logo
youtube logotwitter logofacebook logo

ভূমিকম্প

চীনে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ - image

চীনে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৬

05 সেপ্টেম্বর 2022, বিকাল 6:00

দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। স্থানীয় সময় সোমবার (৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ভয়াবহ ঘটনা ঘটে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৬। ভূমিকম্পের ফলে প্রান্তিক অঞ্চলের বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, শক্তিশালী এই ভূমিকম্প সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার (২৬ মাইল) দক্ষিণ-পূর্বে ১০ কিলোমিটার গভীর পর্যন্ত আঘাত হানে। সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু এবং চোংকিংসহ কাছাকাছি বিভিন্ন এলাকায় ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়েছে বলে জানা গেছে। যেখানে লাখ লাখ মানুষ এখন কোভিডের কারণে লকডাউনের আওতায় রয়েছে। ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসে একটি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্য শহরের একটি রাস্তা বন্ধ হয়ে গেছে এবং ১০ হাজারের বেশি লোক বসবাসকারী একটি এলাকার টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখনো উদ্ধার কাজ চলছে। সিচুয়ান ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, উদ্ধারকর্মীদের সহায়তার জন্য এক হাজারেরও বেশি সেনা পাঠানো হয়েছে দুর্যোগকবলিত এলাকায়। দেশটির কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় তাঁবু, কম্বল এবং অন্যান্য সামগ্রী পাঠিয়েছে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্থানীয় কর্তৃপক্ষকে মানুষের জীবন বাঁচানোর বিষয়টিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। দেশটিতে ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ। সিচুয়ানের ওয়েনচুয়ান কাউন্টিতে ২০০৮ সালে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কয়েক হাজার মানুষ মারা যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গত জুনেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুই দফায় ভূমিকম্পে অন্তত চারজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন। এই অঞ্চলটির মানুষ গ্রীষ্মের চরম আবহাওয়ার কারণেও দুর্ভোগে পড়ে। রেকর্ড পরিমাণে তাপপ্রবাহের কারণে চোংকিং এর নদীগুলোর পানি শুকিয়ে গেছে।

সেপ্টেম্বর ০৫, ২০২২
তুরস্কে ত্রাণ পাঠাল রোহিঙ্গা শরণার্থীরা - image

তুরস্কে ত্রাণ পাঠাল রোহিঙ্গা শরণার্থীরা

15 ফেব্রুয়ারি 2023, বিকাল 6:00

ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কের দশটি প্রদেশের মানুষের জন্য ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীরা। সম্প্রতি তাদের পক্ষ থেকে ঢাকায় তুরস্কের একটি সংস্থার কাছে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ, কম্বল ও জ্যাকেট হস্তান্তর করা হয়। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে থাকা রোহিঙ্গারা নিজেদের মধ্যে থেকে চাঁদা তুলে তুরস্কের মানুষের জন্য ৭০০ কম্বল এবং ২০০ জ্যাকেট কিনে দিয়েছে। গত মঙ্গলবার তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিআইকেএ) ঢাকা অফিসে কিছু নগদ অর্থসহ ওই কম্বল এবং জ্যাকেটগুলো পৌঁছে দেন রোহিঙ্গা প্রতিনিধিরা। টিআইকেএ বাংলাদেশের প্রধান সেভকি মের্ত বরিস বলেন, ‘তুরস্কের জাতীয় সংকটকালে আমাদের জন্য বাংলাদেশি জনগণের আন্তরিক সমর্থন দেখে আমরা খুবই আনন্দিত, এবং রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে অনুদান দেখে খুবই আনন্দিত।’ রোহিঙ্গা নেতা সাহাত জিয়া হিরো আনাদোলু এজেন্সিকে বলেন, ‘তুরস্ক আমাদের সংকটের (রোহিঙ্গা সংকট) শুরু থেকেই সহায়তা দিয়ে আসছে। তাদের এমন দুঃসময়ে আমরা কীভাবে কিছু না করে অলস বসে থাকি?’ এ অনুদানকে ‘ভালোবাসার উপহার’ বলে উল্লেখ করে জিয়া বলেন, ‘আমাদের অর্থনৈতিক সামর্থ্য সীমিত, তারপরও যা দিতে পেরেছি এটি আমাদের পক্ষ থেকে তুর্কি ভাই ও বোনদের জন্য সীমাহীন ভালবাসা এবং সংহতি বহন করে।’ গত ৬ ফেব্রুয়ারি ভোরে ও দুপুরে যথাক্রমে ৭ দশমিক ৮ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্কের দশটি প্রদেশ। ওই ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছে প্রতিবেশী দেশ সিরিয়াও। এক সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও দেশ দুটিতে লাশের মিছিল থামেনি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ২১৮ জনে। এদিকে বিধ্বস্ত এলাকায় তীব্র শীতে উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে। ভূমিকম্পে যারা প্রাণে বেঁচে গেছেন তারাও খাদ্য, শীতকাপড় এবং নিরাপদ আশ্রয়ের অভাবে কষ্টে দিন পার করছেন।

ফেব্রুয়ারি ১৫, ২০২৩
বহিঃশক্তির আক্রমণ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে গড়া হচ্ছে - image

বহিঃশক্তির আক্রমণ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে গড়া হচ্ছে

15 ফেব্রুয়ারি 2023, বিকাল 6:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বহিরাগত শক্তির যেকোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম হিসেবে সশস্ত্র বাহিনীকে গড়ে তোলা হচ্ছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে (ইবিআরসি) ‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট’ এর ‘দশম টাইগার্স পুনর্মিলনী’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ চাই না। আমরা বঙ্গবন্ধুর ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। কিন্তু বহিঃশক্তির যেকোনো আক্রমণ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে পর্যাপ্ত সক্ষম করে তুলতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। সরকারপ্রধান বলেন, আমরা আমাদের দেশকে একটি শান্তিপূর্ণ দেশে রুপান্তরিত করতে চাই। তাই সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। তিনি বলেন, আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী সবসময় দেশ ও জণগণের পাশে আছে। যেকোনো দুর্যোগে আমাদের সশস্ত্র বাহিনী তাদের পাশে দাঁড়ায়, শুধু দেশে নয় বিদেশেও। শেখ হাসিনা বলেন, যখনই বন্ধুপ্রতীম কোনো দেশে দুর্ঘটনা ঘটে তখনই আমাদের সশস্ত্র বাহিনী সেখানে যায় এবং উদ্ধার কাজে অংশগ্রহণ ও সেবা দিয়ে থাকে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী গৌরবজনকভাবে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে যাচ্ছে। তিনি সাম্প্রতিক তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্ধার কাজে সফলভাবে অংশগ্রহণের কথা উল্লেখ করেন। ‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তার হৃদয়ের খুব কাছের। ১৯৭৫ সালের ১৫ আগস্টে দুই ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এবং লেফটেন্যান্ট শেখ জামাল এই রেজিমেন্টের সদস্য ছিলেন’ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পুনর্মিলনীতে যোগ দেওয়া একদিকে আমার জন্য বেদনাদায়ক, অন্যদিকে আনন্দের’। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। প্রধানমন্ত্রী সালাম গ্রহণ করেন এবং খোলা জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তাঁর সঙ্গে ছিলেন। পরে প্রধানমন্ত্রী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। সূত্র- বাসস

ফেব্রুয়ারি ১৫, ২০২৩
চীন-তাজিকিস্তান সীমান্তে ৭.২ মাত্রার ভূমিকম্প - image

চীন-তাজিকিস্তান সীমান্তে ৭.২ মাত্রার ভূমিকম্প

22 ফেব্রুয়ারি 2023, বিকাল 6:00

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে তাজিকিস্তান এবং চীনের বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে তাজিকিস্তানে ১০ কিলোমিটার গভীরতার এই ভূমিকম্প আঘাত হানে। চীনা ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের (সিইএনসি) বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল চীন সীমান্তের প্রায় ৮২ কিলোমিটারের মধ্যে। ফলে তাজিকিস্তানের এ ভূমিকম্পে চীনের আতুশ ও কাশগারসহ পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় ভয়াবহভাবে কম্পন অনুভূত হয়। এদিকে জিনজিয়াং রেলপথ বিভাগ দক্ষিণ জিনজিয়াং রেলওয়ের আকসু থেকে কাশগর অংশে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনগুলোকে বন্ধ রাখতে বলা হয়েছে। সিসিটিভি আরও জানায়, স্থানীয় কর্তৃপক্ষ সেতু, টানেল এবং অন্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা পরিদর্শন করেছেন। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

