
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সার্ক ফসওয়াল আজীবন সম্মাননা’ পেয়েছেন বাংলাদেশের কবি নূরুল হক। সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে চার দিনব্যাপী ‘ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার (ফসওয়াল) ফেস্টিভ্যাল ২০২৬’-এ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
নয়াদিল্লির একাডেমি অব ফাইন আর্টস অ্যান্ড লিটারেচারে আয়োজিত অনুষ্ঠানে দিল্লি সাহিত্য একাডেমির মহাপরিচালক ড. মাধব কৌশিক কবি নূরুল হকের হাতে প্রাইজমানির চেক, সম্মাননাপত্র ও পদক তুলে দেন। এ সময় শ্রীলঙ্কার হাইকমিশনার ও ফাউন্ডেশনের সভাপতি অজিত কউরসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবারের উৎসবে দক্ষিণ এশিয়ার মোট ছয়জন সাহিত্যিককে আজীবন সম্মাননা দেওয়া হয়।
পদ্মশ্রীপ্রাপ্ত লেখক অজিত কউরের নেতৃত্বে প্রায় দুই দশক ধরে এ সাহিত্য উৎসব আয়োজন করা হচ্ছে। এবারের উৎসবের প্রধান অতিথি ছিলেন মহাত্মা গান্ধীর নাতনি ড. তারা গান্ধী ভট্টাচার্য। ‘পৃথিবীই আমাদের একমাত্র আবাস’ প্রতিপাদ্যে কবিতা, কথাসাহিত্য, শান্তি ও প্রত্যাশাসহ বিভিন্ন বিষয়ে ৩৬টি পর্বে আলোচনা ও সাহিত্যচর্চা অনুষ্ঠিত হয়।
উৎসবে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের শতাধিক কবি ও লেখক অংশ নেন। বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন অধ্যাপক ফকরুল আলম, নূরুল হক, ফরিদুর রহমান, কামরুল বাহার আরিফ, লোপা মমতাজ, আশরাফ জুয়েল, সৌম্য সালেক, যতন কুমার দেবনাথ, মোখলেস মুকুল, মুহাম্মদ ফরিদ হাসান, নুরুন্নাহার মুন্নী, কাদের পলাশ ও নূরে আলম পাটোয়ারি।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশের প্রয়াত কবি শামসুর রাহমান ও সৈয়দ শামসুল হক এবং কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও কবি মোহাম্মদ নুরুল হুদাসহ দেশের আরও অনেক সাহিত্যিক ‘সার্ক লিটারারি অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।