
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রেশ কাটতে না কাটতেই এবার পারমাণবিক ক্ষমতাসম্পন্ন নতুন মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান যৌথ সামরিক মহড়ার মধ্যেই রোববার এই শক্তি প্রদর্শন করল পিয়ংইয়ং। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ১২টি ৬০০ মিলিমিটার ক্যালিবারের এই অতি-নির্ভুল রকেটগুলো সরাসরি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সশরীরে এই পরীক্ষা পর্যবেক্ষণ করেন। তিনি দাবি করেছেন, এই রকেটগুলো ৪২০ কিলোমিটার দূরত্বের শত্রুদের মাঝে চরম অস্বস্তি ও ভীতি তৈরি করবে। কিমের মতে, এই পরীক্ষার মূল উদ্দেশ্য হলো শত্রুদের কাছে উত্তর কোরিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের বিধ্বংসী ক্ষমতা সম্পর্কে একটি কড়া বার্তা
কেসিএনএ-র প্রতিবেদনে বলা হয়েছে, ছোড়া প্রতিটি রকেট পূর্ব সাগরে ৩৬০ কিলোমিটার দূরের একটি দ্বীপের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হেনেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে কিম জং উনকে তার মেয়ে জু আয়ে এবং সামরিক কর্মকর্তাদের সাথে উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে দেখা গেছে। এসব রকেট লঞ্চারকে বর্তমান সময়ের অন্যতম ‘প্রাণঘাতী অস্ত্র’ হিসেবে অভিহিত করেছেন কিম।
উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের চরম লঙ্ঘন এবং উসকানিমূলক কাজ বলে নিন্দা জানিয়েছে সিউল। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ পিয়ংইয়ংকে অবিলম্বে এ ধরনের সামরিক তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, এই রকেট পরীক্ষার মাত্র একদিন আগেই পিয়ং ইয়ং একযোগে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছিল।
আঞ্চলিক উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সাথে উচ্চপর্যায়ের আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা করছেন। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর মতে, ট্রাম্প এখনও কিম জং উনের সাথে একটি সফল বৈঠকের ব্যাপারে আশাবাদী। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকে ট্রাম্পের বেইজিং সফরের সময় কিমের সাথে একটি বিশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে।
/টিএ