
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতসহ বিশ্বের ১৬টি বড় অর্থনীতির দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে। এ তালিকায় রয়েছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এসব দেশের শিল্প খাতে সরকারি ভর্তুকি ও সহায়তার কারণে মার্কিন উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন— এমন অভিযোগে নতুন শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে চলা তদন্তের ফলাফল শিগগিরই প্রকাশ করতে পারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। সংস্থাটির প্রধান জামিসন গ্রিয়ার চলতি সপ্তাহেই এ বিষয়ে ঘোষণা দিতে পারেন। অন্যদিকে, ব্লুমবার্গ জানিয়েছে, মঙ্গলবারই নতুন শুল্কের ঘোষণা আসতে পারে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস ও ইউএসটিআরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ১১ মার্চ ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারায় শিল্প খাতে ভর্তুকি ও সরকারি সহায়তার অভিযোগ তদন্ত শুরু করে ইউএসটিআর। ভারতের পাশাপাশি চীন, ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১৬টি অর্থনীতিকে এ তদন্তের আওতায় আনা হয়। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ারের অভিযোগ, এসব দেশের সরকার শিল্পপ্রতিষ্ঠানকে অতিরিক্ত সহায়তা দেওয়ায় অতিরিক্ত পণ্য উৎপাদন হচ্ছে। পরে কম দামে আন্তর্জাতিক বাজারে এসব পণ্য বিক্রি করায় মার্কিন উৎপাদকরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। নতুন শুল্কের আওতায় অধিকাংশ রপ্তানি পণ্য আসতে পারে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির মতো কিছু পণ্য বাদ থাকতে পারে।
নতুন শুল্কের হার এখনো চূড়ান্ত হয়নি। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এর আগে ২০২৫ সালে আরোপ করা শুল্কের কাছাকাছি হার নির্ধারণের ইঙ্গিত দিয়েছেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের শুল্কের একটি বড় অংশ বাতিল করে দেওয়ার পর নতুন করে শুল্ক আরোপের পথ খুঁজছে প্রশাসন। এর আগে গত জুলাইয়ে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে তদন্ত শেষে কয়েক ডজন বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের যৌক্তিকতা তুলে ধরেছিল ইউএসটিআর। নতুন শুল্কের সঙ্গে ওই শুল্কও যুক্ত হতে পারে।
নতুন শুল্ক আরোপের পরিকল্পনায় ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনাও চাপে পড়তে পারে। কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে অন্তর্বর্তী দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। গত ফেব্রুয়ারিতে চুক্তির একটি কাঠামো চূড়ান্ত হলেও সুপ্রিম কোর্টের রায়ের পর আলোচনায় জটিলতা তৈরি হয়। বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশের তুলনায় নিজেদের পণ্যে কম শুল্ক আদায়ের চেষ্টা করছে নয়াদিল্লি। নতুন শুল্ক কার্যকর হলে ভারতের পাশাপাশি এশিয়ার অন্যান্য বড় রপ্তানিকারক দেশের জন্যও মার্কিন বাজারে প্রতিযোগিতা কঠিন হয়ে উঠতে পারে।
টি/