
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত না দিয়ে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের জন্য রেকর্ড সামরিক বাজেট অনুমোদন করেছে রাশিয়ার পার্লামেন্ট। সোভিয়েত ইউনিয়নের সময়ের পর সর্বোচ্চ এই বাজেটে জাতীয় প্রতিরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৬০৬ বিলিয়ন ডলার, যা আগের তিন বছরের বাজেটের তুলনায় প্রায় ১২১ বিলিয়ন ডলার বেশি।
২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া সামরিক খাতে প্রায় ৭১০ বিলিয়ন ডলার ব্যয় করেছে। নতুন বাজেট অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ এই ব্যয় বেড়ে প্রায় ৯১৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে। ২০২৮ সালের শেষে তা দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ১০ হাজার কোটি ডলারে এবং ২০২৯ সালের শেষ নাগাদ সামরিক ব্যয় ১ লাখ ৩০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। এ ব্যয়ের চাপ সামাল দিতে খনি কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ এবং নাগরিকদের বিনিয়োগ থেকে আয় বাড়ানোর পরিকল্পনা নিয়েছে পুতিন সরকার।
অন্যদিকে, সামরিক ব্যয় বাড়াতে গিয়ে বেসামরিক খাতের বরাদ্দ কমানো হচ্ছে। নতুন বাজেটে আবাসন ও জনসেবা খাতে ব্যয় ৮ শতাংশ, স্বাস্থ্যসেবায় ৩ শতাংশ এবং পেনশনসহ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ৬ শতাংশ কমানো হবে। প্রায় পাঁচ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের ব্যয় মেটাতে ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ওপর করের বোঝাও বাড়াচ্ছে রুশ সরকার। সামরিক ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় চলতি বছর দেশটির বাজেট ঘাটতিও পূর্বাভাসের চেয়ে বেশি হয়েছে।
পশ্চিমা নিষেধাজ্ঞা, উচ্চ সুদের হার, শ্রমিক সংকট এবং রাশিয়ার তেল শোধনাগার ও রপ্তানি টার্মিনালে ইউক্রেনের হামলার কারণে দেশটির অর্থনীতি চাপে রয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার নতুন সামরিক বাজেট অনুমোদনের সময়ই পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চীনে পুতিনের সঙ্গে বৈঠকের সময় ইউরোপের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার সামরিক আগ্রাসন বন্ধের বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন।
ট্রাম্প আরও বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তি হতে পারে—এমন আশায় তিনি পুতিনকে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন। তবে ইউরোপের কোন কোন ভূখণ্ডে সামরিক অভিযান বন্ধের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি তিনি। এমনকি ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে যুদ্ধ চলতে থাকা ইউক্রেনের নামও সরাসরি উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট।
তথ্যসূত্র: এনডিটিভি