
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা–মে ২০২৬-এ সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ১০ জন মেধাবী নবীন চিকিৎসককে সম্মাননা জানিয়েছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। এ উপলক্ষে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চিকিৎসা শিক্ষায় মেধার স্বীকৃতি, নবীন চিকিৎসকদের উৎসাহিত করা এবং তাদের অর্জন সাধারণ মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং সম্মাননা আয়োজনের প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।
স্বাগত বক্তব্যে ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, “চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে অনুপ্রাণিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সদা মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা সহ সারাদেশের জটিল ও মুমূর্ষ রোগীদের উন্নত চিকিৎসা প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. নূরুল ইসলাম; ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল; ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল; গণমাধ্যম ব্যক্তিত্ব, চিন্তক ও বিতার্কিক ডা. আব্দুন নূর তুষার।
এ ছাড়া শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দীপু। গণমাধ্যমের পক্ষ থেকে বক্তব্য দেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মীর মো. মোতাহার হাসান, সিইও ও অ্যাডভাইজর, এটিএন বাংলা।
বক্তারা তাঁদের বক্তব্যে এ আয়োজনকে বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় একটি ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে মেধাবী চিকিৎসকদের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যৎ প্রজন্মকে চিকিৎসা পেশায় আরও উৎসাহিত করার উদ্যোগ নেওয়ায় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের প্রশংসা করেন। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত নবীন চিকিৎসকরাও তাঁদের অনুভূতি প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষা–মে ২০২৬-এ মেধাতালিকায় শীর্ষস্থান অর্জনকারী চিকিৎসকেরা হলেন—
১. ডা. সাফিয়া তাসনিম সেমন্তি — ঢাকা মেডিকেল কলেজ (প্রাপ্ত নম্বর: ১৩৩৭)।
২. ডা. ফারিহা রহমান — ঢাকা মেডিকেল কলেজ (প্রাপ্ত নম্বর: ১৩৩৪)।
৩. ডা. আল ইশরাত জাহান ঈশিতা — ঢাকা মেডিকেল কলেজ (প্রাপ্ত নম্বর: ১৩০৮)।
৪. ডা. ইসরাত নাজিয়া তানিন — পটুয়াখালী মেডিকেল কলেজ (প্রাপ্ত নম্বর: ১২৯২)।
৫. ডা. সিফাত-ই-সাদিকা — ঢাকা মেডিকেল কলেজ (প্রাপ্ত নম্বর: ১২৯০)।
৫. ডা. মো. তৌহিদুল ইসলাম — স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (প্রাপ্ত নম্বর: ১২৯০)।
৭. ডা. নামান মুখিজা — তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ (প্রাপ্ত নম্বর: ১২৮৯)।
৮. ডা. নাহিদ ইসলাম শমী — পটুয়াখালী মেডিকেল কলেজ (প্রাপ্ত নম্বর: ১২৮৮)।
৮. ডা. মাহমুদুন নবী ইমন — ঢাকা মেডিকেল কলেজ (প্রাপ্ত নম্বর: ১২৮৮)।
৮. ডা. আলিফ সানজানা রুমু — স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (প্রাপ্ত নম্বর: ১২৮৮)।
অনুষ্ঠানে শীর্ষস্থান অর্জনকারী ১০ জন মেধাবী ইন্টার্ন চিকিৎসকের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট, যুক্তরাষ্ট্রের তৈরি লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ এবং বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি অনুষ্ঠানে আগত অতিথিদেরও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসা শিক্ষায় মেধা ও অর্জনের যথাযথ স্বীকৃতি প্রদান এবং নবীন চিকিৎসকদের উৎসাহিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দিত উপস্থাপিকা শান্তা জাহান। আয়োজনের সার্বিক সমন্বয়ে ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।
টি/