
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ঘিরে উত্তেজনা তুঙ্গে। এবারের আলোচনায় রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন, স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। সোমবার লন্ডনে বসবে পুরস্কারটির জমকালো ৭০তম আসর। তবে দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় সাফল্য ও গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় খেলোয়াড়দের অবদান বিবেচনায় শেষ পর্যন্ত কার হাতে উঠবে সোনার বল, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
গোলের হিসাবে এগিয়ে রয়েছেন ৩৩ বছর বয়সী হ্যারি কেইন। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেছেন তিনি। তাঁর পারফরম্যান্সে বায়ার্ন মিউনিখ লিগ ও কাপের শিরোপা জিতেছে। ফলে ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে ইংলিশ অধিনায়কের সামনে। তবে চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় তাঁর সম্ভাবনায় প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, সর্বশেষ ২৫ বছর আগে ইংল্যান্ডের কোনো ফুটবলার এই পুরস্কার জিতেছিলেন।
অন্যদিকে, গত বছরের ব্যালন ডি’অরের দৌড়ে দ্বিতীয় হওয়া লামিন ইয়ামালও রয়েছেন আলোচনায়। মাত্র ১৯ বছর বয়সী এই বার্সেলোনা তারকাকে ভবিষ্যতের ব্যালন ডি’অরজয়ী হিসেবে বিবেচনা করা হয়। তবে গত মৌসুমে চোটের কারণে ক্লাবের হয়ে তাঁর খেলা আগেভাগেই শেষ হয়ে যায়। বিশ্বকাপেও স্পেনের শিরোপা জয়ে প্রত্যাশিত প্রভাব রাখতে পারেননি তিনি। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ও সেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতিও পাননি ইয়ামাল। তাঁর বার্সেলোনা সতীর্থ রদ্রি ও পাউ কুবারসি পেয়েছেন এই দুই পুরস্কার।
এবারের দৌড়ে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ কিংবা ফ্রান্সের হয়ে বড় কোনো শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত অর্জনের কারণে আলোচনায় আছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছেন তিনি। বিশ্বকাপে ১০ গোল করে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার পাশাপাশি প্রতিযোগিতাটিতে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২-এ। তবে তিনটি প্রতিযোগিতার কোনোটিতেই শিরোপা জিততে না পারা তাঁর ব্যালন ডি’অর সম্ভাবনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।
ব্যালন ডি’অরের বিজয়ী নির্ধারণ করেন ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে ফুটবল সাংবাদিক। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে তাঁরা সেরা ১০ খেলোয়াড়কে ভোট দেন। প্রথম স্থানে থাকা খেলোয়াড় পান ১৫ পয়েন্ট, আর দশম স্থানের জন্য বরাদ্দ থাকে এক পয়েন্ট। সব ভোট গণনার পর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড়ের হাতেই ওঠে পুরস্কারটি। ব্যালন ডি’অরের সঙ্গে সরাসরি কোনো অর্থমূল্য না থাকলেও এটি জিতলে ক্লাব ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছ থেকে বোনাস পাওয়ার সুযোগ তৈরি হয়। পাশাপাশি বাড়তে পারে খেলোয়াড়ের বাজারমূল্য ও আন্তর্জাতিক পরিচিতি।
টি/