
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানী এবং সংবর্ধনা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তাঁদের সম্মানিত করার মাধ্যমে রাষ্ট্র তার দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করছে। শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক খেতাব পাওয়া যেমন গৌরবের, তার চেয়েও বড় অর্জন স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। এক জীবনে সবার পক্ষে এমন অর্জন সম্ভব হয় না। এ কারণে বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।
তিনি আরও বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং আহত ও পঙ্গুত্ববরণ করা মানুষের ত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক দিনে মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি আহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন।
মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গৌরব তাঁকে সবসময় আন্দোলিত করে উল্লেখ করে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। এটি সশস্ত্র বাহিনীর জন্য গর্বের বিষয়। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনিও গর্বিত। তিনি জানান, বিএনপি সরকারে থাকাকালে মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করা জরুরি। বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য অনুযায়ী সহযোগিতার ধারা অব্যাহত রাখবে বলেও ঘোষণা দেন তিনি।
টি/