
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সাভারের আশুলিয়ায় বিদেশি যৌথ বিনিয়োগে পরিচালিত রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ‘পিক হেডওয়্যার অ্যান্ড অ্যাপারেলস বিডি লিমিটেড’-এর নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মালিকপক্ষের দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কারখানায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে উভয় পক্ষই আশুলিয়া থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার নবীনগর স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহাগ।
কারখানা সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর বিকেলে আশুলিয়ার চারিগ্রাম মির্জানগরে অবস্থিত কারখানাটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা এবং নতুন নিরাপত্তাকর্মী নিয়োগকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। কারখানার কয়েকজন কর্মকর্তার অভিযোগ, দেশের চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান খান ও তাঁর অনুসারীরা কারখানাটি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় সাধারণ শ্রমিকেরা কয়েকজনকে আটকে রাখলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে দখলচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান খান। তাঁর দাবি, অপর পরিচালক ফরিদ আহমেদ রবিনসহ কয়েকজন কর্মকর্তা তাঁর প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি করছিলেন এবং কারখানায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েকজনকে বরখাস্ত করাকে কেন্দ্র করেই এ বিরোধের সূত্রপাত।
অন্যদিকে, কারখানার প্রোডাকশন ডিরেক্টর ফরিদ আহমেদ রবিন জানান, হংকংভিত্তিক বিনিয়োগ ও প্রতিষ্ঠানের নিয়মনীতি বজায় রেখে তাঁরা কারখানাটি সচল রাখতে চান। তবে একটি পক্ষ অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার নবীনগর স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহাগ জানান, মালিকপক্ষের অভ্যন্তরীণ কোন্দল থেকেই ঘটনার সূত্রপাত। খবর পেয়ে পুলিশ ও শ্রমিকদের যৌথ সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। উভয় পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করছে পুলিশ।