logo
youtube logotwitter logofacebook logo
/স্পোর্টস
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া - image

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

10 সেপ্টেম্বর 2026, বিকাল 4:29

ইন্দোনেশিয়ায় আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে নতুন আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশন। উদ্বোধনী দিনে স্বাগতিক ইন্দোনেশিয়া মুখোমুখি হবে সিঙ্গাপুরের। একই দিনে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে মালয়েশিয়া। বৃহস্পতিবার নতুন এই প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ফিফা।১৪ দল নিয়ে আয়োজিত ফিফা আসিয়ান কাপ দুটি বিভাগে বিভক্ত। ১১টি আসিয়ান দেশের সঙ্গে অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান ও হংকং। ছয় দলের নিচের স্তরের নাম চ্যালেঞ্জ ডিভিশন, যা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক হংকংয়ের প্রতিপক্ষ ব্রুনেই। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ভারত ও চীনকে আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যন্ত তারা নাম প্রত্যাহার করে নেয়।প্রিমিয়ার ডিভিশনে রয়েছে আটটি দল, যাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে রয়েছে গত মাসে আসিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা থাইল্যান্ড ও ভিয়েতনাম, সঙ্গে ফিলিপাইন ও পাকিস্তান। আর ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডারে জাতীয় দলগুলোর জন্য অর্থবহ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের সুযোগ তৈরি করতেই ফিফা আসিয়ান কাপ চালু করা হয়েছে। এদিকে গত মাসে আসিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা ভিয়েতনাম ২৬ সেপ্টেম্বর বান্দুংয়ে ফিলিপাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে।

সেপ্টেম্বর ১০, ২০২৬

অভিষেকেই ১৫০, বিশ্বরেকর্ডে ব্রিটজকের পাশে হারমান

আর মাত্র এক রান করলেই ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি এককভাবে নিজের করে নিতে পারতেন দক্ষিণ আফ্রিকার ওপেনার জর্ডান হারমান। তবে ১৫০ রানে থেমে গেলেও নামিবিয়ার বিপক্ষে দুর্দান্ত ইনিংস দিয়ে অভিষেক স্মরণীয় করে রেখেছেন তিনি। পুরুষদের ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ডে স্বদেশি ম্যাথু ব্রিটজকের পাশে বসেছেন হারমান।বুধবার উইন্ডহোকে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ঝলমলে ইনিংস খেলেন হারমান। তার ইনিংসে ছিল ১৭টি চার ও তিনটি ছক্কার মার। ১২৫ বলে দেড় শ পূর্ণ করার পর পরের বলেই আউট হন এই প্রোটিয়া ওপেনার। ফলে এক রানের জন্য বিশ্বরেকর্ডটি এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ হাতছাড়া হয় তার।এর আগে গত বছরের ১০ ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই ১৫০ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটজকে। তার আগে ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে ১৪৮ রান করে ৪৭ বছর ধরে রেকর্ডটি ধরে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইনস। ব্রিটজকে সেই রেকর্ড ভাঙার পর এবার তার পাশে নাম লেখালেন হারমান।হারমানের ইনিংসের শুরুটা ছিল বেশ ধীরস্থির। প্রথম ফিফটি পেতে তিনি খেলেন ৬১ বল। এরপর ব্যাট চালানোর গতি বাড়িয়ে দেন এই ওপেনার। ৯৩ বলে শতক পূর্ণ করার পর দেড় শ রানে পৌঁছাতে খেলেন মাত্র ৩২ বল। তার এই ঝোড়ো ব্যাটিং দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেয়।টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৭ রানেই কনর এস্টারহুইজেনকে হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর টনি ডি জর্জির সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৯০ রানের বড় জুটি গড়েন হারমান। ডি জর্জি ৮৪ বলে করেন ৭২ রান। নিজের অভিষেকেই শতক করা হারমান দক্ষিণ আফ্রিকার পঞ্চম এবং পুরুষদের ওয়ানডে ইতিহাসের ২০তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন। তার আগে প্রোটিয়াদের হয়ে ওয়ানডে অভিষেকে শতক করেছিলেন কলিন ইনগ্রাম, টেম্বা বাভুমা, রিজা হেন্ড্রিকস ও ম্যাথু ব্রিটজকে।

সেপ্টেম্বর ০৯, ২০২৬

নারী ফুটবল ক্যালেন্ডার নিয়ে ফিফার বিরুদ্ধে অভিযোগ

ইউরোপে নারী ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার ও নিয়ন্ত্রক সিদ্ধান্ত নিয়ে ফিফার বিরুদ্ধে ‘অন্যায্য’ ও ‘অবাঞ্ছিত আচরণের’ অভিযোগ তুলেছে ইউরোপীয় লিগগুলোর সমন্বিত সংগঠন ইউরোপিয়ান লিগস। মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ইউরোপীয় কমিশনের কাছে করা আগের অভিযোগের পরিধি বাড়িয়ে এবার নারী ফুটবলের বিষয়গুলোও এর আওতায় আনা হয়েছে।পুরুষ ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার নিয়ে ২০২৪ সালের অক্টোবরে ইউরোপীয় কমিশনে প্রথম অভিযোগ দাখিল করেছিল ইউরোপিয়ান লিগস। সংগঠনটির অভিযোগ, ২০২৩ সালে ঘোষিত পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার তৈরির সময় লিগগুলোর সঙ্গে যথাযথ পরামর্শ না করে ফিফা ইউরোপীয় প্রতিযোগিতা আইনের আওতায় নিজের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে। জুনে ইংল্যান্ডের উইমেন্স সুপার লিগ ও স্কটিশ উইমেন্স প্রিমিয়ার লিগসহ ১৪টি নারী লিগকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পর অভিযোগের পরিধি নারী ফুটবলেও বাড়ানো হয়েছে।ইউরোপিয়ান লিগসের দাবি, ফিফার কর্মকাণ্ড ইউরোপের নারী পেশাদার লিগগুলোর উন্নয়ন ও আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। একই সঙ্গে অতিরিক্ত ম্যাচ ও ব্যস্ত সূচির কারণে খেলোয়াড়দের স্বাস্থ্য ও সুস্থতাও ঝুঁকিতে পড়ছে বলে অভিযোগ সংগঠনটির। তাদের ভাষ্য, নিয়ন্ত্রক সংস্থা ও প্রতিযোগিতা আয়োজক—দুই ভূমিকায় ফিফার অবস্থান স্বার্থের সংঘাত তৈরি করছে এবং এর ফলে নারী ফুটবলও ক্ষতিগ্রস্ত হচ্ছে।অভিযোগের বিষয়ে ফিফা এর আগে জানিয়েছিল, ২০২৩ সালের কংগ্রেসে অনুমোদিত আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার তৈরির আগে লিগসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ব্যাপক আলোচনা করা হয়েছিল। সংস্থাটি আরও বলেছে, ক্লাব বিশ্বকাপের মতো নিজেদের প্রতিযোগিতার নিয়ম ও কাঠামো নির্ধারণের অধিকার ফিফার রয়েছে, তবে তা অবশ্যই আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডারের সম্মত কাঠামোর মধ্যে থাকতে হবে।ফিফার বিরুদ্ধে নতুন করে আইনি চাপ এমন এক সময়ে এসেছে, যখন সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোও সমালোচনার মুখে রয়েছেন। পুরুষ ও নারী বিশ্বকাপসহ ফিফার প্রতিযোগিতাগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগ নেওয়ার একটি পরিকল্পনা নিয়ে তিনটি মহাদেশীয় কনফেডারেশন আপত্তি জানিয়েছিল। পরবর্তীতে বাতিল হওয়া ওই পরিকল্পনায় ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি কোম্পানি গঠনের কথা ছিল, যার ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের দেওয়ার প্রস্তাব ছিল। ইউরোপিয়ান লিগসের মতে, ওই বিতর্কও ফিফার নিয়ন্ত্রক ও বাণিজ্যিক ভূমিকায় থাকা কাঠামোগত দ্বন্দ্বকে আরও স্পষ্ট করেছে।সূত্র: আল জাজিরা/টি

সেপ্টেম্বর ০৮, ২০২৬

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা মারুফা

এশিয়া কাপে দুর্দান্ত শুরুর পর এবার আইসিসির কাছ থেকেও সুখবর পেলেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন ২১ বছর বয়সী এই পেসার।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মেয়েদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। সেখানে মারুফা ছাড়াও বাংলাদেশের সুলতানা খাতুন, সোবহানা মোস্তারি ও দিলারা আক্তারের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।এশিয়া কাপের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন মারুফা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষেও বল হাতে ঝড় তোলেন তিনি। ৪ ওভারে ২১ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। এমন ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন এই পেসার। তার রেটিং পয়েন্ট এখন ৬২২, যা র‍্যাঙ্কিং ও রেটিং দুদিক থেকেই ক্যারিয়ার সেরা।এর আগে ২০২৪ সালের মে মাসে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে উঠেছিলেন মারুফা। সেবার তার রেটিং ছিল ৬০৬ পয়েন্ট। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে এক মেডেনসহ ১৪ রান দিয়ে ১ উইকেট নেওয়া সুলতানা খাতুন ৯ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠেছেন। তবে রাবেয়া খাতুন এক ধাপ পিছিয়ে ২১ নম্বরে এবং নাহিদা খাতুন চার ধাপ পিছিয়ে ৩২ নম্বরে নেমেছেন।ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের কেউ সেরা বিশে জায়গা করে নিতে পারেননি। তবে এক ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রান করে সোবহানা মোস্তারি তিন ধাপ এগিয়ে ৩৬ নম্বরে এবং দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠেছেন। সব মিলিয়ে এশিয়া কাপে মারুফার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি মিলল আইসিসির র‍্যাঙ্কিংয়েও।/টি

সেপ্টেম্বর ০৮, ২০২৬

১২ বছর পর ইংল্যান্ড দলে ফিরছেন কেভিন পিটারসেন

দীর্ঘ ১২ বছর পর আবারও ইংল্যান্ডের জাতীয় দলের সঙ্গে কাজ করতে যাচ্ছেন সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে তাকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দায়িত্ব পেয়ে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটে নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন তিনি।সোমবার ইসিবি জানায়, চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ দিয়েই পিটারসেনের নতুন দায়িত্ব শুরু হবে। প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে কাজ করবেন তিনি। বিশেষ করে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিতে দল ও ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে সহায়তা করবেন সাবেক এই তারকা ব্যাটার।দায়িত্ব ফিরে পাওয়ার অনুভূতি জানিয়ে পিটারসেন বলেছেন, ২০১৪ সালের পর আবার ইংল্যান্ডের পোশাক পরতে পারা তার জন্য বিরাট সম্মানের। নিজের অভিজ্ঞতা দিয়ে দলের ক্রিকেটারদের সামর্থ্য পুরোপুরি কাজে লাগাতে সাহায্য করতে চান তিনি। সর্বোচ্চ পর্যায়ে সফল হওয়ার অভিজ্ঞতা এবং ব্যাটিংয়ের গভীর জ্ঞান দিয়ে ইংল্যান্ডের ব্যাটারদের উন্নতিতে ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন ম্যাককালামও।পিটারসেনকে নিয়োগের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তার দীর্ঘ পরিচয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দক্ষিণ আফ্রিকায় বেড়ে ওঠা এই ক্রিকেটার দেশটির কন্ডিশন ও পরিবেশ সম্পর্কে ভালোভাবে জানেন। আগামী বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় পরিবেশ সম্পর্কে তার অভিজ্ঞতা ইংল্যান্ডের প্রস্তুতিতে বাড়তি সুবিধা দেবে বলে আশা করছে ইসিবি।২০১৩–১৪ অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের ভরাডুবির পর বিতর্কিত পরিস্থিতিতে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন পিটারসেন। এরপর আর ইংল্যান্ডের হয়ে কাজ করার সুযোগ হয়নি তার। সেই বিদায়ের ১২ বছর পর এবার ভিন্ন ভূমিকায় জাতীয় দলে ফিরছেন ৪৫ বছর বয়সী সাবেক এই অধিনায়ক।

