logo
youtube logotwitter logofacebook logo
/বিনোদন
দুই বছর পর ফিরছেন জিৎ, দেবকে নিয়ে যা বললেন - image

দুই বছর পর ফিরছেন জিৎ, দেবকে নিয়ে যা বললেন

13 আগস্ট 2026, বিকাল 2:51

দুই বছর পর সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে বর্তমানে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন সিনেমার পাশাপাশি ক্যারিয়ার ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।সাক্ষাৎকারে উঠে আসে অভিনেতা দেবের প্রসঙ্গও। গত কয়েক বছরে দেব একের পর এক সিনেমায় ব্যস্ত থাকলেও জিৎকে তুলনামূলকভাবে কম সিনেমায় দেখা গেছে। এ বিষয়ে জিৎ জানান, হিন্দি সিরিজ ‘খাকি’-তে কাজের কারণে তাকে প্রায় ছয়-সাত মাস অন্য কোনো কাজ থেকে দূরে থাকতে হয়েছে। এরপর পছন্দসই গল্প না পাওয়ায়ও নতুন সিনেমায় কাজ করতে পারেননি তিনি। তার ভাষায়, ভাগ্যিস ‘বিপ্লবী ডাকাত’ তার কাছে এসেছিল।সিনেমার সংখ্যা কম হওয়া কিংবা দেবের সঙ্গে কথিত প্রতিযোগিতা প্রসঙ্গে জিৎ বলেন, বিষয়টি নতুন কিছু নয়। তার মতে, একসময় ইন্ডাস্ট্রিতে ‘প্রসেনজিৎ বনাম জিৎ’ বলা হতো, এখন বলা হয় ‘দেব বনাম জিৎ’। তিনি বলেন, মিডিয়ার প্রয়োজনে কখনো ইস্ট বেঙ্গল-মোহনবাগান, কখনো আর্জেন্টিনা-ব্রাজিল, আবার কখনো সালমান খান-শাহরুখ খানের মতো প্রতিযোগিতার গল্প তৈরি হয়। সিনেমার সংখ্যা কম-বেশি নিয়ে কারও দিকে আঙুল তোলারও প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।নিজের ক্যারিয়ারের শুরুর সময়ের কথা স্মরণ করে জিৎ বলেন, তিনি যখন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন, তখন দেবের অস্তিত্বই ছিল না। সে সময় তাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তুলনা করা হতো। তাই বর্তমানের ‘দেব বনাম জিৎ’ আলোচনা তার কাছে নতুন কিছু নয়। কম সিনেমায় কাজ করার প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমার কপালে হয়তো এমনটাই লেখা ছিল।’ তার বক্তব্যে স্পষ্ট, প্রতিযোগিতার চেয়ে নিজের পছন্দের গল্প ও কাজকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি।এদিকে ভারতের কালজয়ী বিপ্লবী অনন্ত সিংয়ের জীবনের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। পথিকৃৎ বসু পরিচালিত সিনেমাটিতে অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন জিৎ। গল্পের প্রয়োজনে তাকে একাধিক রূপে দেখা যাবে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত, চন্দন সেন ও প্রিয়াঙ্কা সরকারসহ অনেকে। উল্লেখ্য, জিৎ ও দেবকে একসঙ্গে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১০ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘দুই পৃথিবী’ সিনেমায়।/টিএ

আগস্ট ১৩, ২০২৬

বিচ্ছেদের পর আত্মহত্যার চিন্তা এসেছিল, জানালেন ব্র্যাড পিট

অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর জীবনের অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন হলিউড তারকা ব্র্যাড পিট। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৬২ বছর বয়সী এই অভিনেতা জানিয়েছেন, সেই সময়ে তিনি প্রচণ্ড মানসিক কষ্টে ভুগছিলেন এবং তার মনে আত্মহত্যার চিন্তাও এসেছিল। আমেরিকান সাময়িকী এসকোয়ারকে দেওয়া সাক্ষাৎকারে জীবনের ওই সময়ের অভিজ্ঞতা অকপটে তুলে ধরেন তিনি।ব্র্যাড পিট বলেন, জীবনের একটি নির্দিষ্ট সময় ছাড়া তিনি কখনো এতটা মানসিকভাবে ভেঙে পড়েননি। ওই সময়টিতে তার মনে হয়েছিল, আর এগিয়ে যাওয়ার কোনো পথ নেই। তিনি বলেন, ‘আমি একটি ছোট সময় ছাড়া কখনো আত্মহত্যাপ্রবণ ছিলাম না। কিন্তু ওই নির্দিষ্ট সময়টিতে আমার মনে হয়েছিল, আমি আর পারছি না—সামনে এগোনোর কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না।’নিজের মানসিক অবস্থার তীব্রতা বোঝাতে পিট জানান, নিজের ক্ষতি করার কোনো উদ্দেশ্য তার ছিল না। তবে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় থাকা একজন মানুষ কেন মৃত্যুকে মুক্তির পথ হিসেবে দেখতে পারেন, তা তিনি তখন উপলব্ধি করতে পেরেছিলেন। তার ভাষায়, সেই সময়ের কষ্ট এতটাই দমবন্ধ করা ছিল যে তার মনে মৃত্যুকে যন্ত্রণা থেকে মুক্তির একটি উপায় বলে মনে হয়েছিল।পিট জানান, এসব চিন্তার পেছনে ছিল মূলত মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, নিজের জীবন শেষ করার ইচ্ছা নয়। শেষ পর্যন্ত তার বেঁচে থাকার প্রবল আত্মরক্ষামূলক অনুভূতিই জয়ী হয়। সাক্ষাৎকারে ওই কঠিন সময়ের সঙ্গে সন্তানদের কোনো বিষয় জড়িত ছিল কি না জানতে চাইলে পিট সংক্ষেপে বলেন, ‘পারিবারিক বিষয়।’ এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি তিনি।‘মি. অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির পরিচয় হয়। পরে তারা বিয়ে করেন এবং তাদের ছয় সন্তান রয়েছে। ২০১৬ সালে জোলি বিবাহবিচ্ছেদের আবেদন করার পর তাদের সম্পর্কের অবসান ঘটে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১৯ সালে তারা আইনগতভাবে একক মর্যাদা পান এবং ২০২৪ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়।/টি 

আগস্ট ১১, ২০২৬

তিন সপ্তাহেই ১০০ কোটির ক্লাবে নোলানের ‘দ্য ওডিসি’

মাত্র তিন সপ্তাহেই বক্স অফিসে বাজিমাত করেছে হলিউডের খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া সিনেমাটি এরই মধ্যে বিশ্বব্যাপী ১০০ কোটি ডলারের বেশি আয় করেছে।সিনেমাটির আয়ের বড় অংশ এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। উত্তর আমেরিকার বক্স অফিসে ‘দ্য ওডিসি’ আয় করেছে ৪২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫৭ কোটি ৮৮ লাখ ডলারে।দুই বাজার মিলিয়ে সিনেমাটির বৈশ্বিক আয় ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। মাত্র তিন সপ্তাহের মধ্যে এই মাইলফলক স্পর্শ করায় সিনেমাটি চলতি সময়ের অন্যতম বড় বক্স অফিস সাফল্য হিসেবে জায়গা করে নিয়েছে।এর আগে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ও বক্স অফিসে ১০০ কোটি ডলারের বেশি আয় করেছিল। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট’ এবং ২০১২ সালের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’—দুটিই বিশ্বজুড়ে ব্যাপক সাফল্য পেয়েছিল।‘ওপেনহাইমার’ সিনেমার জন্য অস্কার জিতে নেওয়া নোলানের জন্য ‘দ্য ওডিসি’র এই সাফল্য আরও বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর প্রায় ১৪ বছর পর বক্স অফিসে এত বড় সাফল্যের দেখা পেলেন এই নির্মাতা। সিনেমাটির আয় সামনে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।/টি

আগস্ট ১০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন আটক

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। দীর্ঘদিন পরে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেছেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে সালমান শাহর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে বরাবরই দাবি করে এসেছে জনপ্রিয় এ চিত্রনায়কের পরিবার। মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। যদিও পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে।সালমান শাহ মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। বিস্তারিত আসছে...

আগস্ট ০৯, ২০২৬

‘টক্সিক’ ট্রেলারে যশের ঝড়

‘কেজিএফ’ সিনেমার পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন কন্নড় সুপারস্টার যশ। এ বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। ট্রেলারে যশের নতুন রূপ ও দুর্দান্ত অ্যাকশনের ঝলক দেখে সিনেমাটি নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে।বেঙ্গালুরুতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’-এর ট্রেলার। প্রায় ৪ মিনিট ৩৮ সেকেন্ডের এই ট্রেলার সাধারণ ট্রেলারের তুলনায় বেশ দীর্ঘ হলেও সিনেমার মূল গল্পের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। নির্মাতারা রহস্য ধরে রেখেই দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছেন।ট্রেলারজুড়ে দেখা গেছে চোখ ধাঁধানো দৃশ্যায়ন, ভয়াবহ অ্যাকশন এবং যশের দাপুটে উপস্থিতি। সিনেমায় যশকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। দুই চরিত্রের মধ্যকার সংঘাত ও লড়াইয়ের আভাস পাওয়া গেছে ট্রেলারে, যা দর্শকদের মধ্যে তৈরি করেছে বাড়তি কৌতূহল।‘টক্সিক’-এ অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার মতো জনপ্রিয় অভিনেত্রীরা। ট্রেলারে তাদেরও ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে। যশের বিধ্বংসী অভিনয়ের ঝলক দেখে অনেকেই ধারণা করছেন, গল্প ও নির্মাণ শক্তিশালী হলে সিনেমাটি বক্স অফিসে বড় সাফল্য পেতে পারে।প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যেই ইউটিউবে ‘টক্সিক’-এর ট্রেলারের ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ। সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হলেও হিন্দিসহ অন্যান্য ভাষায় মুক্তি দেওয়া হবে। কয়েক দফা মুক্তির তারিখ পরিবর্তনের পর অবশেষে আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে যশ অভিনীত এই বহুল প্রতীক্ষিত সিনেমা।/টি

আগস্ট ০৯, ২০২৬

আবারও ‘দেবদাস’ হতে চান শাকিব খান

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন ঢালিউড তারকা শাকিব খান। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত চাষী নজরুল ইসলাম পরিচালিত এ সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কেড়েছিল। তবে সেই কাজ নিয়ে এখনো এক ধরনের অপূর্ণতার কথা জানালেন এই অভিনেতা।সম্প্রতি চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে সাংবাদিক আবদুর রহমানের মুখোমুখি হয়ে নিজের এই অনুভূতির কথা প্রকাশ করেন শাকিব খান। তিনি জানান, সুযোগ পেলে আবারও ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করতে চান। তার মতে, এমন একটি চরিত্র যেকোনো অভিনেতার জন্যই বিশেষ অর্জন।সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘দেবদাস’-এর মতো একটি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। তবে তখনকার ব্যস্ততার কারণে চরিত্রটিকে যতটা সময় দিয়ে প্রস্তুতি নেওয়া দরকার ছিল, তা সম্ভব হয়নি। বর্তমানে যেভাবে তিনি সময় নিয়ে কাজ করেন, সেই সুযোগ পেলে কাজটি আরও ভালো হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।বাংলা ও হিন্দি চলচ্চিত্রে ‘দেবদাস’ চরিত্রে বুলবুল আহমেদ ও শাহরুখ খানের অভিনয়ের সঙ্গে নিজের কাজের তুলনা টানতে গিয়ে শাকিব খান বেশ খোলামেলা ছিলেন। তিনি স্বীকার করেন, নিজের অভিনীত ‘দেবদাস’-কেই তিনি অন্যদের তুলনায় পিছিয়ে রাখবেন। তবে চরিত্রটির প্রতি তার ভালোবাসা এখনো অটুট রয়েছে।চাষী নজরুল ইসলামের নির্মিত ওই সিনেমায় শাকিব খানের বিপরীতে ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করেন অপু বিশ্বাস এবং ‘চন্দ্রমুখী’ চরিত্রে দেখা যায় মৌসুমীকে। নতুন করে ‘দেবদাস’ নির্মিত হলে কেন্দ্রীয় নারী চরিত্রে কাকে দেখতে চান—এ প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, সময়ই এর উত্তর দেবে। তবে বাস্তব জীবনে তিনি দেবদাসের মতো বিরহী নন, বরং হাসি-আনন্দেই জীবন কাটাতে চান বলেও জানান এই তারকা।/টি

আগস্ট ০৮, ২০২৬

সেন্সর ছাড়পত্র পেল ‘আওয়ারাপান ২’

ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘আওয়ারাপান ২’ প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র পেয়েছে। তবে মুক্তির আগে ছবিটির ৯টি দৃশ্য ও সংলাপে পরিবর্তনের নির্দেশ দেয় সেন্সর বোর্ড। এসব সংশোধনের পর ছবিটিকে ‘ইউ/এ ১৬+’ সার্টিফিকেট দেওয়া হয়েছে।৫ আগস্ট ২০২৬ জারি করা সেন্সর সনদ অনুযায়ী, ছবিটির চূড়ান্ত দৈর্ঘ্য ২ ঘণ্টা ২০ মিনিট ২০ সেকেন্ড। পুরো সিনেমাটি হিন্দি ভাষায় নির্মিত হলেও আন্তর্জাতিক দর্শকদের কথা বিবেচনায় এতে ইংরেজি সাবটাইটেল রাখা হয়েছে। নতুন সার্টিফিকেট অনুযায়ী, ১৬ বছর বা তার বেশি বয়সী দর্শকরা অভিভাবকের পরামর্শ বা তত্ত্বাবধানে ছবিটি দেখতে পারবেন।সেন্সর বোর্ডের নির্দেশনায় অতিরিক্ত সহিংসতা ও মাদক-সংক্রান্ত কয়েকটি দৃশ্যে পরিবর্তন আনা হয়েছে। আপত্তিকর শব্দ বাদ দিয়ে তুলনামূলক শালীন শব্দ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি রক্তক্ষয়ী দৃশ্যগুলোর তীব্রতা প্রায় ৫০ শতাংশ কমানো হয়েছে এবং মাদক সেবনের কিছু দৃশ্য সংক্ষিপ্ত করা হয়েছে।এ ছাড়া ছবিতে মাদক ও শিশু পাচারবিরোধী সচেতনতামূলক বার্তা যুক্ত করা হয়েছে। বিভিন্ন স্থানে ধূমপান ও মাদকবিরোধী সতর্কবার্তাও সংযোজনের নির্দেশ দিয়েছে সিবিএফসি। সব মিলিয়ে সেন্সর বোর্ডের নির্দেশে প্রায় ৪ মিনিটের ফুটেজ বাদ দেওয়া হয়েছে এবং আরও ২০ সেকেন্ডের একটি দৃশ্যে পরিবর্তন আনা হয়েছে।উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় চলচ্চিত্র ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হিসেবে প্রায় ১৯ বছর পর নির্মিত হয়েছে ‘আওয়ারাপান ২’। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ছবিটি আগামী ১৪ আগস্ট ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।/টি

আগস্ট ০৬, ২০২৬

যে কারণে বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

২০১২ সালে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ইয়ামি। সিনেমাটি ব্যবসাসফল হলেও ‘প্রথাগত নায়িকা’ হিসেবে স্থান না পাওয়ায় তার কাছে সীমিত ধরনের চরিত্রের প্রস্তাবই আসতে থাকে। ভালো কাজের সুযোগ না পেয়ে ২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ মুক্তির ঠিক আগে বলিউড ছাড়ার কথা ভেবেছিলেন তিনি। তবে ‘উরি’ এবং এর পরপরই ‘বালা’ সিনেমার সাফল্য তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।সেই সময়ের অনুভূতি প্রকাশ করে ইয়ামি জানান, হিমাচল প্রদেশে তাদের নিজস্ব কৃষিজমি থাকায় সেখানে গিয়ে নতুনভাবে জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। বাবা-মাও তার সেই সিদ্ধান্তকে সমর্থন জানান। তবে মানসিকভাবে অভিনয় ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়ার পরপরই পর পর দুটি ব্যবসাসফল প্রজেক্টে কাজের সুযোগ পান তিনি, যা তার জীবনের গতিপথ বদলে দেয়।ইয়ামি বলেন, ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম বাড়ি ফিরে যাব। আমাদের সেখানে চাষের জমি রয়েছে। সম্পূর্ণ অন্য রকম একটা জীবন শুরু করার কথা ভাবছিলাম। আমার বাবা-মা ভীষণ সমর্থন করেছিলেন। ওরা শুধু বলেছিলেন, ‘বাড়ি ফিরে এসো। বলিউডে কোনো পারিবারিক পরিচিতি ছাড়া ‘বহিরাগত’ হিসেবে কাজের চ্যালেঞ্জ প্রসঙ্গে ইয়ামি বলেন, তারকাসন্তানেরা একাধিকবার ব্যর্থ হলেও নতুন সুযোগ পান, কিন্তু বাইরের কারও জন্য একটি ভালো সুযোগ তৈরি করাও কঠিন।তিনি বলেন, কঠিন বিষয়টা শুধু ‘বহিরাগত’ হওয়া নয়। প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হতো। হয়তো মনে হচ্ছে, আমি কোনো নির্দিষ্ট সুযোগের জন্য প্রস্তুত। অথচ সেই সুযোগ বার বার এমন কাউকে দেওয়া হচ্ছে যে, আগে থেকেই এই বাস্তুতন্ত্রের (ইন্ডাস্ট্রি) অংশ। তখন মনে হত, আমাকেও যদি এত সুযোগ দেওয়া হত, আমিও কি আরও ভালো অভিনেত্রী হয়ে উঠতে পারতাম না? এতে হতাশা বাড়তো।তবে বর্তমানে ইন্ডাস্ট্রিতে পরিবর্তন এসেছে বলেও মনে করেন ইয়ামি। তার কথায়, এখন আপনি কোথা থেকে এসেছেন, তা দেখেন না দর্শক। তাঁরা দেখেন, আপনি ভাল অভিনেতা কি না, আপনার ছবি দেখার মতো কি না, এবং আপনার কাজের ওপর তারা ভরসা করতে পারেন কি না। এই পরিবর্তন আগামী প্রজন্মের জন্য আমাকে আশাবাদী করে। 

আগস্ট ০৩, ২০২৬

‘টক্সিক’ নিয়ে সমালোচনার জবাব দিলেন কিয়ারা

দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডভানি। তবে সিনেমাটির কিছু ঘনিষ্ঠ ও সাহসী দৃশ্যে অভিনয়ের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তিনি।সমালোচনার মূল কারণ হিসেবে একাংশের নেটিজেন দাবি করছেন, মা হওয়ার পর এ ধরনের চরিত্রে অভিনয় করা কিয়ারার জন্য উপযুক্ত হয়নি। তবে এসব মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।কিয়ারা জানিয়েছেন, একজন শিল্পী হিসেবে নিজেকে নতুনভাবে উপস্থাপন এবং ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ গ্রহণ করতেই তিনি ‘টক্সিক’-এ যুক্ত হয়েছেন। তার মতে, ক্যারিয়ারের একটি পর্যায়ে এসে এমন জটিল ও ব্যতিক্রমী চরিত্রে কাজ করার আত্মবিশ্বাস তৈরি হয়েছে।সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়ে কিয়ারা বলেন, “গল্পটা প্রথম যখন শুনি, তখনই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার চরিত্রটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে আমি সবসময় এমন চরিত্রই খুঁজি। মনে হয়েছিল, ক্যারিয়ারের এমন এক জায়গায় পৌঁছেছি, যেখানে কঠিন একটি চরিত্র করার আত্মবিশ্বাস এসেছে।”যদিও সিনেমায় কিয়ারার চরিত্র সম্পর্কে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি। তবে যশের বিপরীতে ‘নাদিয়া’ চরিত্রে তার উপস্থিতি ইতোমধ্যেই দর্শক ও অনুরাগীদের নজর কেড়েছে।নারী চরিত্রের প্রচলিত উপস্থাপন নিয়ে নিজের অবস্থান জানিয়ে কিয়ারা বলেন, তিনি কখনোই চান না নারীদের একটি নির্দিষ্ট ধরনের চরিত্রের মধ্যে সীমাবদ্ধ রাখা হোক। তার ভাষ্য, “আমি চাই না, নারীদের এক ধরনের চরিত্রে আটকে রাখা হোক। আমরা তার চেয়ে অনেকটা এগিয়ে। তাহলে পর্দার চরিত্রও কেন তেমন হবে না?”কিয়ারা মনে করেন, সিনেমায় নারী চরিত্রগুলো আরও শক্তিশালী, স্বাধীন ও স্বতন্ত্রভাবে উপস্থাপন করা প্রয়োজন। ‘টক্সিক’-এর চরিত্রটিও তেমন একটি নির্মাণ বলে তিনি উল্লেখ করেন।প্রসঙ্গত, ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও গীতু মোহনদাস। সিনেমাটি পরিচালনা করছেন গীতু মোহনদাস। প্রযোজনা সূত্রে জানা গেছে, ছবিটি ইংরেজি ও কন্নড় ভাষায় একসঙ্গে নির্মাণ করা হয়েছে। পরে এটি হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালমসহ একাধিক ভাষায় মুক্তি দেওয়া হবে।/টি

আগস্ট ০১, ২০২৬

‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর

বলিউডের বহুল আলোচিত ‘ধুম ফোর’ সিনেমায় রণবীর কাপুরের অভিনয় নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছিল। তবে অবশেষে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, বর্তমানে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির কোনো প্রকল্পের সঙ্গে তিনি যুক্ত নন এবং এ নিয়ে ছড়ানো খবরগুলো কেবল গুঞ্জন।সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান দিয়েগো কমিক-কনের এক অনুষ্ঠানে অংশ নেন রণবীর কাপুর। সেখানে নিজের আসন্ন সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন ‘রামায়ণ’ সিনেমার পরিচালক নিতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মালহোত্রা।আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর জানান, আপাতত তার পুরো মনোযোগ ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার দিকে। তিনি স্পষ্ট করে বলেন, ‘ধুম ফোর’-এ অভিনয়ের খবরটি ভিত্তিহীন এবং এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে কাজ করার কোনো পরিকল্পনা তার নেই।অন্যদিকে, রণবীর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমার ব্যাপক সাফল্যের পর এর সিক্যুয়েল ‘অ্যানিমেল পার্ক’ নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকলেও কমিক-কনের অনুষ্ঠানে এ সিনেমা সম্পর্কে নতুন কোনো তথ্য দেননি তিনি। ফলে সিনেমাটির অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছে।এদিকে রণবীর তার নতুন প্রকল্পের আপডেটও জানিয়েছেন। তিনি বলেন, ভিকি কৌশল ও আলিয়া ভাটের সঙ্গে অভিনীত বহুল প্রতীক্ষিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ আগামী বছরের ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়া নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ চলতি বছরের নভেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে।/টি

জুলাই ২৯, ২০২৬

প্রেম ও আকুলতার গল্পে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘পাতার বাঁশরি’

ভালোবাসা, অপেক্ষা আর বিরহের অনুভূতি নিয়ে নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। চতুর্থ মৌসুমের তৃতীয় গানটির নাম ‘পাতার বাঁশরি’।গানটির কথা ও সুর করেছেন ইশান। সংগীত পরিচালনা করেছেন আদিত রহমান। গানটি গেয়েছেন ইশান ও সুনিধি নায়েক। গানটিতে ভালোবাসার টান, অপেক্ষা আর মনের না–বলা কথাগুলো উঠে এসেছে।শুধু গান নয়, এর মিউজিক ভিডিও-ও দর্শকের নজর কেড়েছে। ভিডিওটির শুটিং হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁও-এ। গানের গল্পের সঙ্গে মিল রেখে বেছে নেওয়া হয়েছে লোকেশনটি। পুরোনো দিনের স্থাপনা আর প্রাকৃতিক পরিবেশ ভিডিওটিতে আলাদা সৌন্দর্য যোগ করেছে। প্রিয় মানুষকে কাছে পাওয়ার ইচ্ছা আর দূরে থাকার কষ্ট-দুই অনুভূতিই গানটিতে ধরা পড়েছে। গানটির কথা, সুর আর দুই শিল্পীর কণ্ঠে ভালোবাসা ও বিরহের অনুভূতি ফুটে উঠেছে। ‘পাতার বাঁশরি’ গানটি পাওয়া যাবে কোক স্টুডিও বাংলা’র সব ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অফিসিয়াল চ্যানেলে।/টি

জুলাই ২৮, ২০২৬

চারবারের বিচ্ছেদ নিয়ে খোলামেলা জেনিফার লোপেজ

বিশ্বখ্যাত হলিউড গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ চারবার বিয়ে এবং চারবার বিচ্ছেদের অভিজ্ঞতা থেকে সম্পর্ক, আত্মসম্মান ও জীবনের নতুন শুরু নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন। তিনি বলেন, সম্পর্ক ভেঙে গেলেও জীবন থেমে থাকে না; বরং সেই অভিজ্ঞতা মানুষকে আরও শক্ত, আত্মবিশ্বাসী ও পরিণত করে তোলে।সম্প্রতি এক টকশোতে জেনিফার লোপেজ বলেন, একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো নিজের সঙ্গে। তার মতে, কোনো সম্পর্কই আত্মসম্মান, মানসিক শান্তি কিংবা আত্মবিশ্বাসের চেয়ে বেশি মূল্যবান হতে পারে না।তিনি বলেন, কোনো সম্পর্ক যদি উভয় পক্ষের জন্যই ইতিবাচক না হয়, তাহলে তা শেষ করার সিদ্ধান্তকে ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয়। অনেক ক্ষেত্রে এটি সাহসী ও প্রয়োজনীয় একটি সিদ্ধান্ত, যা নতুন জীবনের সূচনা করতে পারে।জেনিফার জানান, একসময় তিনি বিশ্বাস করতেন একজন জীবনসঙ্গীই জীবনের পূর্ণতা এনে দেন। তবে সময়ের সঙ্গে সেই ধারণা বদলে গেছে। এখন তার বিশ্বাস, অন্যের সঙ্গে সুস্থ সম্পর্ক গড়ে তোলার আগে নিজের সঙ্গে বন্ধুত্ব করা জরুরি। কারণ নিজের ভেতরে শান্তি না থাকলে দীর্ঘস্থায়ী ও স্বাস্থ্যকর সম্পর্কও গড়ে ওঠে না।তার ভাষায়, “সম্পর্কে কে কাকে ছেড়ে গেল, সেটি বড় বিষয় নয়। বিচ্ছেদের পর কে নিজেকে আরও শক্ত, পরিণত ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে পারল, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”সম্পর্ক ভাঙার পর একাকিত্বকে ভয় না পেয়ে নিজেকে সময় দেওয়ার পরামর্শও দেন এই তারকা। তিনি জানান, জীবনের কঠিন সময়গুলোতে ধ্যান, শরীরচর্চা, কাজ এবং সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন।জেনিফার লোপেজ আরও বলেন, শুধু ভালোবাসা বা রোমান্টিক অনুভূতি কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে যথেষ্ট নয়। একটি সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে পারস্পরিক সম্মান, বিশ্বাস, ধৈর্য এবং খোলামেলা যোগাযোগ অপরিহার্য। শুধু একা থাকার ভয় থেকে সম্পর্কে থাকা উচিত নয়; বরং এমন সম্পর্কেই থাকা উচিত, যেখানে দুজন মানুষ একে অপরের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।/টি

জুলাই ২৮, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo