logo
youtube logotwitter logofacebook logo
/বিনোদন
নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার - image

নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার

13 অক্টোবর 2026, বিকাল 1:17

ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রপ্রবাসী বড় ছেলে শাবাব নাসিম রহমান দেশে ফেরার পর তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। সে পর্যন্ত অভিনেত্রীর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা সনি রহমান।তিনি জানান, নাসিমা খানের বড় ছেলে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে বৃহস্পতিবার জানাজা ও দাফনের আয়োজন করা হবে। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে ইতোমধ্যে দেশে ফেরার উদ্দেশে রওনা হয়েছেন শাবাব।নাসিমা খানের ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশল কয়েক মাস ধরে নিখোঁজ রয়েছেন। ফলে জীবনের শেষ সময়ে দুই ছেলের কারও সঙ্গেই দেখা হয়নি এই অভিনেত্রীর।রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসিমা খান। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর।বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের মধ্যে নাসিমা খান ছিলেন উল্লেখযোগ্য একজন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য ছিলেন। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। পরে ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে পরিচিতি লাভ করেন।দীর্ঘ অভিনয়জীবনে বাংলা ও উর্দু ভাষার বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন নাসিমা খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’, ‘উলঝন’, ‘ম্যায় ভি ইনসান হু’, ‘দুই ভাই’, ‘গৌরী’, ‘আমার বৌ’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’।

অক্টোবর ১৩, ২০২৬

নীলের আবেশে জয়া আহসান, বয়স যেন শুধুই সংখ্যা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বয়স যেন থমকে আছে! ৪৩ পেরিয়েও তার চেহারায় বয়সের ছাপ নেই বললেই চলে। বরং সময়ের সঙ্গে যেন আরও আকর্ষণীয় হয়ে উঠছেন এই অভিনেত্রী। এবার রুপালি পর্দার বাইরে নীলের আবেশে ধরা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছেন তিনি।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন জয়া আহসান। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসছেন তিনি। নীল রঙের আবহে তোলা ছবিগুলোতে তার চাহনি ও সৌন্দর্য বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। নতুন এই ছবিগুলো ঘিরে আবারও আলোচনায় এসেছে অভিনেত্রীর বয়স ও সৌন্দর্য।ছবিগুলোর ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘নীল রঙ আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’ তার এই কথার সঙ্গে ছবির নীল আবেশ যেন বাড়তি মাত্রা যোগ করেছে। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও নিজের ভালো লাগা ও নানা মুহূর্ত নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।পর্দার আভিজাত্যের বাইরে জয়া আহসানের রয়েছে নিজস্ব এক জগৎ। সেখানে তিনি প্রকৃতিপ্রেমী এবং নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব, রুচি ও স্বতন্ত্র জীবনযাপনের কারণেও বরাবরই আলোচনায় থাকেন তিনি। এবার নীলের আবেশে তোলা ছবিগুলোও তার সেই স্বতন্ত্র সৌন্দর্য ও ব্যক্তিত্বেরই পরিচয় তুলে ধরেছে।জয়ার নতুন ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে তার রূপের প্রশংসা করেছেন অসংখ্য ভক্ত। এক নেটিজেন লিখেছেন, ‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে।’ আরেকজনের মন্তব্য, ‘আমি ছোটবেলায় যেমন দেখেছি, এখনো ঠিক সে রকমই দেখি।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’ সব মিলিয়ে নীলের আবেশে জয়ার নতুন উপস্থিতি আবারও মুগ্ধ করেছে তার অনুরাগীদের।টি/

অক্টোবর ০৯, ২০২৬

বলিউড অভিনেতা নানা পাটেকর আর নেই!

বলিউড অভিনেতা নানা পাটেকর আর নেই!বলিউডের প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকার মারা গেছেন। বৃহস্পতিবার গোয়ায় নিজের বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁকে বাসভবনে অচৈতন্য অবস্থায় পাওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভোর ৫টা ২০ মিনিটে নানা পাটেকারকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। তবে এতে কোনো সাড়া পাওয়া যায়নি।তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নানা পাটেকার হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অভিনয়ের জন্য ব্যাপকভাবে পরিচিত ছিলেন। ‘নাটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘আব তক ছাপ্পান’ ও ‘যশবন্ত’-এর মতো সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। পরে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘আব তক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) ও ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ (২০০৬)-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা পান।এ ছাড়া ‘ওয়েলকাম’ (২০০৭) ও এর সিক্যুয়েল ‘ওয়েলকাম ব্যাক’ (২০১৫)-এ গ্যাংস্টার উদয় শেঠির চরিত্রে অভিনয় করে ভিন্নধর্মী জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 

অক্টোবর ০৮, ২০২৬

নিশো-মেহজাবীনের রসায়ন এবার বড়পর্দায়

ছোটপর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার বড়পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন। ভিকি জাহেদের পরিচালনায় ‘পুলসিরাত’ সিনেমায় দেখা যাবে এই তারকা জুটিকে। এর আগে ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’ ও ‘রেডরাম’-এর মতো দর্শকনন্দিত নাটক ও ওয়েব ফিল্মে তাদের রসায়ন প্রশংসিত হয়েছে। এবার সেই পরিচিত জুটিকেই ভিন্ন আঙ্গিকে বড় পরিসরে দেখার সুযোগ পাবেন দর্শকরা।চলতি বছরের জানুয়ারিতে ‘পুলসিরাত’ সিনেমার নাম নিবন্ধন করা হলেও তখন নিশো ও মেহজাবীনের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত ছিল না। তবে সোমবার (৫ অক্টোবর) রাতে প্রযোজক শাহরিয়ার শাকিল নিশো ও মেহজাবীনের সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। এরপর থেকেই সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তার পোস্টের পরই সিনেমাটিতে এই দুই তারকার জুটি হওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে যায়।প্রযোজনা সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘পুলসিরাত’ সিনেমায় জুটি হিসেবে অভিনয় করছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। বর্তমানে সিনেমাটির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী জানুয়ারির শুরুতেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। টানা শুটিং করে প্রায় এক মাসের মধ্যে সিনেমাটির দৃশ্যধারণ শেষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোজার ঈদকে কেন্দ্র করেই সিনেমাটির কাজের সময়সূচি সাজানো হচ্ছে।পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারিতে শুটিং শেষ করে ফেব্রুয়ারিতে সিনেমাটির পোস্ট-প্রডাকশনের কাজ শেষ করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে রোজার ঈদে ‘পুলসিরাত’ মুক্তি পেতে পারে। এর মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হবে নিশো-মেহজাবীনের। একই সঙ্গে নির্মাতা ভিকি জাহেদেরও চলচ্চিত্র নির্মাতা হিসেবে বড়পর্দায় আত্মপ্রকাশ ঘটবে।‘পুলসিরাত’ প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। গত কয়েক বছরে প্রতিষ্ঠানটির প্রযোজনায় বেশ কয়েকটি আলোচিত ও সফল সিনেমা মুক্তি পেয়েছে। ফলে নিশো-মেহজাবীনের প্রথম সিনেমা এবং ভিকি জাহেদের বড়পর্দায় অভিষেক ঘিরে দর্শকদের আগ্রহও তৈরি হয়েছে। সিনেমাটি নিয়ে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের পরিকল্পনা শেষ পর্যন্ত কতটা প্রত্যাশা পূরণ করে, এখন সেটিই দেখার অপেক্ষা।টি/

অক্টোবর ০৭, ২০২৬

জামদানিতে পূর্ণিমার স্নিগ্ধ সাজ, মুগ্ধ ভক্তরা

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী পূর্ণিমা। অভিনয়গুণ, সৌন্দর্য ও রুচিশীল ফ্যাশন সেন্স—সবকিছু মিলিয়েই দর্শকের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে একসময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘ভালোবাসার লাল গোলাপ’সহ বেশ কিছু সিনেমায় তার অভিনয় এখনো দর্শকের কাছে উপভোগ্য।অভিনয়ের পাশাপাশি পূর্ণিমার সাজ-পোশাকও বরাবরই ভক্তদের নজর কাড়ে। শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া হোক কিংবা আধুনিক সাজ—যেভাবেই পর্দা বা সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হন, তার উপস্থিতিতে থাকে আলাদা নান্দনিকতা। এবারও তার ব্যতিক্রম হয়নি। জামদানি শাড়িতে নিজেকে সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।ছবিতে পূর্ণিমাকে দেখা গেছে একেবারে বাঙালি নারীর চিরচেনা সাজে। পরনে নান্দনিক জামদানি শাড়ি, আর খোঁপায় ফুলের মালা—সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে স্নিগ্ধতা ও আভিজাত্যের মিশেল। ছবিগুলোর সঙ্গে পূর্ণিমা লিখেছেন, ‘জামদানির আবহ আর কখনো পুরোনো না হওয়া সৌন্দর্য...’। ছোট্ট এই বাক্যেই যেন নিজের সাজ ও অনুভূতির কথা তুলে ধরেছেন তিনি। অতিরিক্ত চাকচিক্যের বদলে ঐতিহ্যবাহী জামদানি ও ফুলের মালার সরল সৌন্দর্যকেই প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী।পূর্ণিমার প্রকাশ করা ছবিগুলো ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে। স্বাভাবিক সৌন্দর্যের সঙ্গে বাঙালি ঐতিহ্যের মেলবন্ধনে তার এই সাজ তৈরি করেছে মায়াবী ও নান্দনিক এক আবহ। ভক্তদের অনেকেই অভিনেত্রীর এই লুকে মুগ্ধতা প্রকাশ করছেন। তার এই উপস্থিতি যেন আবারও মনে করিয়ে দিল—ফ্যাশনের ধরন বদলালেও বাঙালির ঐতিহ্যবাহী জামদানির আবেদন কখনো পুরোনো হওয়ার নয়।টি/

অক্টোবর ০৬, ২০২৬

ঈদে আসছে শাকিবের ‘মহব্বত’, নায়িকা কে?

আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঢালিউড কিং শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’। বৃহস্পতিবার (১ অক্টোবর) সিনেমাটির নাম ঘোষণা করেন নির্মাতা হিমেল আশরাফ। শাকিব খান ও প্রযোজক আরশাদ আদনানকে নিয়ে এটি হিমেল আশরাফের তৃতীয় সিনেমা। এর আগে এই জুটি ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমা উপহার দিয়েছে।সিনেমাটির নাম ঘোষণার পাশাপাশি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে ‘মহব্বত’-এর পোস্টার। পোস্টারে কালো পোশাকে এক পুরুষ ও সাদা পোশাকে এক নারীকে দেখা গেছে। পুরুষটির হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র এবং পরনে কালো লম্বা কোট। তবে পোস্টারে নারী চরিত্রে কে থাকছেন, তা জানানো হয়নি।‘মহব্বত’-এর নায়িকা কে হচ্ছেন, সিনেমাটির নাম ঘোষণার পর থেকেই তা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এবার শাকিব খানের বিপরীতে ভারতীয় অভিনেত্রীর পরিবর্তে পাকিস্তানের কোনো জনপ্রিয় নায়িকাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নায়িকা হিসেবে একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে। আলোচনায় থাকা পাকিস্তানি অভিনেত্রীদের মধ্যে রয়েছেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদি ও দুর-ই-ফিশান। পাশাপাশি ভারতের দুই জনপ্রিয় নায়িকার নামও বিবেচনায় রয়েছে। তবে এখনো কারও সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি।এদিকে পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান নায়িকা প্রসঙ্গে এখনই বিস্তারিত জানাতে চাইছেন না। তারা জানিয়েছেন, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করা হবে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে আরও জানা গেছে, ‘মহব্বত’ সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। ফলে শাকিব খানের বিপরীতে শেষ পর্যন্ত কে অভিনয় করছেন, সেটি জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।টি/

অক্টোবর ০৩, ২০২৬

দীর্ঘ বিরতি কাটিয়ে সিনেমায় ফিরলেন বিদ্যা বালান

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ১৭ বছর পর আবারও পরিচালক আর বালকির সঙ্গে কাজ করছেন। নতুন একটি তামিল সিনেমায় একসঙ্গে ফিরছেন তারা। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। তবে এখনো সিনেমাটির নাম, গল্প কিংবা বিদ্যার চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সিনেমার সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন বিদ্যা বালান। ছবিতে হাতে চিত্রনাট্য, চোখে চশমা ও লম্বা বিনুনিতে দেখা গেছে অভিনেত্রীকে। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘নতুন শুরু’। একই পোস্টে নতুন তামিল সিনেমা এবং আর বালকির সঙ্গে কাজ করার কথাও জানিয়েছেন তিনি।নতুন সিনেমাটি নিয়ে নির্মাতা ও অভিনেত্রী দুজনেই বেশ কিছু বিষয় গোপন রেখেছেন। সিনেমাটির গল্প কী, বিদ্যার চরিত্র কেমন কিংবা তার সঙ্গে আর কারা অভিনয় করছেন—এসব বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সেটিও জানানো হয়নি।বিদ্যা বালান ও আর বালকির সর্বশেষ একসঙ্গে কাজ ছিল ২০০৯ সালের সিনেমা ‘পা’-তে। অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন অভিনীত ওই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন বিদ্যা। ‘পা’-এর পর দীর্ঘ ১৭ বছর আর একসঙ্গে কাজ করা হয়নি তাদের। এবার নতুন তামিল সিনেমার মাধ্যমে ফের জুটি বাঁধছেন পরিচালক ও অভিনেত্রী।তবে এটি বিদ্যা বালানের প্রথম তামিল সিনেমা নয়। এর আগে ‘নেরকোন্ডা পারভাই’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে তাকে। রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ সিনেমাতেও অভিনয় করছেন বিদ্যা। নতুন এই সিনেমার মাধ্যমে অবশ্য প্রথমবারের মতো আর বালকির পরিচালনায় তামিল ভাষার পূর্ণাঙ্গ একটি সিনেমায় কাজ করছেন তিনি। দীর্ঘ সময় পর তাদের এই পুনর্মিলন ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। 

অক্টোবর ০১, ২০২৬

শুটিংয়ে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন পরিণীতি

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হওয়ার পর আবারও শুটিংয়ে ফিরেছেন। নতুন করে শুটিং ফ্লোরে কাজের অভিজ্ঞতা এবং মাতৃত্বের সময়ের এক ভীতিকর ও চরম মানসিক যন্ত্রণার গল্প ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী।পরিণীতি জানান, মা হওয়ার নতুন অধ্যায় তার কাজ ও অভিনয়কে দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে। এখন অভিনয় তার কাছে শুধু কোনো চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার বিষয় নয়; বরং বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা ও আবেগের সঙ্গেও তা গভীরভাবে জড়িয়ে গেছে। মাতৃত্বের অভিজ্ঞতা তার আবেগকে আরও তীব্র করে তুলেছে বলেও জানান তিনি।নতুন ওটিটি সিরিজে পরিণীতিকে দেখা যাবে এক অসহায় মায়ের চরিত্রে। গল্পে জন্মের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় তার সদ্যোজাত কন্যাসন্তান। এরপর সন্তানকে ফিরে পেতে বছরের পর বছর এক মায়ের আকুল লড়াই ও মানসিক যন্ত্রণার গল্পই তুলে ধরা হয়েছে সিরিজটিতে।পরিণীতি বলেন, নিজের সন্তানের মুখ দেখার পর এ ধরনের পরিস্থিতির কথা ভাবলেও তার বুক কেঁপে ওঠে। তার মতে, শুটিংয়ের আগে যদি সন্তান জন্ম নিত, তাহলে পর্দায় এমন মর্মান্তিক ও যন্ত্রণাদায়ক চরিত্রে অভিনয় করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠত। চরিত্রটির মানসিক গভীরতা এখন তিনি আরও তীব্রভাবে উপলব্ধি করেন বলেও জানান অভিনেত্রী।অভিনেত্রী জানান, ২০২৫ সালে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার সময়ই সিরিজটির শুটিং জোরকদমে চলছিল। তবে সন্তান জন্মের আগেই পুরো দৃশ্যধারণের কাজ শেষ হয়ে যাওয়াকে এক ধরনের আশীর্বাদ হিসেবে দেখছেন তিনি। কারণ মা হওয়ার অনুভূতি অর্জনের পর এমন সংবেদনশীল দৃশ্যে ক্যামেরার সামনে দাঁড়ানো তার জন্য মানসিকভাবে অত্যন্ত কঠিন হয়ে যেত বলে মনে করেন পরিণীতি।টি/

সেপ্টেম্বর ৩০, ২০২৬

স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসিতে নুসরাত ফারিয়া

দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার তাদের সর্বশেষ ডিজাইনের পণ্য নিয়ে নির্মাণ করেছে একটি নতুন ও আকর্ষণীয় টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি)। আধুনিকতা, ফ্যাশন ও স্বাচ্ছন্দ্যের সমন্বয়ে তৈরি নতুন পণ্যসম্ভারের নান্দনিকতা ও বৈশিষ্ট্য এই টিভিসির মাধ্যমে তুলে ধরা হয়েছে। পাশাপাশি, এর মধ্য দিয়ে গ্রাহকদের পরিবর্তিত রুচি ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্টেপ ফুটওয়্যারের আধুনিক ব্র্যান্ড-ভাবনা ও পণ্য দর্শনকে আরও বিস্তৃত পরিসরে উপস্থাপন করা হয়েছে।গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর দুই দিনব্যাপী জমকালো আয়োজনে স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসিটির চিত্রায়ণ সম্পন্ন হয়।স্টেপ ফুটওয়্যারের নতুন এই প্রচারণামূলক উদ্যোগে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়া। তাঁর সাবলীল অভিনয়, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও ফ্যাশন-সচেতন উপস্থিতি টিভিসিটির মূল ভাবনাকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলেছে। নুসরাত ফারিয়ার সঙ্গে টিভিসিটিতে অংশ নিয়েছেন এ প্রজন্মের আরও কয়েকজন জনপ্রিয় মডেল ও তারকা শিল্পী।টিভিসিতে অংশগ্রহণ করে নুসরাত ফারিয়া বলেন, “স্টেপ ফুটওয়্যারের মতো একটি জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের নতুন টিভিসিতে কাজ করতে পেরে আমি আনন্দিত। স্টেপ সবসময় আধুনিক ডিজাইন, মান ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে নতুন পণ্য নিয়ে আসে। এবারের টিভিসিতেও সেই আধুনিকতা ও নতুনত্ব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। শুটিংয়ের পুরো সময়টি ছিল বেশ আনন্দদায়ক। আশা করছি, টিভিসিটি দর্শকদের ভালো লাগবে এবং স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্যগুলোও সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।”নতুন টিভিসি প্রসঙ্গে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, “স্টেপ ফুটওয়্যার সবসময় গ্রাহকদের রুচি, প্রয়োজন ও সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ডিজাইন ও মানসম্মত পণ্য উপহার দেওয়ার চেষ্টা করে আসছে। নতুন প্রজন্মের ফ্যাশন-সচেতন গ্রাহকদের কথা বিবেচনায় রেখে আমাদের সর্বশেষ পণ্যগুলোতে আধুনিক ডিজাইন, নান্দনিকতা, স্বাচ্ছন্দ্য ও ব্যবহারিকতার সমন্বয় করা হয়েছে। এসব বৈশিষ্ট্য আরও আকর্ষণীয়ভাবে গ্রাহকদের সামনে তুলে ধরতেই নতুন টিভিসিটি নির্মাণ করা হয়েছে।”স্টেপ ফুটওয়্যার সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ডিজাইন, মানসম্মত উপকরণ ও আরামের সমন্বয়ে নতুন পণ্য বাজারে আনার পাশাপাশি সৃজনশীল প্রচারণার মাধ্যমে গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে গুরুত্ব দিয়ে আসছে। নতুন টিভিসিটি সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি নতুন সংযোজন। টিভিসিটি শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হবে।টিভিসিটি পরিচালনা করেছেন উজ্জ্বল রহমান। এর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা অ্যাড সাইন। প্রতিষ্ঠানটি ১৯৮৯ সাল থেকে পেশাদারিত্ব, সৃজনশীলতা ও দক্ষতার সঙ্গে দেশের বিজ্ঞাপন অঙ্গনে কাজ করে আসছে।

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কঠিন সময় পার করছেন তাসনুভা তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা কঠিন সময় পার করছেন। তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মায়ের অসুস্থতার খবর জানিয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছেন এই অভিনেত্রী।তিশার দেওয়া তথ্য অনুযায়ী, চার দিন আগে তার মা হার্ট অ্যাটাক করেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন তিশা।মায়ের একটি ছবি যুক্ত করে ফেসবুক পোস্টে তিশা লেখেন, ‘দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। চার দিন আগে আমার মা হার্ট অ্যাটাক করেছেন এবং তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন ও পর্যবেক্ষণে রয়েছেন।’মায়ের অসুস্থতার কারণে পরিবার কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলেও জানান তিশা। তিনি লেখেন, ‘এটি আমাদের পরিবারের জন্য ভীষণ কঠিন একটি সময়। এই মুহূর্তে আমি আপনাদের সবার আন্তরিক প্রার্থনা ছাড়া আর কিছুই চাইছি না।’সবশেষে দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়ে তিশা বলেন, সবাই যেন প্রার্থনা করেন, আল্লাহ তার মাকে ‘শেফা-ই-কামেলা’ দান করেন, শক্তি দেন এবং হৃদযন্ত্রকে হেফাজত করেন। পাশাপাশি দ্রুত ও সম্পূর্ণ সুস্থ হয়ে তার মা যেন নিরাপদে পরিবারের মাঝে ফিরে আসেন, সেই প্রার্থনাও করেন তিনি।টি/

সেপ্টেম্বর ২৬, ২০২৬

নতুন অধ্যায়ের পথে ‘হঠাৎ বৃষ্টি’র সেই প্রিয়াঙ্কা

‘হঠাৎ বৃষ্টি’ দিয়ে বাংলা সিনেমায় পরিচিতি, এরপর ‘সাথী’ সিনেমায় জিৎ-এর বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা—দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে এমনই নানা বাঁক পেরিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী। বিয়ের পর তিনি পরিচিতি পান প্রিয়াঙ্কা উপেন্দ্র নামে। বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও কন্নড় ভাষার চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। এরই মধ্যে অভিনয় করেছেন ৫০টি সিনেমায়। এখন অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় যুক্ত থাকার পাশাপাশি ভবিষ্যতে পরিচালনায় আসার প্রস্তুতিও নিচ্ছেন এই অভিনেত্রী।১৯৯৮ সালে বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় প্রিয়াঙ্কার। বাংলাদেশের অভিনেতা ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা সিনেমাটি দুই বাংলার দর্শকের কাছে তাকে পরিচিত করে তোলে। এরপর ‘সাথী’ ও ‘সঙ্গী’র মতো সিনেমায় জিৎ-এর বিপরীতে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি। পরবর্তী সময়ে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও নিয়মিত কাজ করেন প্রিয়াঙ্কা। ২০০২ সালে মুক্তি পাওয়া হরণাথ চক্রবর্তী পরিচালিত ‘সাথী’ তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা হয়ে ওঠে।বিয়ের পর অভিনয় থেকে সাময়িক বিরতিকে ক্যারিয়ারের সমাপ্তি হিসেবে দেখেননি প্রিয়াঙ্কা। পরিবার ও সন্তানদের সময় দেওয়ার জন্য সচেতনভাবেই বিরতি নিয়েছিলেন তিনি। পরে আবার কাজের প্রস্তাব পেতে শুরু করলে শুধু সিনেমার সংখ্যা নয়, গল্প ও চরিত্রের মানকে বেশি গুরুত্ব দিতে থাকেন। তার মতে, বিয়ের পর যখন তিনি পর্দায় ফিরেছিলেন, তখন নায়কদের স্ত্রীদের নিয়মিত সিনেমায় অভিনয় করা নিয়ে সামাজিকভাবে নানা ধরনের দৃষ্টিভঙ্গি ছিল। ফলে চরিত্র ও সহশিল্পী নির্বাচনের ক্ষেত্রেও তাকে বাড়তি সচেতন হতে হয়েছিল।প্রিয়াঙ্কার ক্যারিয়ারে ‘রা’ সিনেমাটিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তেলেগু ভাষার এই সিনেমায় উপেন্দ্রর সঙ্গে অভিনয় করতে গিয়ে তাদের পরিচয় হয়। পরবর্তী সময়ে সেই সম্পর্ক বিয়েতে গড়ায়। দীর্ঘ ক্যারিয়ারে ৫০টি সিনেমায় অভিনয়ের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। ২০২২ সালে ‘ডিটেকটিভ তীক্ষ্ণা’কে নিজের ৫০তম সিনেমা হিসেবে উল্লেখ করেন প্রিয়াঙ্কা, যেখানে তাকে একজন নারী গোয়েন্দার চরিত্রে দেখা যায়। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন তিনি। ভবিষ্যতে পরিচালনার দায়িত্বও নিতে চান এই অভিনেত্রী।সম্প্রতি আলোচিত ‘সেপ্টেম্বর ২১’ সিনেমায়ও ভিন্ন ধরনের চরিত্রে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। কারেন ক্ষিতি সুবর্ণ পরিচালিত হিন্দি-কন্নড় ভাষার এই সিনেমায় আলঝেইমারে আক্রান্ত এক ব্যক্তির সেবিকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি ২২ মে ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দীর্ঘ পথচলার পরও নতুন গল্প ও চরিত্রের প্রতি আগ্রহ ধরে রেখেছেন প্রিয়াঙ্কা। তার সাম্প্রতিক কাজের ধরনেও অর্থবহ গল্পের প্রতি ঝোঁক স্পষ্ট। এবার অভিনয় ও প্রযোজনার পাশাপাশি পরিচালনার নতুন অধ্যায়ে পা রাখার অপেক্ষায় এই অভিনেত্রী।/টি

সেপ্টেম্বর ২৩, ২০২৬

‘জেলার ২’ দিয়ে প্রথমবার এক পর্দায় রজনীকান্ত ও বিদ্যা বালান

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ৭৫ বছর বয়সেও বক্স অফিসে সমান দাপট বজায় রেখে চলেছেন। ২০২৩ সালে বহুল আলোচিত সিনেমা ‘জেলার’-এর অভূতপূর্ব সাফল্যের পর এবার আসছে এর সিক্যুয়েল ‘জেলার ২’। নতুন এই কিস্তিতে দর্শকদের জন্য থাকছে বড় চমক—সিনেমাজগতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন রজনীকান্ত ও বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স গত রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যা বালানের লুকের প্রথম ঝলক প্রকাশ করে দর্শকমহলে উন্মাদনা সৃষ্টি করেছে। সিনেমাটিতে তাকে ‘কান্থা’ চরিত্রে দেখতে পাবেন দর্শকরা। সামান্য সময়ের সেই লুক প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় বিদ্যা বালানের নতুন অবতার নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।প্রকাশিত ঝলকে নীল শাড়ি ও কালো ব্লাউজে বিদ্যাকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখা যায়। হাতে জ্বলন্ত সিগারেট ও চোখেমুখে এক ধরনের দৃঢ় অভিব্যক্তি নিয়ে তিনি ক্যামেরার দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়েন। ছোট এই ক্লিপটি বিদ্যা বালানের রহস্যময় ও শক্তিশালী চরিত্রটির উপস্থিতি সম্পর্কে দর্শকদের মনে তীব্র কৌতূহল তৈরি করেছে।তবে ‘কান্থা’ চরিত্রটি গল্পে ঠিক কী ভূমিকা পালন করবে, সে বিষয়ে নির্মাতারা এখনও স্পষ্ট কিছু জানাননি। এর আগে ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে এস জে সুরিয়াকে ‘বোধি কালপাক’ এবং মালয়ালম অভিনেতা সুরাজ ভেঞ্জারামুডুকে ‘দিলীপ’ চরিত্রে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। নেলসন দিলীপকুমার পরিচালিত এই সিনেমাটিতে রজনীকান্ত তাঁর জনপ্রিয় ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান চরিত্রেই প্রত্যাবর্তন করছেন।প্রথম পর্বের রাম্যা কৃষ্ণান ও যোগী বাবুর মতো পরিচিত মুখগুলোর পাশাপাশি একাধিক নতুন তারকার সংযোজনে নতুন রূপ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। সান পিকচার্সের ব্যানারে নির্মিত এই বড় বাজেটের সিনেমার সুর ও সংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর। আগামী ১৫ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’।/টি

সেপ্টেম্বর ২২, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo