
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোল উৎসব করেছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা কোস্টারিকাকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। ম্যাচে জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এছাড়া একটি গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে আর্জেন্টিনার কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। ম্যাচের অষ্টম মিনিটে এনজো ফার্নান্দেজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন নিকো পাজ। এরপর ৩৫ মিনিটে আগুস্তিন জিয়াইয়ের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৩-০ করেন পাজ।
প্রথমার্ধের শেষ দিকে আবারও গোলের দেখা পায় আর্জেন্টিনা। ৪৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের লিড ৪-০ করেন হুলিয়ান আলভারেজ। বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এরপর ৭৭ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করলে ব্যবধান দাঁড়ায় ৬-০। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।
এদিন লিওনেল মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে তরুণ ফুটবলারদের ওপর আস্থা রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। সেই আস্থার যথার্থ প্রতিদান দিয়েছেন ২২ বছর বয়সী নিকো পাজ। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা এই মিডফিল্ডার বর্তমানে ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলছেন। জাতীয় দলের জার্সিতে তাঁর জোড়া গোল আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়েও নতুন করে আশার সঞ্চার করেছে।
কোস্টারিকার বিপক্ষে বড় এই জয়ের মধ্য দিয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক মৌসুম শেষ করল আর্জেন্টিনা। বছরের শেষ ম্যাচে সাত গোলের এমন জয় দলের তরুণ ফুটবলারদের সামর্থ্যের পাশাপাশি স্কালোনির আক্রমণাত্মক পরিকল্পনারও প্রতিফলন ঘটিয়েছে।
টি/