সেপ্টেম্বর ০৭, ২০২৬

লাউতারোর জোড়া গোলে ইন্টারের রোমাঞ্চকর জয়

দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে নাপোলিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে সিরি আ’র ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিলান। অধিনায়ক লাউতারো মার্তিনেজের জোড়া গোল ও মার্কাস থুরামের এক গোলে রোমাঞ্চকর জয় তুলে নেয় ক্রিস্তিয়ান কিভুর দল। যোগ করা সময়ে জয়সূচক গোলটি করে ইন্টারের নায়ক বনে যান লাউতারো।শনিবার সান সিরোতে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। বিরতির ঠিক আগে ফেদেরিকো দিমারকোর ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসায় এগিয়ে যাওয়ার সুযোগ হারায় ইন্টার। বিরতির পর অবশ্য দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নাপোলি। ৫০ মিনিটে ফিরতি বল কাজে লাগিয়ে গোল করেন মাত্তেও পলিতানো। তিন মিনিট পর জিওভান্নি দি লরেঞ্জোর পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন রাসমুস হইলুন্দ।দুই গোলে পিছিয়ে পড়ার পর দ্রুতই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৫৬ মিনিটে লাউতারো মার্তিনেজের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান কমায় ইন্টার। এরপর আক্রমণের ধার বাড়াতে একাধিক বদলি নামান কোচ কিভু। তার কৌশল কাজে আসে ৮২ মিনিটে। কার্লোস অগুস্তোর ক্রস থেকে হেডে গোল করে ইন্টারকে সমতায় ফেরান মার্কাস থুরাম। ২-২ হওয়ার পর জয়ের জন্য দুই দলই মরিয়া হয়ে ওঠে। শেষ পর্যন্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে কর্নার থেকে আসা বল পেছনের পোস্টে পেয়ে কাছ থেকে জালে পাঠান লাউতারো। নিজের দ্বিতীয় গোল করে ইন্টারকে অবিশ্বাস্য ৩-২ ব্যবধানের জয় এনে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।এই জয়ে নতুন মৌসুমে সিরি আ’তে শতভাগ জয়ের ধারা ধরে রাখল ইন্টার মিলান। ম্যাচ শেষে কোচ ক্রিস্তিয়ান কিভু জানান, জয়ের জন্য ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তই তাদের সাফল্য এনে দিয়েছে। ২-২ হওয়ার পর দুই দল যেভাবে জয়ের জন্য আক্রমণ করেছে, ইতালিয়ান ফুটবলে এমন ম্যাচ খুব বেশি দেখা যায় না বলেও মন্তব্য করেন তিনি। নাপোলির বিপক্ষে এই প্রত্যাবর্তনের জয় মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নামার আগে ইন্টারের আত্মবিশ্বাস আরও বাড়াবে।/টি

সেপ্টেম্বর ০৬, ২০২৬

যেকারণে ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ করল ভারত

বয়স জালিয়াতি ও নথিপত্রে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার রোহিত যাদবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। একই অপরাধে ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার রবি কুমারসহ মোট ৬৫ জন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে রাজ্য সংস্থাটি।আসন্ন মৌসুম সামনে রেখে খেলোয়াড়দের প্রাক-মৌসুম নথিপত্র ও মূল কাগজপত্র যাচাইয়ের সময় বয়সসংক্রান্ত বড় ধরনের গরমিল ধরা পড়ে। তদন্তে রোহিত যাদবের প্রকৃত বয়সের সঙ্গে জমা দেওয়া নথিতে উল্লেখ করা বয়সের প্রায় ২৭ মাসের পার্থক্য পাওয়া যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। চলতি মাসের শেষদিকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের জন্য তিনি বিবেচনায় ছিলেন।রোহিতের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। একই তদন্তে রবি কুমারসহ আরও ৬৪ জন ক্রিকেটারের বয়সসংক্রান্ত অনিয়ম ধরা পড়ে। সিএবির তথ্যমতে, রবি কুমারের প্রকৃত বয়সের সঙ্গে নথিতে উল্লেখ করা বয়সের পার্থক্য ৪০ মাসেরও বেশি।২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন রবি কুমার। মাত্র ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঁহাতি এই পেসার। একই বছর বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হলেও ২০২৩ সালের পর থেকে তিনি দলছুট ছিলেন। সিএবির সিদ্ধান্ত অনুযায়ী, বয়সভিত্তিক ক্যারিয়ারের শুরু থেকে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত রবি কুমারের অর্জিত সব ব্যক্তিগত রেকর্ড ও পরিসংখ্যান বাতিল করা হয়েছে।বয়সভিত্তিক ক্রিকেটে জালিয়াতি ঠেকাতে বেশ কিছুদিন ধরেই কঠোর অবস্থানে রয়েছে বিসিসিআই। ২০২০ সালে সংস্থাটি ‘সাধারণ ক্ষমা’ নীতি চালু করে খেলোয়াড়দের স্বেচ্ছায় সঠিক বয়স প্রকাশের সুযোগ দিয়েছিল। বর্তমানে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বয়স প্রমাণের জন্য জন্মসনদের পাশাপাশি স্কুল ও কলেজের প্রয়োজনীয় শিক্ষাগত সনদ জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। বয়সসংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে এবারের এই বড় শাস্তিকে সেই কঠোর অবস্থানেরই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।/টি

সেপ্টেম্বর ০৫, ২০২৬

পিসিবির কড়া সিদ্ধান্তে বিপাকে ইমাম-রিজওয়ান

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেটে নেমে এসেছে অস্থিরতা। সিরিজের মাঝপথে স্কোয়াডে বড় পরিবর্তনের পাশাপাশি এবার শাস্তির মুখে পড়তে পারেন দুই অভিজ্ঞ ক্রিকেটার ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ান। অধারাবাহিক পারফরম্যান্সের সমালোচনার মধ্যেই ইমামের চোট নিয়ে তদন্ত এবং রিজওয়ানের শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পায়ের চোটের কারণে দুই ইনিংসেই ব্যাটিংয়ে নামেননি ইমাম-উল-হক। তবে তার চোটের ধরন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে ইমামকে এক থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করতে পারে পিসিবি। তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার প্রস্তুতিও নিচ্ছেন পাকিস্তানের এই বাঁহাতি ওপেনার।ইমামের বিরুদ্ধে ভুয়া বা অতিরঞ্জিত চোটের অভিযোগ অবশ্য নতুন নয়। ২০২৫ সালের মার্চে নিউজিল্যান্ড সফরের একটি ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ইনডোর নেট সেশনে একটি বল তার ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত করার পর তিনি চোটের লক্ষণ অতিরঞ্জিত করেছিলেন। এ ঘটনায় চিকিৎসা দলের সদস্যদের বিভ্রান্ত করার অভিযোগও উঠেছিল। এবার লর্ডস টেস্টের ঘটনা সামনে আসায় পুরোনো অভিযোগও তদন্তের আওতায় আসতে পারে।অন্যদিকে, মোহাম্মদ রিজওয়ানের শৃঙ্খলা নিয়েও পিসিবির মধ্যে গুরুতর উদ্বেগ রয়েছে বলে জানিয়েছে জিও নিউজ। এ বিষয়ে সাবেক অধিনায়ককে তলব করা হতে পারে। তার দেওয়া জবাব সন্তোষজনক না হলে ভবিষ্যতে পাকিস্তান জাতীয় দলে তার জায়গা নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের স্কোয়াড থেকে ইমাম ও রিজওয়ানের সঙ্গে বাদ পড়েছেন সালমান আলী আগা, আলী উসমান, আমের জামাল, মুহাম্মদ আওয়াইস জাফর ও খুররম শেহজাদ।এদিকে সিরিজের মাঝপথে একসঙ্গে সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোর ঘটনায় পাকিস্তান ক্রিকেটে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কোচিং স্টাফ ও নির্বাচক প্যানেলেও এসেছে পরিবর্তন। টেস্ট দলের কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে অব্যাহতি দেওয়ার পর নির্বাচক প্যানেলের সদস্য মিসবাহ-উল-হকও পদত্যাগপত্র দিয়েছেন। সব মিলিয়ে ইংল্যান্ড সিরিজের ব্যর্থতার পাশাপাশি মাঠের বাইরের নানা ঘটনায় চাপে রয়েছে পিসিবি। ইমাম ও রিজওয়ানের বিরুদ্ধে তদন্ত এবং সম্ভাব্য শাস্তি সেই সংকটকে আরও গভীর করতে পারে।/টি

সেপ্টেম্বর ০৩, ২০২৬

অভিষেকেই জয়, শেফিল্ডে হামজার নতুন যাত্রা

শেফিল্ডের জার্সিতে অভিষেকেই জয়, হামজার নতুন অভিযাত্রার শুরুইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে যোগ দেওয়ার পর প্রথমবার মাঠে নেমেই জয়ের স্বাদ পেয়েছেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে চ্যাম্পিয়নশিপের ম্যাচে বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। চলতি মৌসুমে এটি দলটির প্রথম জয়। এর আগে তিন ম্যাচে ড্র করায় পূর্ণ তিন পয়েন্টের দেখা পায়নি তারা।ব্রামাল লেনে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই ধাক্কা খায় হামজার দল। ম্যাচের প্রথম মিনিটেই জাভিয়ার সিমন্সের গোলে এগিয়ে যায় বোল্টন। তবে পিছিয়ে পড়ার মাত্র তিন মিনিটের মধ্যেই সমতায় ফেরে শেফিল্ড ইউনাইটেড। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও এগিয়ে যায় সফরকারীরা। স্যাম ডাল্বির গোলে ২-১ ব্যবধানে লিড নেয় বোল্টন। তবে এক মিনিট পরই ম্যাচে ফের সমতা আনে শেফিল্ড ইউনাইটেড। প্যাট্রিক ব্যামফোর্ডের গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-২। এরপর দুই দলই জয়সূচক গোলের জন্য আক্রমণ চালাতে থাকে।ম্যাচে বল দখলের দিক থেকে সামান্য এগিয়ে ছিল শেফিল্ড ইউনাইটেড। ৫৩ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে স্বাগতিকরা প্রতিপক্ষের গোলমুখে ২০টি শট নেয়, যার তিনটি থেকে গোল আসে। অন্যদিকে বোল্টন ৪৭ শতাংশ বলের দখল নিয়ে শেফিল্ডের গোলবার লক্ষ্য করে ২১টি শট নেয় এবং পাঁচটি শট ছিল লক্ষ্যে। এর মধ্যে দুটি শট থেকেই গোল পায় সফরকারীরা।ম্যাচটি যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন নির্ধারিত সময়ের শেষ মিনিটে নাটকীয় জয়সূচক গোল পায় শেফিল্ড ইউনাইটেড। রোমেলে ডোনোভানের গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ফলে শেফিল্ডের জার্সিতে অভিষেক ম্যাচেই জয়ের আনন্দে ভাসেন হামজা চৌধুরী। নতুন ক্লাবে বাংলাদেশি এই মিডফিল্ডারের পথচলা শুরু হলো স্মরণীয় এক জয় দিয়ে।

সেপ্টেম্বর ০২, ২০২৬

নীল-সাদা জার্সিতে শেষ মেসি অধ্যায়

ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিংবদন্তি লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩৯ বছর বয়সী এই মহাতারকা। দীর্ঘ চিন্তাভাবনার পর নেওয়া এই সিদ্ধান্ত তার নিজের জন্যও অত্যন্ত কষ্টের বলে জানিয়েছেন মেসি। তবে মনে করছেন, জাতীয় দলের জার্সিতে তার অধ্যায় এবার শেষ করার সময় এসেছে।প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতিচারণ করে মেসি বলেন, আর্জেন্টিনার জার্সি গায়ে প্রতিবারই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। দেশের মানুষকে আনন্দ দেওয়া এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হিসেবে গর্বিত করাই ছিল তার অন্যতম লক্ষ্য। জাতীয় দলের হয়ে খেলার ভালোবাসা কখনো শেষ হবে না জানিয়ে মেসি বলেন, এখন তার দেওয়ার মতো আর কিছু অবশিষ্ট নেই। একই সঙ্গে নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।বিদায়ী বার্তায় সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। দুই দশকের পথচলায় পাওয়া ভালোবাসা, সমর্থন ও মাঠভরা গর্জনের কথা স্মরণ করে মেসি জানিয়েছেন, গ্যালারি থেকে ভেসে আসা সমর্থকদের কণ্ঠ তিনি ভীষণ মিস করবেন। পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। জানিয়েছেন, জাতীয় দলের হয়ে কাটানো অসংখ্য স্মৃতি ও আবেগঘন মুহূর্ত সারাজীবন তার হৃদয়ে থেকে যাবে।মেসির নেতৃত্বেই আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। ২০২৬ বিশ্বকাপের ফাইনালেও দলকে নেতৃত্ব দেন তিনি, যদিও স্পেনের কাছে হেরে শিরোপা ছুঁতে পারেনি আর্জেন্টিনা। মেসি জানিয়েছেন, সেই ফাইনালের দুই দিন পর, ২১ জুলাই, তিনি অবসরের চিঠি লিখেছিলেন। তবে সঙ্গে সঙ্গে তা প্রকাশ করেননি। পরবর্তীতে বাবা হোর্হে মেসির মৃত্যুর পর নিজের সিদ্ধান্তের ব্যাপারে আরও দৃঢ় হন তিনি।জাতীয় দলকে বিদায় জানালেও ফুটবলকে এখনই বিদায় বলছেন না মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। তবে আর্জেন্টিনার জার্সিতে আর মাঠে নামবেন না এই কিংবদন্তি—এটাই বদলে দিচ্ছে ফুটবলের এক আবেগঘন অধ্যায়ের শেষ পৃষ্ঠা। বিদায়ী বার্তার শেষদিকে নিজের দেশকে ভালোবাসায় ভাসিয়ে মেসি বলেছেন, ঈশ্বরকে ধন্যবাদ, তিনি তাকে আর্জেন্টাইন হিসেবে জন্ম দিয়েছেন। এরপর রেখে গেছেন হৃদয়ছোঁয়া সেই আহ্বান—‘চলো, আর্জেন্টিনা।’/টি

আগস্ট ৩১, ২০২৬

সেমিফাইনালে নাটকীয় হার বাংলাদেশ এইচপির

বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের যাত্রা থেমে গেল ফাইনালের এক ধাপ আগে। রোববার ডারউইনের গার্ডেনস ওভালে সেমিফাইনালে ভিক্টোরিয়া সিএ একাদশের কাছে এক উইকেটে হেরেছে বাংলাদেশ। মাত্র ১০১ রানের পুঁজি নিয়ে লড়াই করেও শেষ উইকেটটি তুলে নিতে না পারায় ১৯.৪ ওভারে ৯ উইকেটে ১০৫ রান করে ম্যাচ জিতে ফাইনালে উঠে যায় ভিক্টোরিয়া।টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। ১৭.১ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন জিশান আলম। আরিফুল ইসলাম ১০ বলে ১৯, আবু হায়দার ১২ এবং আব্দুল গাফফার সাকলাইন করেন ১০ রান। ভিক্টোরিয়ার অধিনায়ক উইল সাদারল্যান্ড ২৭ রানে চার উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান। স্যাম এলিয়ট, হ্যারি হুকস্ত্রা ও টড মারফি নেন দুটি করে উইকেট।১০২ রানের লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই হ্যারি ডিক্সনকে শূন্য রানে ফিরিয়ে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন রুবেল। এরপর শামীম টম রজার্স ও ক্যাম্পবেল কেলাওয়েকে ফেরালে ৭৫ রানে তিন উইকেট হারায় ভিক্টোরিয়া। পরে আবু হায়দার ব্লেক ম্যাকডোনাল্ডকে আউট করেন। রুবেল টানা দুই বলে অধিনায়ক সাদারল্যান্ড ও স্যাম এলিয়টকে ফিরিয়ে ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দেন।শেষ দিকে নাটকীয়ভাবে ম্যাচের নিয়ন্ত্রণে ফিরে আসে বাংলাদেশ। রিপন মন্ডল ব্রডি সাইমন্সকে, রাকিবুল হাসান হ্যারি হুকস্ত্রাকে ফেরানোর পর রান আউট হন টড মারফি। এতে ভিক্টোরিয়ার স্কোর দাঁড়ায় ১০১ রানে ৯ উইকেট—দুই দলের রান সমান। তবে শেষ উইকেটটি আর নিতে পারেনি বাংলাদেশ। লিয়াম ব্ল্যাকফোর্ড ২৬ বলে অপরাজিত ১৯ রান করে দলকে জয় এনে দেন। বাংলাদেশের হয়ে রুবেল চার ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট নেন, শামীম নেন দুটি এবং আবু হায়দার, রিপন ও রাকিবুল নেন একটি করে উইকেট।সেমিফাইনালে হারলেও টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ এইচপি। ছয় লিগ ম্যাচের পাঁচটিতেই জিতে তারা শেষ চারে উঠেছিল। এমনকি ২৪ আগস্ট লিগ পর্বে এই ভিক্টোরিয়াকেই পাঁচ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ—সেই ম্যাচে রুবেল চার উইকেট এবং শামীম অপরাজিত ৫১ রান করেছিলেন। এবার নিয়ে দ্বিতীয়বার ফাইনালে ওঠার সুযোগ তৈরি হয়েছিল এইচপির সামনে, কিন্তু শেষ মুহূর্তের এক উইকেটের আক্ষেপ নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হলো তাদের।/টি

আগস্ট ৩০, ২০২৬

আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলেও এখনও দেশে ফেরেনি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর আবারও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার প্রস্তুতি নেবে টাইগাররা। সেখানে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি রূপ নিচ্ছে ত্রিদেশীয় সিরিজে।বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে তৃতীয় দল হিসেবে যুক্ত হচ্ছে জিম্বাবুয়ে। আগামী অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এই ওয়ানডে লড়াই। ফলে আগের পরিকল্পনার তুলনায় বাংলাদেশ দলের ম্যাচের সংখ্যা বাড়তে যাচ্ছে।প্রাথমিক সূচি অনুযায়ী, আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। সিরিজ আয়োজনের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে ছিল। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জিম্বাবুয়েকে ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার প্রস্তাব দেয়। এতদিন কোনো সিদ্ধান্ত না জানালেও শেষ পর্যন্ত সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে জিম্বাবুয়ে।এদিকে আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও সেই সিরিজ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে ওই সময়ে জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ।বিসিবির একটি সূত্র জানিয়েছে, ওয়ানডে ফরম্যাটের এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে অংশ নেবে। সিরিজের নির্দিষ্ট দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ওয়ানডে লড়াই শেষে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে বাংলাদেশ। ফলে ব্যস্ত সূচিতে নতুন আরেকটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগারদের জন্য।/টি

আগস্ট ২৭, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo