
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলা নাট্যাঙ্গনের কিংবদন্তি পুরুষ, স্বাধীনতা পদকপ্রাপ্ত অভিনেতা ও নির্দেশক আতাউর রহমান আর নেই। সোমবার (১১ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার প্রয়াণের খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বরেণ্য এই নাট্যব্যক্তিত্বের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান এবং অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। গভীর শোক প্রকাশ করে রওনক হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মঞ্চের প্রেরণাদায়ী সারথি আতাউর রহমানের চিরবিদায়ে জাতি এক অপূরণীয় সম্পদ হারালো। সংস্কৃতি অঙ্গনের সহকর্মীরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
আতাউর
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করা আতাউর রহমান ছিলেন বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ। স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশের মঞ্চনাটককে আধুনিক ও গতিশীল করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। একাধারে নাট্যনির্দেশক, অভিনেতা ও লেখক হিসেবে তিনি কয়েক দশক ধরে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন। তার মেধা ও কর্মতৎপরতা বাংলাদেশের নাট্যচর্চাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সহায়তা করেছে।
শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আতাউর রহমান একুশে পদক এবং দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত হয়েছিলেন। তার মৃত্যুতে একটি যুগের অবসান ঘটল। দেশের নাট্যবোদ্ধা ও সংস্কৃতিকর্মীরা মনে করেন, আতাউর রহমান তার কালজয়ী কাজ এবং নির্দেশনার মাধ্যমে এ দেশের মঞ্চনাটকের ইতিহাসে অমর হয়ে থাকবেন।
/টিএ