সরকারের প্রতি পরিবেশ সংরক্ষণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বনায়নের জন্য বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হওয়া উচিত। পরিকল্পিত বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সরকার, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।সভাপতির বক্তব্যে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস। তাদের স্মৃতিকে ধারণ করেই ছাত্রশিবির একটি সবুজ, বাসযোগ্য ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের অন্তত একটি করে বৃক্ষ রোপণ, পরিচর্যা এবং পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসাইন, অর্থ সম্পাদক ওমর ফারুক ফাহিম, অফিস সম্পাদক শফিকুল ইসলাম সাইফুলসহ মহানগর ও দনিয়া কলেজ শাখার নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়। জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ৮৫৬ জন শহীদের নামে ৮৫৬টি বৃক্ষ বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।/টি

জুন ২৮, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo