
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশের বেশির ভাগ জায়গা প্রায় নিশ্চিত হলেও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ভাবনায় রয়েছেন কোচ হোসে মরিনহো। বিশেষ করে ফেদেরিকো ভালভের্দেকে কোন পজিশনে খেলানো হবে, তার ওপর নির্ভর করছে দলের মাঝমাঠ ও আক্রমণভাগের বিন্যাস। পাশাপাশি রক্ষণভাগের মাঝখানে ইব্রাহিমা কোনাতের সঙ্গী কে হবেন, তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি পর্তুগিজ কোচ।
আগামী রোববার (২৫ অক্টোবর) ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে আরবি লাইপজিগকে ৪-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে এল ক্লাসিকোয় নামবে রিয়াল। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের বিশ্লেষণ অনুযায়ী, গোলপোস্টে থিবো কুর্তোয়া, রক্ষণে কোনাতে ও মার্ক কুকুরেয়া এবং মাঝমাঠে অরেলিয়েঁ চুয়ামেনির জায়গা প্রায় নিশ্চিত। আক্রমণভাগে জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও ইয়ান দিয়োমান্দেকে দেখা যেতে পারে। নিষেধাজ্ঞার কারণে ভিনিসিয়ুস জুনিয়র খেলতে না পারায় বাঁ প্রান্তে দিয়োমান্দের খেলার সম্ভাবনা রয়েছে।
সবচেয়ে বড় অনিশ্চয়তা ভালভের্দেকে ঘিরে। সাম্প্রতিক ম্যাচগুলোতে উরুগুয়ের এই মিডফিল্ডারকে রাইটব্যাক হিসেবে খেলিয়েছেন মরিনহো। ভিয়ারিয়াল ও রোমার বিপক্ষে ম্যাচের মাঝপথে রক্ষণে দায়িত্ব নেওয়ার পর সেভিয়া ও লাইপজিগের বিপক্ষে শুরু থেকেই ওই পজিশনে খেলেছেন তিনি। ভালভের্দেকে রাইটব্যাকে রাখা হলে মাঝমাঠ ও ডান প্রান্তের দুটি জায়গার জন্য আর্দা গুলার, বের্নার্দো সিলভা ও এন্দ্রিকের মধ্যে লড়াই হবে। অন্যদিকে, ভালভের্দেকে মাঝমাঠে ফেরালে রাইটব্যাকে ডেনজেল ডামফ্রিস কিংবা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে খেলানোর সুযোগ রয়েছে।
লাইপজিগের বিপক্ষে ম্যাচ শেষে ভালভের্দের পজিশন নিয়ে সরাসরি কিছু না বললেও তাঁর পারফরম্যান্সের প্রশংসা করেছেন মরিনহো। তিনি বলেন, কঠিন ম্যাচে ফেদে আবারও রক্ষণে ভালো খেলেছে এবং আক্রমণেও দারুণভাবে এগিয়েছে। ডান প্রান্তে আর্দা, বের্নার্দো ও ফেদের মধ্যে বোঝাপড়াও চমৎকার ছিল বলে মন্তব্য করেন রিয়াল কোচ। ভালভের্দেকে ডান উইংয়ে খেলানোর বিকল্পও বিবেচনায় রয়েছে। সে ক্ষেত্রে মাঝমাঠে চুয়ামেনির পাশে গুলারকে খেলানো হতে পারে।
এদিকে, কোনাতের সঙ্গী হিসেবে ডিন হাউসেন ও আন্তোনিও রুডিগারের মধ্যে একজনকে বেছে নিতে হবে মরিনহোকে। বল পায়ে আক্রমণ গড়ে তোলার দক্ষতায় এগিয়ে হাউসেন, আর শারীরিক শক্তি ও অভিজ্ঞতায় এগিয়ে রুডিগার। চলতি মৌসুমে হাউসেন নয়টি এবং রুডিগার পাঁচটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন। ফলে বার্সেলোনার আক্রমণ সামলাতে কাকে বেছে নেবেন, সেটিও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সব মিলিয়ে এল ক্লাসিকোর আগে রিয়ালের একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা কম থাকলেও ভালভের্দের পজিশন ও রক্ষণভাগের সঙ্গী নির্বাচনই নির্ধারণ করতে পারে মরিনহোর কৌশল।
টি/