
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসার ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য শিক্ষার্থী অথবা তাদের অভিভাবকের ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে উপবৃত্তির অর্থ পাঠানো হবে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় হিসাব খোলার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
গত ১৮ নভেম্বর ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন। নির্দেশনায় বলা হয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণির ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালু করা হবে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে এ অর্থ বিতরণ করা হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব ছাত্রীর নাম ইতোমধ্যে এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত রয়েছে বা যারা উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খুলতে হবে না। তবে নতুন উপবৃত্তির আওতায় আসা ছাত্রীদের নিজেদের অথবা অভিভাবকের নামে হিসাব খুলতে হবে। অভিভাবক হিসেবে বাবা বা মাকে বিবেচনা করা হবে। তাঁরা জীবিত না থাকলে আপন ভাই-বোন, দাদা-দাদি কিংবা নানা-নানির যেকোনো একজন অভিভাবক হতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সিমে হিসাব খুলতে হবে।
বাবা-মা ও নির্ধারিত বিকল্প অভিভাবক কেউ না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান তৃতীয় একজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করে প্রত্যয়নপত্র দেবেন। সেটি এইচএসপি-এমআইএস সফটওয়্যারে আপলোড করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থী নিজের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তি পাবে। হিসাব খোলার সময় কেওয়াইসি ফরম পূরণ করে অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক। শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে জাতীয় পরিচয়পত্র দিয়ে ব্যাংক হিসাব হালনাগাদ করতে হবে।
এদিকে, নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকেও এ কর্মসূচির আওতায় আনার সুযোগ রাখা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ডের অনুমোদন ও ব্যানবেইসের দেওয়া ইআইআইএন নম্বর থাকতে হবে। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে। উপবৃত্তি-সংক্রান্ত সমস্যায় সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে mis.hsp@pmeat.gov.bd ঠিকানায় ই-মেইল করে যোগাযোগ করতে বলা হয়েছে। নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
টি/