
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়েছেন তিনি। শনিবার সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সৌরাষ্ট্রের বিপক্ষে বিহারের হয়ে টস করতে নেমে এই কীর্তি গড়েন সূর্যবংশী। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তার হাত ধরেই নতুন ইতিহাস রচিত হয়।
এর আগে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ডটি ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের দখলে। ২০২৫ সালে সাইপ্রাসের বিপক্ষে ১৭ বছর ৩১১ দিন বয়সে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবার তার চেয়ে দুই বছরেরও কম বয়সে সেই রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের তাইমুর আলী (১৭ বছর ৩৫৮ দিন), চতুর্থ স্থানে তানজানিয়ার লক্ষ বারকানিয়া (১৮ বছর ৫ দিন) এবং পঞ্চম স্থানে ফ্রান্সের নোমান আমজাদ (১৮ বছর ২৪ দিন)।
সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সূর্যবংশী। অধিনায়কত্বের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘বিহারকে নেতৃত্ব দেওয়া স্বপ্ন সত্যি হওয়ার মতো। এই সুযোগের জন্য আমি খুবই কৃতজ্ঞ।’ তবে ব্যাট হাতে নিজের রেকর্ড গড়ার দিনটি স্মরণীয় করে রাখতে পারেননি এই তরুণ ওপেনার। ১২ বলে ১৮ রান করে ইনিংসের পঞ্চম ওভারে চেতন সাকারিয়ার বলে আউট হন তিনি।
গত সপ্তাহে সৈয়দ মুশতাক আলী ট্রফির জন্য দল ঘোষণার সময় সূর্যবংশীকে বিহারের অধিনায়ক করা হয়। তবে টুর্নামেন্টের সব ম্যাচে তিনি নেতৃত্ব দিতে পারবেন না। আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হতে যাওয়া রাইজিং স্টারস এশিয়া কাপে অংশ নিতে শিগগিরই বিহার দল ছাড়বেন এই তরুণ ক্রিকেটার। এর আগে চলতি বছরের শুরুতে দুলীপ ট্রফিতে ইস্ট জোনের সহ-অধিনায়কের দায়িত্বও পালন করেছিলেন তিনি। সেই দলের অধিনায়ক ছিলেন ঈশান কিষান।
তবে এত অল্প বয়সে সূর্যবংশীকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও উঠেছিল। সম্প্রতি ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারও এ বিষয়ে নিজের মতামত জানান। রেডিটে এক প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, দুলীপ ট্রফিতে সূর্যবংশীকে সহ-অধিনায়ক করা কিছুটা তাড়াহুড়ো হয়েছে। তার মতে, নেতৃত্বের বড় দায়িত্ব দেওয়ার আগে এই তরুণকে আরও বেশি লাল বলের ক্রিকেট খেলার সুযোগ দেওয়া উচিত এবং ধাপে ধাপে এগিয়ে নেওয়া প্রয়োজন।
টি/