logo
youtube logotwitter logofacebook logo

বজ্রপাত

চার জেলায় বজ্রপাতে নিহত আট - image

চার জেলায় বজ্রপাতে নিহত আট

29 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: চার জেলায় বজ্রপাতে মারা গেছে ৮ জন । সোমবার বিকেলে গাজীপুরের কাপাস গ্রামের বিলে মাছের খামার দেখতে যান স্থানীয় মাছ চাষি সুকন্দ দাস, সুধন দাস এবং নিরদ দাস। এ সময় বৃষ্টি শুরু হলে  তারা বিলের একটি টং ঘরে আশ্রয় নেন। টং ঘরে বজ্রপাত হলে মারা যান এই ৩ মাছ চাষি। অপরদিকে,  শ্রীপুরের বৈরাগীর চালা এলাকায়, মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ইন্নছ আলী নামে এক ব্যক্তি মারা যান। এদিকে, টঙ্গাইল জেলার বাসাইলের কাউলজানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় মিছিলে বজ্রপাতে রবিউল ইসলাম (৩০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। অন্যদিকে, ঝিনাইদহের মহেশপুরে সন্ধ্যা ৬ টার দিকে বাড়ির পাশে খেলা করছিল ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র প্রশান্ত হালদার। এসময় ঝড়ো বাতাসের সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে সে ঘটনাস্থলেই নিহত হয়। একই এলাকায়, একই সময়ে উঠানে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয় রায়না বেগম। এছাড়া কিশোরগঞ্জে নিহত হয়েছে আরও এক জন।

মে ২৯, ২০১৬
কালীগঞ্জে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু - image

কালীগঞ্জে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

28 জুলাই 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে নিতাই চন্দ্র(১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৮জুলাই) দুপুর ১২টার দিকে আকাশে মেঘ দেখে তার নিজ বাড়ি পার্শে¦ মাঠ থেকে গরু আনতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র নিতাই চন্দ্র কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কৃষ্ণকিশোর গ্রামের নরেন্দ্র নাথ রায়ের ছেলে। সে স্থানীয় চাপারহাট টেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ মেঘলা দেখে বাড়ির পার্শে¦র মাঠ থেকে গরু আনতে যায়। এ সময় বজ্রপাতে ঘটনা স্থলে নিতাই ও তার গুরুটি মারা যায়। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন আরজু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জুলাই ২৮, ২০১৬
আজ কমবে ঢাকার তাপমাত্রা, কালবৈশাখী ঝড় কয়েক জেলায় - image

আজ কমবে ঢাকার তাপমাত্রা, কালবৈশাখী ঝড় কয়েক জেলায়

17 এপ্রিল 2023, বিকাল 6:00

তীব্র গরমে হাঁসফাঁস করছে সারা দেশ। একেক জায়গায় একেক দিন তাপমাত্রা রেকর্ড গড়ছে। গতকাল দেশের কিছু জায়গায় বৃষ্টি হলেও ঢাকা তাপমাত্রা ছিল আগের মতই। আবহাওয়া অফিসের বলছে, আজও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাজধানীর তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ছয়টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে আজ সকালে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে জানিয়েছেন, আজ সন্ধ্যার পর থেকে মধ্য রাতের মধ্যে নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় কালবৈশাখী ঝড়, হালকা বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে কিছু জেলায় তাপমাত্রা রেকর্ড গড়তে পারে। যার মধ্যে রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, নাটোর, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া জেলায় ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ মাগুরা, নড়াইল, রংপুর বিভাগের সকল জেলা ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস।

এপ্রিল ১৭, ২০২৩
গরমের সাথে সাথে বিকেলে ঝড়বৃষ্টি বাড়তে পারে - image

গরমের সাথে সাথে বিকেলে ঝড়বৃষ্টি বাড়তে পারে

06 মে 2023, বিকাল 6:00

  আজ রবিবার দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা বাড়তে পারে। দিনের বড় সময় জুড়ে গরম থাকার পর বিকেলের দিকে ঝড়বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর, তা এখনো বহাল আছে। আগামী দু–এক দিনের মধ্যে এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে যা নিম্নচাপেও রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মে মাসে গরম ও ঝড়বৃষ্টি একই সঙ্গে চলে। তা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তবে আজ গরম বাড়তে পারে। দাবদাহের পাশাপাশি ঝড়বৃষ্টিও থেমে নেই। গতকাল শনিবার বিকেলে রাজধানীতে আকাশ কালো করে মেঘ জমে। বৃষ্টি হয় প্রায় আধা ঘণ্টা ধরে। একই সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার দাপটে রাস্তায় চলাচল করা মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। হঠাৎ বৃষ্টিতে অনেককে কাকভেজা হয়ে বাসায় ফিরতে হয়। অবশ্য এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত টানা গরমের মধ্যে কাটাতে হয় ঢাকাবাসীকে।

মে ০৬, ২০২৩
কালবৈশাখী ঝড়ে পদ্মা সেতু ২ ঘণ্টা বিদ্যুৎহীন - image

কালবৈশাখী ঝড়ে পদ্মা সেতু ২ ঘণ্টা বিদ্যুৎহীন

16 মে 2023, বিকাল 6:00

কালবৈশাখী ঝড়ে পদ্মা সেতু মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। তবে এতে টোল আদায় বা সেতুতে যান চলাচল বিঘ্ন ঘটেনি। মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং অফিসের এজিএম সৌমিক নাসের বলেন, ঝড় ও বজ্রপাতে পদ্মা সেতুর ৩৩ কেভি লাইন ট্রিপ করে। অর্থ্যাৎ বন্ধ হয়ে যায়। ঝড়-বৃষ্টি বন্ধ হলে প্রায় পৌনে ১ ঘণ্টা পর  শ্রীনগর গ্রিড থেকে যুক্ত হওয়া প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ বিদ্যুতের গ্রিড লাইন দুটি টিম পরীক্ষা করে। একটি টিম দোগাছি থেকে ছনবাড়ি পর্যন্ত এবং আরেক টিম দোগাছি থেকে কাজীর পাগলা পর্যন্ত মোটরসাইকেল নিয়ে লাইন চেক করতে বের হয়। লাইন ঠিক পাওয়ার পর ট্রায়াল দেয়া হয়। ট্রায়ালে লাইন টিকে যাওয়ায় চালু করা হয় পদ্মা সেতুর বিদ্যুৎ সরবরাহ। মাওয়া প্রান্তে সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে বন্ধ হওয়া লাইন চালু হয় রাত ৯টা ৫৭ মিনিটে। আর ঝড়ের কারণে জাজিরা প্রান্তে বিদ্যুৎ বন্ধ হয় ৭টা ৫৪ মিনিটে। আর চালু হয় ৮টা ৪৫ মিনিটে। নাম প্রকাশ না করার শর্তে পদ্মা সেতুর এক কর্মকর্তা জানান, সেতুতে বিদ্যুৎ না থাকলেও জেনারেটর দিয়ে টোলপ্লাজার কার্যক্রম চালু রাখা হয়। টোলপ্লাজায় টিকিট কাটার সময় যানবাহনের চালকদের হেডলাইট জ্বালিয়ে সাবধানে সেতুতে চলাচলের পরামর্শ দেওয়া হয়। মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জানিয়েছে, প্রায় সাড়ে ১০ মাস আগে চালু হওয়ায় পদ্মা সেতুতে কোন বিদ্যুৎ বিভ্রাট হয়নি। তবে প্রাকৃতি বিপর্যয় তথা ঝড়ের কারণে দ্বিতীয় বারের মতো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলো। এর আগে ২০২২ সালের ২৫ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে এখন পুরো সেতুতেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

মে ১৬, ২০২৩
শেষ প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ - image

শেষ প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

01 অক্টোবর 2023, বিকাল 6:00

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (২ অক্টোবর) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হাসান শান্ত।   আবহাওয়ার পূবার্ভাস অনুযায়ী এই ম্যাচে রয়েছে বৃষ্টির শঙ্কা। আকাশ মেঘলা থাকবে। বজ্রপাতের সঙ্গে রয়েছে তীব্র বৃষ্টিপাতের আশঙ্কাও। গুয়াহাটিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৭ শতাংশ। ১৮.৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে। তাই ম্যাচটিতে হানা দিতে পারে বৃষ্টি। প্রস্তুতি ম্যাচে একাদশ নির্ধারিত থাকে না। ব্যাটাররা ব্যাটিং ঝালিয়ে নেন। বোলাররা বল করে প্রস্তুতি সেরে নিতে পারেন। আর তাই কেউ ব্যাটিং করলেও তার ফিল্ডিং বা বোলিং করতে হবে এমন বিধি-নিষেধ নেই। নিজদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেট হারায় বাংলাদেশ। এই ম্যাচ জিতেই বিশ্বকাপের মূল পর্ব শুরু করতে চায় টিম টাইগার। অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে হালকা চোট পেয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। আর তাই প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষেও খেলবেন না টাইগার অধিনায়ক।

অক্টোবর ০১, ২০২৩
ঝড়-বৃষ্টি শুরু কবে থেকে, জানাল আবহাওয়া অধিদপ্তর - image

ঝড়-বৃষ্টি শুরু কবে থেকে, জানাল আবহাওয়া অধিদপ্তর

03 মে 2024, বিকাল 6:00

দেশে আগামী সোমবার (৬ মে) থেকে ঝড়-বৃষ্টি শুরু হতে পারে। এ ঝড়-বৃষ্টি বিভিন্ন অঞ্চলে ছয় দিন ধরে চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঝড়-বৃষ্টিতে নিজেদের সুরক্ষার বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীকে পরামর্শ দিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। তারা বলেছেন, ওই ঝড়-বৃষ্টির পর তাপপ্রবাহ কমে যেতে পারে। এর আগে তাপপ্রবাহ কমবে না বলেই ধারণা তাদের। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ শনিবার (৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর, মৌলভীবাজার জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এসব বিষয়ে জানতে যোগাযোগ করা হয় আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সঙ্গে। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘এখন দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এ অবস্থা আরও বাড়তে পারে। আজ ও আগামীকাল সিলেটসহ দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হবে। তবে আগামী ৬ মে থেকে ১১ মে পর্যন্ত ছয় দিন দেশের বিভিন্ন অংশে বজ্রসহ বৃষ্টিপাত হতে পরে। হতে পারে ঝড়ও।’ কাজী জেবুন্নেছার বলেন, ‘মূলত ওই ছয় দিন সকালের পর এবং বিকেল থেকে রাত পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একযোগে সারা দেশে একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে। এতে তাপপ্রবাহ কমে যাবে। এর আগে তাপপ্রবাহ কামার সম্ভাবনা খুবই কম।’ আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুমিল্লায়, ৩৭ মিলিমিটার। গত বৃহস্পতিবার রাতে রাজধানীতে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তাতে গতকাল রাজধানীর তাপমাত্রা সামান্য কমেছিল। এদিকে ঝড়ের সময় সবাইকে সাবধানে থাকতে বলেছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি বলেন, এখন কালবৈশাখীর সময়। এ মাসে কয়েকটি কালবৈশাখী হতে পারে। এ সময় বজ্রপাতে অনেক প্রাণহানি হয়। ফলে, আমাদের সচেতন থাকতে হবে। নিরাপদ স্থানে থাকতে হবে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, মে মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা হলো ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছে, মে মাসে স্বাভাবিক বৃষ্টিই হতে পারে। মাসটিতে দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু ও মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। এপ্রিল মাসে দেশে টানা তাপপ্রবাহের রেকর্ড হয়। এপ্রিলের প্রথম দিন থেকে শুরু করে পুরো মাস দেশের বিভিন্ন স্থানে টানা তাপপ্রবাহ বয়ে গেছে।

মে ০৩, ২০২৪
সকালেই রাজধানীতে বজ্রসহ ঝোড়ো বৃষ্টি - image

সকালেই রাজধানীতে বজ্রসহ ঝোড়ো বৃষ্টি

10 মে 2024, বিকাল 6:00

ভোর হওয়ার আগেই রাজধানী ঢাকার আকাশে মেঘ জমতে থাকে। শনিবার (১১ মে) সকাল ৭টা পার হতেই শুরু হয় বৃষ্টি। সঙ্গে শহরজুড়ে নামে আঁধার। গাড়িগুলো চলে হেডলাইট জ্বালিয়ে। এরসঙ্গে মুহুর্মুহু বজ্রপাত, বয়ে যায় জোরালো বাতাস। বৃষ্টিতে ভিজে মানুষ যাচ্ছে কর্মক্ষেত্রে। ছাতা দিয়েও নিজেকে ঠেকানো যায়নি বৃষ্টির হাত থেকে।  শুক্রবার মোটামুটি ঢাকার আবহাওয়া শুষ্কই ছিল। যদিও এর আগের দিন সামান্য বৃষ্টি হয়েছিল। শনিবার ঢাকাসহ দেশের ছয় বিভাগের বেশির ভাগ জায়গায় যে বৃষ্টি হবে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মে ১০, ২০২৪
ফ্রান্স অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে : ফরাসি রাষ্ট্রদূত - image

ফ্রান্স অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে : ফরাসি রাষ্ট্রদূত

28 আগস্ট 2024, বিকাল 6:00

ফ্রান্স দেশ পুনর্গঠনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। গতকাল বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন তিনি। রাষ্ট্রদূত বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো প্রধান উপদেষ্টাকে তার সুবিধাজনক সময়ে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছেন। জুলাই-আগস্ট বিপ্লবে নিহত ছাত্র-জনতার মৃত্যুতে শোক প্রকাশ করেন রাষ্ট্রদূত। এ সময় অধ্যাপক ইউনুস বলেন, ছাত্রদের নেতৃত্বে সংগঠিত গণবিপ্লব অন্তর্বর্তী সরকারকে দেশ পুনর্গঠনের নতুন সুযোগ এনে দিয়েছে। ড. ইইনূস বলেন, ‘দেশ পুনর্গঠন একটি বড় কাজ। তবে আমরা এটিকে বড় সুযোগ হিসেবে দেখছি। যদি আমরা এই সুযোগ ব্যবহার করতে না পারি, তাহলে এটি আমাদের জন্য বড় ব্যর্থতা হবে।’ প্রধান উপদেষ্টা দূঢ়তার সঙ্গে উল্লেখ করেন দেশের মানুষ যতক্ষণ আমাদেরকে চাইবে অন্তর্বর্তী সরকার ততক্ষণ থাকবে।অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেন, তিনি দেশে সমঝোতার আহ্বান জানিয়েছেন এবং সমগ্র দেশবাসীকে একটি বড় পরিবারের অংশ হিসেবে বিবেচনা করার অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘কখনো কখনো আমরা জোরালোভাবে দ্বিমত পোষণ করি। কিন্তু এর মানে এই নয়, আমরা একে অপরের শত্রু।’ সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আসুন আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করি এবং সংবিধান মেনে কাজ করি।’ রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই বলেন, ‘ফ্রান্স ইতোমধ্যে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছে। এ ছাড়া দুর্নীতি প্রতিরোধ, মানব পাচার, ফরেনসিক সাইবার অপরাধ এবং সমুদ্রবন্দর ও বিমানবন্দরের নিরাপত্তা এবং আর্থিক অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের দক্ষতার উন্নয়নে যৌথভাবে কাজ করার ব্যাপারে ফ্রান্স সরকার আগ্রহী।’ফরাসি রাষ্ট্রদূত বলেন, আগামী অক্টোবরে ঢাকায় আলিয়ঁস ফ্রঁসেজের ৬৫তম বার্ষিকী উদযাপন করা হবে এবং তিনি অধ্যাপক ইউনূসকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। তিনি বলেন, ফ্রান্স ২০২৫ সালের এপ্রিলে প্যারিসে দুই সপ্তাহব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি বিরোধী কার্যক্রম বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। তিনি জানান, ফ্রান্সের কোম্পানিগুলো বাংলাদেশে তিনটি সৌর পার্ক স্থাপন এবং দেশে ১৫টি বজ্রপাতপ্রবণ জেলায় ‘বজ্রপাত নিরোধক’ স্থাপনে আগ্রহী।

আগস্ট ২৮, ২০২৪
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo