
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে নিহত ২, বিদ্যুৎবিহীন ৯০ হাজার বাড়িঘর
প্রবল ঝড়ো হাওয়া, আকাশভাঙা বৃষ্টি আর চারদিকে ভেঙে পড়েছে গাছ! কোথাও সড়কে চলাচল বন্ধ, কোথাও আবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের চিন্তা। প্রকৃতির এমন ভয়ংকর রূপে বিপর্যস্ত যুক্তরাজ্য। ঝড়ের তাণ্ডবে থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবন। কিন্তু এই দুর্যোগের মধ্যে ঘটেছে আরও মর্মান্তিক ঘটনা, যার শিকার হয়েছেন নিরীহ মানুষ।
বোয়েল নামক শক্তিশালী এই ঝড়ের আঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত দুজন। ঝড়ের সময় গাছ ভেঙে পড়েই ঘটে প্রাণহানির ঘটনা। স্কটল্যান্ডের ডামফ্রিজ এলাকায় উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে মারা যান ৬০ বছর বয়সী এক ব্যক্তি। অন্যদিকে উত্তর লন্ডনে চলন্ত গাড়ির ওপর গাছ ভেঙে পড়লে প্রাণ হারান বিশের কোঠায় থাকা এক তরুণ। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নারী।
ঝড়ের তাণ্ডব শুধু প্রাণহানিতেই থেমে থাকেনি। বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। স্থানীয় সময় রোববার রাত পর্যন্ত দেশটির প্রায় ৯০ হাজার পরিবারকে অন্ধকারে রাত কাটাতে হয়েছে। কখন বিদ্যুৎ ফিরবে, তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অনেকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও উত্তর ইংল্যান্ড। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। টানা বৃষ্টিতে কোথাও কোথাও নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে একাধিক বন্যা সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে ঝড়ের কারণে সড়কে গাছ পড়ে বন্ধ হয়ে গেছে বেশ কিছু প্রধান রাস্তা। ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। বৈরী আবহাওয়ায় কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও অন্য পথে পাঠাতে হয়েছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, বিপদ এখনো কাটেনি। আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার থেকে আবারও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হতে পারে। অর্থাৎ, ঝড়ের প্রথম ধাক্কা সামলে ওঠার আগেই নতুন দুর্যোগের মুখে পড়তে পারে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা।