
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীর মতিঝিলে এক ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় তাঁকে মারধর, শ্বাসরোধের চেষ্টা এবং ধারালো চাকু দিয়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে। এ সময় দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আজমির হোসেন। এ ঘটনায় মতিঝিল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন তিনি।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আজমির বলেন, গত ৩ অক্টোবর বিকেল ৫টার দিকে মতিঝিলের শরীফ ম্যানশন সংলগ্ন বিছানার চাদর বিক্রির দোকানের সামনে কয়েকজন দুর্বৃত্ত এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি থানায় অভিযোগ করলে রামদা দিয়ে কোপানোর হুমকিও দেওয়া হয়।
পরে ৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে একই দুর্বৃত্তরা আবারও তাঁর দোকানের সামনে আসে। আগের দাবিকৃত টাকা না দেওয়ায় তাঁকে চাপ প্রয়োগ করা হয়। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন আজমির।
টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে মাটিতে ফেলে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারে। এর মধ্যে একজন তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে এবং অন্য একজন ধারালো চাকু দিয়ে তাঁর বামের পাঁজরে আঘাত করে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে আজমিরকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ভুক্তভোগী বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন। এ ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন আজমির হোসেন।