ফেব্রুয়ারি ২২, ২০২৩
একসঙ্গে বসবে রাশিয়া, তুরস্ক, সিরিয়া ও ইরান - image

একসঙ্গে বসবে রাশিয়া, তুরস্ক, সিরিয়া ও ইরান

25 ফেব্রুয়ারি 2023, বিকাল 6:00

রাশিয়া, তুরস্ক, সিরিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকের আয়োজন করছেন। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানভ দেশটির সরকারি গণমাধ্যমকে রবিবার (২৬ ফেব্রুয়ারি) এ কথা বলেছেন। বগদানভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস বলেছে, চার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানদের মধ্যে আলোচনা হবে। বৈঠকের কর্মপদ্ধতি নিয়ে কাজ চলছে। বৈঠক কী নিয়ে হবে, সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। গত ডিসেম্বরে রাশিয়া, তুরস্ক, সিরিয়ার মধ্যে মস্কোতে আলোচনা হয়েছে। তিন দেশ সিরিয়া সংকট নিয়ে আলোচনা করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পেরিয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘে। এতে জাতিসংঘ সনদের সঙ্গে সংগতি রেখে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে বেইজিংয়ের দেওয়া শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করতে এ বৈঠক করতে চান তিনি। এদিকে, আরব লীগে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছে ইরাক ও জর্দান। ২২ সদস্য দেশকে নিয়ে গঠিত এ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য দেশ সিরিয়ার সদস্যপদ এক দশকেরও বেশি সময় ধরে স্থগিত রয়েছে। বাগদাদে শনিবার আরব দেশগুলোর ৩৪তম আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ আল-হালবুসি সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জন্য সবগুলো আরব দেশের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সিরিয়াকে আরব বিশ্বের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে যথাযথ ভূমিকা পালন করার সুযোগ দেওয়া উচিত। হালবুসি বলেন, আরব লীগে সিরিয়ার সদস্যপদ থাকলে সাম্প্রতিক ভূমিকম্পের পর সিরিয়ায় আরো কার্যকরভাবে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হতো। ইরাকের পার্লামেন্ট স্পিকার বলেন, গত ৬ ফেব্রুয়ারির ধ্বংসাত্মক ভূমিকম্পের পর সিরিয়া বর্তমানে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। এ মুহূর্তে আমাদের সবার উচিত সিরিয়াকে ভূমিকম্প-পরবর্তী জটিলতা কাটিয়ে উঠতে সহযোগিতা করা।

ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এবাব ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর - image

এবাব ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

29 এপ্রিল 2023, বিকাল 6:00

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। স্থানীয় সময় আজ রবিবার ভোরে ভূমিকম্প অনুভূত হয়। তবে এই ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভোর ৫টা ১৫ মিনিট ৩৪ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে। এর আগে ২৮ এপ্রিল মাঝরাতে পর পর দু'বার কেঁপে উঠেছিল জম্মু-কাশ্মীর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছিল, সেদিন প্রথম কম্পনের মাত্রা ছিল ৪.৮ এবং দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৫.৯। ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল নেপালের বাজুরা জেলার দাহাকোট। নেপালের স্থানীয় সময় অনুযায়ী, ওই দিন প্রথম কম্পন অনুভূত হয়েছিল রাত ১২টায়। দ্বিতীয় কম্পন হয় রাত দেড়টা নাগাদ। বার বার কম্পন হওয়ায় বাসিন্দাদের সুরক্ষার জন্য এবং ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সাহায্য পৌঁছানোর জন্য জম্মু-কাশ্মীর প্রশাসন ইমারজেন্সি অপারেশন সেন্টার (ইওসি) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। যেসব জেলাগুলো ভূকম্পনপ্রবণ অঞ্চলের মধ্যে রয়েছে, সেসব জেলায় এই কেন্দ্র গড়ে তোলা হবে। শুধু ভূমিকম্পই নয়, যে কোনও প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে সাহায্য করবে এসব কেন্দ্র। কয়েকদিন আগেই ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। স্থানীয় সময় মঙ্গলবার ভূমিকম্প আঘাত হানার পর লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানায় কর্তৃপক্ষ। শক্তিশালী ওই ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শকও অনুভূত হয়।

এপ্রিল ২৯, ২০২৩
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান - image

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

02 মে 2023, বিকাল 6:00

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে। বুধবার দেশটির বেশ কয়েকটি শহরে পাঁচ দশমিক সাত মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। শহরগুলোর মধ্যে অন্যতম হলো ইসলামাবাদ ও পেশোয়ার। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পেশোয়ার, সোয়াত জেলা, উত্তর ওয়াজিরিস্তান ও ইসলামাবাদে কম্পন অনুভূত হয়। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলেও এই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল ১৮৭ কিলোমিটার। উল্লেখ্য, চলতি বছরের মার্চে পাকিস্তানে ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় নয়জন প্রাণ হারায়। আহত হয় ১৬০ জনের বেশি। এর আগে, ২০০৫ সালে দেশটিতে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১ লাখ মানুষ মারা যায়।

মে ০২, ২০২৩
টোঙ্গায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প - image

টোঙ্গায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

10 মে 2023, বিকাল 6:00

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অস্ট্রেলিয়া মহাদেশের দ্বীপ রাষ্ট্র টোঙ্গায় ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বৃহস্পতিবার (১১ মে) ভোররাতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গ্রিনিচ মান সময় ১৬:০২ টায় টোঙ্গার প্রত্যন্ত আগ্নেয়গিরির দ্বীপ নিউয়াটোপুটাপু থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২১০ কিলোমিটার গভীরে। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আরও জানায়, এতে সুনামির কোনো ঝুঁকি ছিল না। রাজধানী নুকুআলোফার কাছে টোঙ্গা মেটিওরোলজিক্যাল সার্ভিসেসের প্রধান আবহাওয়াবিদ গ্যারি ভিটে বলেন, ‘যারা ভূমিকম্পটি অনুভব করেছে তারা ভোরবেলা আমাদের কাছে ফোন করে। তবে, ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।’ সামোয়ানের রাজধানী অ্যাপিয়ার উপকেন্দ্র থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দূরবর্তী এলাকায়ও ভূমিকম্পটি অনুভূত হয়।

মে ১০, ২০২৩
জয়ের কাছে এসেও অপেক্ষা বাড়ল এরদোয়ানের - image

জয়ের কাছে এসেও অপেক্ষা বাড়ল এরদোয়ানের

14 মে 2023, বিকাল 6:00

রবিবার ভোট গ্রহণ হয়েছে তুরস্কের জাতীয় নির্বাচনে। ৯৭ শতাংশের বেশি ভোট গণনা শেষে বেসরকারি হিসেবে ৪৯.৪৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৫ শতাংশ। কিন্তু জয়ের কাছাকাছি গিয়েও যেনো থেমে যেতে হলো এরদোয়ানকে। নির্বাচনে প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় এবারের নির্বাচন স্পষ্টতই দ্বিতীয় দফায় গড়ানোর পথে রয়েছে।তুরস্কের নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে রানঅফ বা দ্বিতীয় দফায় ভোটে যেতে হবে। সেই হিসাবে, ২৮ মে দ্বিতীয় দফার ভোট হবে দেশটিতে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়নি তুরস্ক। ভোটাভুটি দ্বিতীয় দফায় গড়ালেও আত্মবিশ্বাসী ও লড়াকু মেজাজে রয়েছেন এরদোয়ান জানিয়েছে রয়টার্স। আঙ্কারায় দলের সদর দপ্তরের বারান্দায় সমর্থকদের উদ্দেশে বক্তব্য এরদোয়ান বলেন, ‘প্রথম দফা ভোটে নির্বাচন শেষ হবে কি না, আমরা এখনো তা জানি না। কিন্তু দেশের মানুষ ইচ্ছায় দ্বিতীয় দফায় লড়তে প্রস্তুত রয়েছি আমি।’ আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের পর সবচেয়ে প্রভাবশালী নেতা মনে করা হয় এরদোয়ানকে। “লৌহমানব” খ্যাত এই নেতা গত কয়েক দশকে ক্ষমতা পোক্ত করেছেন, তেমনি ভিন্নমত কঠোরভাবে দমন করেছেন। তবে দেশটিতে ব্যাপক মূল্যস্ফীতি, মুদ্রার দরপতন ও জীবনযাত্রার মান কমে যাওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন জনগণ। এর মধ্যেই গত ফেব্রুয়ারিতে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে লাখো ঘরবাড়ি ধ্বংস হওয়ায় প্রশ্নের মুখে পড়তে হয় এরদোয়ানের সরকারকে। তাই ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং বিধ্বংসী ভূমিকম্পের পর এবারের নির্বাচনকে বেশ গুরুত্ব দিচ্ছে দুই দলই। তবে ভাগ্য এখনো ঝুলে থাকলেও ইতিমধ্যে উল্লাসে মেতেছেন এরদোয়ানের সমর্থকেরা। জাতীয় পতাকা হাতে স্লোগান দিয়েছেন দলটির কর্মী-সমর্থকেরা। ফুটানো হয়েছে আতশবাজি।

মে ১৪, ২০২৩
আল্লাহর হুকুমে তুরস্কের শতাব্দীর সূচনা করব: এরদোয়ান - image

আল্লাহর হুকুমে তুরস্কের শতাব্দীর সূচনা করব: এরদোয়ান

15 মে 2023, বিকাল 6:00

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে কেউই ৫০ শতাংশের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেননি। এই কারণে দেশটিতে পুনরায় ২৮ মে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন যে, আল্লাহর হুকুমে তুরস্কের শতাব্দীর সূচনা করব। টুইটে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে এরদোয়ান বলেছেন, দেশের সবেচেয়ে সংকটময় নির্বাচনের প্রথম পরীক্ষা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে দিয়েছি। উসকানি ছাড়াই, চাপ উপেক্ষা করে, ভয় না পেয়ে, প্রতিকূলতার মুখে হার না দিয়ে কঠোর লড়াই করেছি। কঠোর পরিশ্রম, প্রচেষ্টা এবং ত্যাগের জন্য সমর্থকদের ধন্যবাদ জানান এরদোয়ান। এমন সমর্থক পাওয়ার জন্য তিনি প্রভুর প্রতি শুকরিয়া জানান। এরদোয়ান বলেন, ১৪ মে একটি বড় বিজয়ের সঙ্গে আমরা সাফল্য অর্জন করেছি। এখন সেটিতে মুকুট দেওয়ার সময়। এরদোয়ান তুর্কিদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, ২৭ মে অভ্যুত্থানের ৬৩তম বার্ষিকীর একদিন পর ২৮মে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা এমন একটি জোট যারা জাতীয় ইচ্ছা এবং দেশ ও জাতির সেবা করার ভালোবাসাকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে রাখি।এরদোয়ান বলেন, তুরস্ক আমাদের কাছ থেকে সেবা আশা করে, কাজ আশা করে, জাতি তার লক্ষ্য পূরণের প্রত্যাশা করে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা অপেক্ষা করছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ক্ষত সারাতে। তিনি বলেন, আমরা ২৮ মে নির্বাচনের জন্য কাজ শুরু করেছি। আশা করি, আমরা আগামী দিনগুলোকে সবচেয়ে ভালো ও ফলপ্রসূভাবে মূল্যায়ন করব। আল্লাহর হুকুমে আমরা ২৮ মে তুরস্কের শতাব্দীর সূচনা করব। সমর্থকদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন, আমি আপনাদেরকে বিশ্বাস করি। ১৪ মে তুরস্কে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ট ভোট পেয়েছে এরদোয়ানের দল একে পার্টি ও তার জোট। প্রেসিডেন্ট নির্বাচনে ৪৯ শতাংশের বেশি ভোট পেয়েছেন এরদোয়ান। অপরদিকে ৪৫ শতাংশ ভোট পেয়েছেন বিরোধী প্রার্থী কেমাল কিলিচদারুগ্লু। এই দুই জনের মধ্যে ২৮ মে চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হবে। সেখানে যিনি ৫০ শতাংশ ভোট পাবেন তিনিই হবেন তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট।

মে ১৫, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo