
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিকরা প্রথমে সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে দুপুর ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় পৌঁছান। এরপর তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।
অবরোধে অংশ নেওয়া শ্রমিক লোকমান হোসেন বলেন, তাঁরা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নিয়েছেন। শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানান তিনি।
এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জেলা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে অবরোধ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, অবরোধের খবর পেয়ে তিনি ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এদিকে অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চলাচলকারী যানবাহনগুলো ভোগান্তিতে পড়েছে।
টি/