
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বয়স বাড়লেও রূপ, লাবণ্য আর প্রাণবন্ত উপস্থিতিতে আজও কোটি দর্শকের হৃদয় জয় করে চলেছেন ঢালিউডের শীর্ষ চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। আজ (১১ জুলাই) এই নন্দিত অভিনেত্রীর জন্মদিন। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন তিনি। জীবনের ৪৪টি বসন্ত পেরিয়ে আজ ৪৫ বছরে পা রাখলেন এই রূপালি পর্দার জলপরী। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
মাত্র ১৬ বছর বয়সে পরিচালক জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটেছিল পূর্ণিমার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। দীর্ঘ অভিনয় জীবনে ‘মনের মাঝে তুই’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’র
বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি সাহিত্যনির্ভর ও ভিন্ন ধারার সিনেমাতেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন পূর্ণিমা। কথাসাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘সুভা’, হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’ ও ‘মেঘের পরে মেঘ’ চলচ্চিত্রে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়। বিশেষ করে, কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ লাভ করেন।
রূপালি পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও পূর্ণিমার বিচরণ সমান উজ্জ্বল। বর্তমান সময়ে টেলিভিশন অনুষ্ঠান ও বড় বড় অ্যাওয়ার্ড শো-তে একজন দক্ষ ও রসবোধসম্পন্ন উপস্থাপক হিসেবে দারুণ প্রশংসা কুড়াচ্ছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে বারবার নতুনভাবে খোলস ছেড়ে বের করার এক অদ্ভুত জাদু জানা আছে তাঁর। আর এই সক্ষমতার কারণেই শুধু তাঁর সমসাময়িক দর্শকই নন, নতুন প্রজন্মের কাছেও তিনি ফ্যাশন আইকন ও সমানভাবে সমাদৃত।
দীর্ঘ ক্যারিয়ারে বৈচিত্র্যময় কাজ আর অনিন্দ্য ব্যক্তিত্বের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে নিজের এক আলাদা সাম্রাজ্য তৈরি করেছেন পূর্ণিমা। অভিনয়ের বাইরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও নিয়মিত অংশ নেন তিনি। প্রিয় অভিনেত্রীর জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামী দিনে আরও দারুণ সব কাজের প্রত্যাশা ও শুভকামনা জানিয়েছেন তাঁর কোটি ভক্ত ও রূপালি জগতের সহকর্মীরা।
/টি