logo
youtube logotwitter logofacebook logo

ভূপাতিত

তুরস্কের সঙ্গে সম্পর্ক পুণস্থাপনে আগ্রহী রাশিয়া - image

তুরস্কের সঙ্গে সম্পর্ক পুণস্থাপনে আগ্রহী রাশিয়া

09 আগস্ট 2016, বিকাল 6:00

বিশ্বসংবাদ ডেস্ক: তুরস্কের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতাসহ কূটনৈতিক বন্ধন পুনঃপ্রতিষ্ঠায় রাশিয়া প্রস্তুত আছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর এ আশ্বাস দেন তিনি। মস্কোতে সংবাদ সম্মেলনে পুতিন বলেন, তুরস্ক ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরুর পরিবেশ তৈরি হয়েছে। আঙ্কারার ওপর থেকে অর্থনৈতিক অবরোধ ধীরে ধীরে তুলে নেয়া হবে। অন্যদিকে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারে আশাবাদী এরদোয়ানও। দু’নেতার বৈঠকে ১৫ জুলাই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর ফোন করায় পুতিনকে ধন্যবাদ জানান তুর্কি প্রেসিডেন্ট। গত মাসে তুরস্কে অভুত্থান চেষ্টার পর এটিই এরদোয়ানের প্রথম বিদেশ সফর। গত নভেম্বরে সিরিয়া সীমান্তে একটি রুশ বিমান ভূপাতিত করার ঘটনা নিয়ে মস্কো-আঙ্কারার মধ্যে উত্তেজনা শুরু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রাশিয়া তুরস্কের ওপর বাণিজ্যিক অবরোধ আরোপ করে। সম্প্রতি তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার পর এরদোয়ান রাশিয়ার দিকে ঝুঁকে পড়ছেন বলে ধারনা করছেন বিশ্লেষকরা।

আগস্ট ০৯, ২০১৬
রুশ বাহিনী বিরতিহীন হামলা চালাচ্ছে : ইউক্রেনের প্রেসিডেন্ট - image

রুশ বাহিনী বিরতিহীন হামলা চালাচ্ছে : ইউক্রেনের প্রেসিডেন্ট

05 জুলাই 2022, বিকাল 6:00

রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে বিরতিহীন সামরিক অভিযান পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার রাতে দেওয়া ভাষণে এ অভিযোগ করেন ইউক্রেন প্রেসিডেন্ট। এদিন রাতে প্রায় পুরো ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা বেজেছে। ভলোদিমির জেলেনস্কি রুশ হামলা মোকাবিলায় কিয়েভকে আরও আধুনিক ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, পশ্চিম ইউক্রেনের খমেলনিতস্কি অঞ্চল, দিনিপ্রোপেত্রোভস্কের কেন্দ্রীয় অঞ্চল, সুমির সীমান্ত অঞ্চল এবং কৃষ্ণ সাগরের বন্দর শহর মিকোলাইভ ও অঞ্চলে হামলা চালানো হয়েছে। তার ভাষায়, কিছু রুশ ক্ষেপণাস্ত্র আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। এবং পর্যাপ্ত পরিমাণে ইউক্রেনের জন্য আধুনিক ক্ষেপণাস্ত্র-বিরোধী ব্যবস্থা পেতে আমাদের কূটনৈতিক তৎপরতা এক দিনের জন্যও আমরা কম করিনি এবং কমাব না। প্রসঙ্গত, ইউক্রেন ন্যাটোর সদস্য হলে রাশিয়ার নিরাপত্তা হুমকিতে পড়তে পারে-এ কথা বারবার জানানোর পরও ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার নানা প্রক্রিয়া শুরু করেছিল। আর নিজেদের নিরাপদ রাখতে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সূত্র: আল-জাজিরা।

জুলাই ০৫, ২০২২
প্রয়োজন পড়লে রাশিয়াও গুচ্ছবোমা ব্যবহার করবে: পুতিন - image

প্রয়োজন পড়লে রাশিয়াও গুচ্ছবোমা ব্যবহার করবে: পুতিন

15 জুলাই 2023, বিকাল 6:00

রাশিয়ার কাছে গুচ্ছবোমার "পর্যাপ্ত মজুদ" রয়েছে এবং ইউক্রেন রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে এই ধরনের অস্ত্র ব্যবহার করা হলে মস্কোরও সেগুলো ব্যবহারের অধিকার রয়েছে বলে দাবি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার সরকারি এক রাশিয়ান টিভিতে সাক্ষাৎকারে এ কথা বলেন রুশ এই নেতা। তিনি বলেন, "অবশ্যই, যদি তারা আমাদের বিরুদ্ধে গুচ্ছবোমার ব্যবহার করে, তাহলে আমরা পারস্পরিক ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করি।" ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে গুচ্ছবোমা হাতে পেয়েছে ইউক্রেন, যা ১০০টিও বেশি দেশে নিষিদ্ধ। যদিও বেসামরিক মানুষের উপর এই বোমা প্রয়োগ করা হবে না বলে জানিয়েছে দেশটি। এদিকে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী এবং ব্ল্যাক সাগরে নৌবহর ক্রিমিয়ান বন্দরের সেভাস্তোপোলের উপর নয়টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে মস্কো-স্থাপিত একজন কর্মকর্তার। এ ছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায় যে, তাদের বাহিনী সাতটি আকাশযান এবং দুটি পানির নিচের ড্রোন ধ্বংস করেছে। টেলিগ্রামে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, “আজ সকালে, সেভাস্তোপল শহরের কাছে ক্রিমিয়ান উপদ্বীপের ভূখণ্ডে সাতটি মনুষ্যবিহীন বিমান এবং দুটি মনুষ্যবিহীন ডুবো যানবাহন দ্বারা কিয়েভ সরকারের সন্ত্রাসী হামলা চালানোর একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।” তবে এ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে রুশ মন্ত্রণালয়।

জুলাই ১৫, ২০২৩
শস্য চুক্তি থেকে বেরিয়ে ইউক্রেন বন্দরে রাশিয়ার ভয়াবহ হামলা - image

শস্য চুক্তি থেকে বেরিয়ে ইউক্রেন বন্দরে রাশিয়ার ভয়াবহ হামলা

17 জুলাই 2023, বিকাল 6:00

কৃষ্ণ সাগরে শস্যচুক্তি থেকে বেরিয়ে আসার পর একদিন পর মঙ্গলবার ইউক্রেনের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলার মাধ্যমে মস্কো তার পূর্বের মত আক্রমণাত্মক পদক্ষেপে ফিরে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স। টেলিগ্রামে এক বার্তায় ইউক্রেনের রাষ্ট্রপতি ভবনের প্রধান অ্যান্ড্রি ইয়ারমাক জানান, “ইউক্রেনের বন্দরগুলিতে রাশিয়ার রাতারাতি হামলা প্রমাণ যে সন্ত্রাসী দেশটি ইউক্রেনের খাদ্য রপ্তানির উপর নির্ভরশীল বিভিন্ন দেশে ৪০ কোটি মানুষের জীবনকে বিপন্ন করতে চায়” সোমবার ক্রিমিয়ার সেতুটিতে হামলা হওয়ার পরপরই, মস্কো কৃষ্ণ সাগর শস্য রপ্তানি চুক্তি থেকে সরে দাঁড়ায়। রাশিয়ার এই পদক্ষেপে বিশ্বজুড়ে ক্ষুধা সৃষ্টির ঝুঁকি রয়েছে বলে জানায় জাতিসংঘ। দক্ষিণে উপকূলীয় ওডেসা এবং মাইকোলাইভ অঞ্চলে আঘাত হেনেছে ছয়টি ক্যালিব্রো ক্ষেপণাস্ত্র এবং ৩৬টি ড্রোন, যার মধ্যে ৩১টি গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বিমান বাহিনী। রুশ এ হামলায় ওডেসায় বেশ কয়েকটি বাড়ি এবং বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড। এ ছাড়া মাইকোলাইভে বন্দরে বিস্ফোরণ থেকে ভয়াবহ আগুন লাগে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে ক্রিমিয়াতে একটি ইউক্রেনীয় ড্রোন হামলা ব্যার্থ করার দাবি জানিয়েছে মস্কো। হামলায় বড় ধ্রনের কোন ক্ষতি হয়নি বলছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জুলাই ১৭, ২০২৩
যুক্তরাজ্যের তেলবাহী জাহাজে হুতিদের মিসাইল হামলা - image

