
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে এবারের নির্বাচনে লড়াই করছে তাঁর দল রিপাবলিকান পার্টি। শনিবার (২৪ অক্টোবর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে ভোট দেন ট্রাম্প। জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি আগাম ভোট দেন। ভোট শেষে ট্রাম্প জানান, তিনি রিপাবলিকান দলের প্রার্থীদের পক্ষেই ভোট দিয়েছেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। ভোটারদের কাছে দুর্নীতি বড় ইস্যু কি না, এমন প্রশ্নের জবাবে তিনি ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন জেলা ও শহরে দুর্নীতি হচ্ছে। তিনি আরও বলেন, ‘প্রকৃত দুর্নীতির দিকে তাকানো উচিত। দুর্নীতি করছে ডেমোক্র্যাটরা।’ এ সময় ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগও পুনর্ব্যক্ত করেন তিনি। তবে ওই নির্বাচনে জালিয়াতির অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি থাকতে বিভিন্ন জনমত জরিপে রিপাবলিকানদের জন্য হতাশাজনক চিত্র উঠে এসেছে। জরিপগুলোর ইঙ্গিত, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারাতে পারে ট্রাম্পের দল। এমনকি সিনেটের নিয়ন্ত্রণও হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে রিপাবলিকানদের। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ঐতিহ্যগতভাবে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দলের তুলনায় বিরোধী দল সুবিধা পেয়ে থাকে। এবারের নির্বাচনেও সেই প্রবণতার প্রতিফলন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারালে প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের শেষ দুই বছরে নিজের আইনগত কর্মসূচি বাস্তবায়নে বড় ধরনের বাধার মুখে পড়তে পারেন ট্রাম্প। পাশাপাশি ডেমোক্র্যাটরা কংগ্রেসের বিভিন্ন তদন্ত শুরু করতে পারেন, যা ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের ওপর বাড়তি চাপ তৈরি করবে। হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠদের পারিবারিক হোল্ডিং কোম্পানির মাধ্যমে পরিচালিত ব্যবসায়িক কার্যক্রম খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট নেতারা। ফলে আগামী ৩ নভেম্বরের নির্বাচন ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: এএফপি।
টি/