যুক্তরাজ্যের তেলবাহী জাহাজে হুতিদের মিসাইল হামলা

26 এপ্রিল 2024, বিকাল 6:00

যুক্তরাজ্যের একটি তেলবাহী ট্যাংকার জাহাজে সরাসরি আঘাত হানলো হুতিদের ছোড়া মিসাইল। যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে শুক্রবার (২৬ এপ্রিল) লোহিত সাগরে একটি জাহাজের কাছে হামলা হওয়ার তথ্য জানিয়ে।অপরদিকে এক টেলিভিশন ভাষণে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানিয়েছেন, যুক্তরাজ্যের তেলবাহী ট্যাংকার ‘আন্দ্রোমেদা স্টারে’ তাদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সরাসরি আঘাত হানতে সমর্থ হয়েছে। তিনি আরও জানান ইয়েমেনের সাআদা অঞ্চলের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করেছে হুতি বাহিনী। খবর বিবিসি, রয়টার্স ‘আন্দ্রোমেদা স্টারে’ নামের এই ট্যাংকারটি বেশ বড় একটি জাহাজ। হামলার সময় এতে কি পরিমাণ তেল ছিল সেটি জানা যায়নি। এছাড়া জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর প্রতিবাদে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচল করা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলি জাহাজে হামলা চালানো শুরু করে হুথি বিদ্রোহীরা। এর আগেও যুক্তরাজ্যের জাহাজে হামলা চালিয়েছিল হুথিরা। সশস্ত্র এ বিদ্রোহী গোষ্ঠীর হামলায় গত ফেব্রুয়ারিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল রুবিমার নামের একটি ব্রিটিশ জাহাজ। যা পরে সমুদ্রের তলিয়ে যায়।

এপ্রিল ২৬, ২০২৪
নিজেরা ব্যর্থ হয়ে এবার চীনকে নকল করে মিসাইল বানাচ্ছে আমেরিকা! - image

নিজেরা ব্যর্থ হয়ে এবার চীনকে নকল করে মিসাইল বানাচ্ছে আমেরিকা!

25 আগস্ট 2025, বিকাল 6:00

সামরিক প্রযুক্তিতে বরাবরই নিজেদের সেরা ভাবতো ডোনাল্ড ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্র। কিন্তু ভারতের সঙ্গে যুদ্ধে চীনা পিএল-১৫ মিসাইল দিয়ে বড় সাফল্য পেয়েছিল পাকিস্তান। আর তা দেখে নিজেরা চেষ্টা করেও সেই প্রযুক্তি আয়ত্বে না আনতে পেরে শেষ পর‌্যন্ত চীনকে বস মানলো মার্কিন সামরিক বাহিনী। তাই নিজেরা ব্যর্থ হয়ে এবার সেই আদলে বিধ্বংসী মিসাইল তৈরি করে নিজেদের বহরে যুক্ত করতে মরিয়া হয়ে উঠেছে তারা। কি আছে এই বিশেষ মিসাইলে যার আদলে আরেকটি মিসাইল বানাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র? গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষে আলোচনায় আসে চীনের পিএল-১৫ মিসাইল। ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান রাফালে ধ্বংস করে প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে শক্তিমত্তার জানান দেয় এটি। শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন এবং ক্রুজ মিসাইল ধ্বংসের জন্য নকশা করা হয়েছে পিএল-১৫। এটি সক্রিয় রাডার নির্দেশিত, দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল। যার পাল্লা ২০০ কিলোমিটারেরও বেশি এবং গতি শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি। স্টাইলিশ ও এলিগেন্ট নকশার এই মিসাইল জে-১০, জে-৬, জে-২০ এবং জেএফ-১৭ এর মতো উন্নত যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণ করা যায়। একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল একবার উৎক্ষেপণের পর স্বয়ংক্রিয়ভাবে টার্গেট ধ্বংস করতে পারে। ফলে উৎক্ষেপণকারী বিমান দ্রুত নিরাপদ দূরত্বে সরে যেতে পারে। পাকিস্তান এই মিসাইল ব্যবহার করে ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করতে সফল হয়েছিল। আর এই সাফল্যে মুগ্ধ হয়েছে মার্কিন সেনাবাহিনীও। তাই তারাও এখন পিএল-১৫ এর মতো উন্নত মিসাইল হাতে পেতে চাইছে। এজন্য যুক্তরাষ্ট্রের নিজস্ব এআইএম-২৬০ মিসাইল উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। লকহিড মার্টিন কোম্পানি আট বছর ধরে এই মিসাইল তৈরি নিয়ে কাজ করছে। আশা করা হচ্ছে, শিগগিরই এটি হাতে পাবে মার্কিন বাহিনী।এআইএম-২৬০ কার্যকর হলে এটি হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক মিসাইল।   এমি/এটিএন বাংলা

আগস্ট ২৫, ২০২৫
ভারতীয় সাংবাদিককে এবার তুলোধোনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী! - image

ভারতীয় সাংবাদিককে এবার তুলোধোনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী!

28 সেপ্টেম্বর 2025, সকাল 12:00

এবারের জাতিসংঘের অধিবেশন যেন পুরোপুরি ভাইরাল কর্মকাণ্ডে ভরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলন্ত সিঁড়ি হঠাৎ বন্ধ হয়ে যাওয়া দিয়ে শুরু, আর পূর্ণতা যেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিস্ময়কর জবাবে। বিভিন্ন দেশের নেতাদের মতো তিনিও অংশ নিয়েছিলেন এ অধিবেশনে। তবে সদর দপ্তরের গেটে ঢোকার সময়েই ঘটে এক অদ্ভুত কান্ড। ভারতীয় এক গণমাধ্যমকর্মী তাকে বেশ কটাক্ষ করে প্রশ্ন ছুড়ে দেন। আর এর জবাবে তিনি যা বলেছিলেন তাতে যেন উল্টো ধরাশায়ী হয়ে গেছে ভারতের অহংকার। এর এমন এক সংক্ষিপ্ত মুহূর্তের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা গেছে, ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-র একজন গণমাধ্যমকর্মী জাতিসংঘের প্রবেশদ্বারে শাহবাজকে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী শরিফ, আপনারা কবে সীমান্ত সন্ত্রাস বন্ধ করবেন? প্রথমে হাঁটতে হাঁটতেই প্রশ্নটি এড়িয়ে গেলেও এরপর জবাবে দৃঢ় ভাষায় শেহবাজকে বলতে শোনা যায়, 'আমরা সীমান্ত সন্ত্রাসবাদে তোমাকে পরাজিত করছি। আর তার সেই সংক্ষিপ্ত প্রতিক্রিয়ার ভিডিও দ্রুতই শেয়ার হয়ে যায়। নেটিজেনরা তা নিয়ে নানা ধরনের মন্তব্য করেন। এরপর সাধারণ পরিষদে ভাষণে শাহবাজ আরও আক্রমণাত্মক হন। কাশ্মীর ইস্যু, সিন্ধু পানিবণ্টন চুক্তি, এবং ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেন তিনি। পাকিস্তানকে ভুক্তভোগী হিসেবে তুলে ধরে হুঁশিয়ারি দেন যে পানিবণ্টন চুক্তি স্থগিত হলে সেটি আবারও যুদ্ধ ঘোষণার শামিল হবে। পাশাপাশি দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধে পাকিস্তান নাকি সাতটি ভারতীয় জেট ভূপাতিত করেছে। সম্প্রতি এশিয়া কাপের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব তার পাকিস্তানি প্রতিপক্ষ সালমান আলী আগার সঙ্গে দুইবার করমর্দন করতে অস্বীকৃতি জানালে ক্রিকেট মাঠেও উত্তেজনা দেখা দেয়। এছাড়াও  ভারত পাকিস্তানের মাটিতে হামলা শুরু করার পর এই বছরের মে মাস থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে। নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে। আর এরপর ভারতীয় সাংবাদিককে শাহবাজের এমন উচিত জবাব ও জাতিসংঘে দেওয়া বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।     এমি/এটিএন বাংলা

সেপ্টেম্বর ২৮, ২০২৫
ইরানের হামলায় কুয়েতে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান - image

ইরানের হামলায় কুয়েতে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান

02 মার্চ 2026, বিকাল 3:29

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা। দুর্ঘটনাটি শুধু একটি সামরিক ঘটনা নয়, বরং বিমানটির ধরন নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে এটিকে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৫ বলে ধারণা করা হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও দেখে অনেকে বলছেন—এটি হয়তো এফ-১৬।লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই ও ইউকে ডিফেন্স জার্নাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কুয়েতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কুয়েত কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেনি। ফলে ঘটনাটি নিয়ে অনিশ্চয়তা ও কৌতূহল দুটোই বাড়ছে।স্থানীয় সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, বিমানের দুই পাইলটই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন। যদিও তাদের জাতীয়তা—আমেরিকান না ইসরায়েলি—তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর মধ্যেই আলোচনায় উঠে এসেছে মার্কিন বিমানবাহিনীর বহুল ব্যবহৃত দুটি যুদ্ধবিমান—এফ-১৬ ফাইটিং ফ্যালকন ও এফ-১৫ ঈগল।একক ইঞ্জিনবিশিষ্ট এফ-১৬ ফাইটিং ফ্যালকন আকাশযুদ্ধ ও স্থল হামলা—উভয় ক্ষেত্রেই সমান কার্যকর। এর ফ্লাই-বাই-ওয়্যার কন্ট্রোল সিস্টেম ও বাবল ক্যানোপি পাইলটকে উন্নত নিয়ন্ত্রণ ও বিস্তৃত দৃশ্যমানতা দেয়। ঘণ্টায় প্রায় ২,৪১৪ কিলোমিটার গতিবেগসম্পন্ন এই বহুমুখী জেট বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফাইটার বিমান।অন্যদিকে, দুই ইঞ্জিনবিশিষ্ট এফ-১৫ ঈগল মূলত আকাশে আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে তৈরি। এটি অধিক উচ্চতায় উঠতে পারে এবং এফ-১৬-এর তুলনায় প্রায় দ্বিগুণ অস্ত্র বহনে সক্ষম। ঘণ্টায় প্রায় ২,৬৫৫ কিলোমিটার গতিবেগসম্পন্ন এ জেট আকাশযুদ্ধে সাফল্যের জন্য বিশেষভাবে পরিচিত। দামের ক্ষেত্রেও পার্থক্য স্পষ্ট—এফ-১৬-এর আধুনিক ‘ব্লক ৭০/৭২’ সংস্করণের ইউনিটপ্রতি মূল্য প্রায় ৬৩-৭০ মিলিয়ন ডলার, যেখানে এফ-১৫-এর ‘এফ-১৫ইএক্স ঈগল ২’ সংস্করণের দাম ৯৪-৯৭ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, রাডার প্রযুক্তি, ইঞ্জিন শক্তি, অস্ত্র বহনের সক্ষমতা ও কৌশলগত উদ্দেশ্যের ভিন্নতার কারণেই এই দুই মডেলের বৈশিষ্ট্য ও মূল্যে বড় ব্যবধান দেখা যায়।

মার্চ ০২, ২০২৬
ইসরাইলে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা - image

ইসরাইলে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

07 মার্চ 2026, বিকাল 2:45

ইসরাইল–ইরান উত্তেজনা যেন থামছেই না। শনিবার সকালে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং সেগুলো প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। হামলার সতর্কবার্তা মোবাইল ফোনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কাছে পাঠানো হয়েছে।শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় সকালে এ তথ্য জানায় ইসরাইলি সামরিক বাহিনী। তারা বলেছে, ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে সক্রিয় করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি মূল্যায়নের পর বাসিন্দাদের সুরক্ষিত স্থান ত্যাগ করার অনুমতিও দেওয়া হয়েছে।এদিকে টাইমস অব ইসরাইল জানিয়েছে, দক্ষিণ ইসরাইলে ইরানের আরও একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এর জেরে জেরুজালেম ও আশপাশের এলাকা এবং দক্ষিণ ইসরাইলের কিছু অংশে সতর্কতা সাইরেন বেজে ওঠে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।অন্যদিকে ইরানের রাজধানী তেহরানের প্রধান বাণিজ্যিক মেহেরবাদ বিমানবন্দরে ইসরাইলি হামলার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরে জ্বলন্ত উড়োজাহাজ ও ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এর আগে গত ৪ মার্চও এ বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরাইল। তখন তারা দাবি করেছিল, তাদের বিমান বাহিনীর জন্য হুমকি হয়ে ওঠা প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা ধ্বংস করতেই ওই হামলা চালানো হয়েছিল।তথ্যসূত্র: আল জাজিরা, বিবিসি, টাইমস অব ইসরাইল।/টিএ

মার্চ ০৭, ২০২৬
হরমুজ প্রণালি ঘিরে শঙ্কা: বিশ্ববাজারে তেলের দাম সর্বোচ্চ - image

হরমুজ প্রণালি ঘিরে শঙ্কা: বিশ্ববাজারে তেলের দাম সর্বোচ্চ

09 মার্চ 2026, বিকাল 3:28

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব ধীরে ধীরে বিশ্ব অর্থনীতিতে স্পষ্ট হয়ে উঠছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো উৎপাদন কমিয়ে দেওয়ার আশঙ্কা এবং হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনার কারণে এই অস্থিরতা তৈরি হয়েছে। ফলে তেলের দাম প্রায় ২০ শতাংশ বেড়ে ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।আজ সকালে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১৮.৩৫ ডলার বা ১৯.৮ শতাংশ বেড়ে ১১১.০৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১৬.৫০ ডলার বা ১৮.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৭.৪০ ডলারে পৌঁছেছে। এর আগে গত সপ্তাহেই ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম যথাক্রমে প্রায় ২৭ শতাংশ এবং ৩৫.৬ শতাংশ পর্যন্ত বেড়েছিল, যা বাজারে গভীর উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে।যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্য থেকে পণ্যবাহী জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ইরাক ও কুয়েত তেল উৎপাদন কমাতে শুরু করেছে। কাতারও ইতিমধ্যে তাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমিয়েছে। ইরাকের রাষ্ট্রায়ত্ত বসরা অয়েল কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় তাদের তেলের মজুদাগারগুলো দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে তারা উৎপাদন প্রায় ৭০ শতাংশ কমিয়ে দৈনিক ১.৩ মিলিয়ন ব্যারেলে নামিয়ে এনেছে।বিশ্লেষকদের মতে, পর্যাপ্ত সংরক্ষণ সুবিধা না থাকায় সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবও দ্রুত উৎপাদন কমাতে বাধ্য হতে পারে। বহুজাতিক আর্থিক সেবা সংস্থা এএনজের সিনিয়র কমোডিটি স্ট্র্যাটেজিস্ট ড্যানিয়েল হাইনস জানিয়েছেন, উৎপাদন বন্ধ হয়ে গেলে শুধু সরবরাহই কমে যায় না, যুদ্ধ শেষে উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরতেও দীর্ঘ সময় লাগে। ফলে তেলের উচ্চমূল্য দীর্ঘদিন স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।এদিকে সংঘাতের মধ্যেই ইরানে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আলী খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন তাঁর ছেলে মোজতবা খামেনি। বিশ্লেষকেরা মনে করছেন, এ পরিবর্তন তেহরানের কট্টরপন্থী অবস্থানকে আরও জোরালো করতে পারে। একই সময়ে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোও হুমকির মুখে পড়েছে—সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্প এলাকায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে এবং সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট ও দীর্ঘমেয়াদি মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

মার্চ ০৯, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo