logo
youtube logotwitter logofacebook logo

প্রজ্ঞাপন

নির্মাণকাজ শেষ, পদ্মা সেতু বুঝিয়ে দিলো ঠিকাদারি প্রতিষ্ঠান - image

নির্মাণকাজ শেষ, পদ্মা সেতু বুঝিয়ে দিলো ঠিকাদারি প্রতিষ্ঠান

22 জুন 2022, বিকাল 6:00

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আর বাকি মাত্র দুদিন। আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে। ইতোমধ্যে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (এমবিইসি) সেতুর নির্মাণকাজ শেষ করেছে। বৃহস্পতিবার সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। এরই মধ্যে সেতু বিভাগকে তা বুঝিয়ে দিয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের পদ্মাপাড়ে উৎসবের আমেজ বিরাজ করছে মানুষের মাঝে। তবে দেশের সামর্থ্য ও সক্ষমতার প্রতীক হিসেবে আখ্যায়িত এই সেতু শনিবার (২৫ জুন) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের দিন সকাল ১০টায় হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এসে উপস্থিত হবেন। এরপর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন ও সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। পরবর্তীতে সেখান থেকে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুর অংশে দলীয় একটি জনসভায় অংশ নেবেন। এদিকে সমাবেশের দৃষ্টিনন্দন মঞ্চ তৈরিসহ সার্বিক ব্যবস্থাপনার কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। পদ্মা সেতুর নিরাপত্তার মূল দায়িত্বে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ঠিকাদার তার কাজ শেষ করে সেতু বুঝিয়ে দিয়েছে। তবে যেকোনো অবকাঠামোর ক্ষেত্রে ছোটখাটো কাজ থাকবে। আগামী একবছর ধরে তারা সে কাজ ‘ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড’ করবে। উল্লেখ্য, প্রজ্ঞাপন অনুযায়ী, সেতুতে ১৩ ধরনের যানবাহন চলাচল করতে পারবে। তবে নসিমন, করিমন, ভটভটি ও সিএনজি অটোরিকশা চলাচল করতে পারবে না। এমনকি হেঁটেও মানুষ যাতায়াত করতে পারবে না। এরই মধ্যে পদ্মা সেতু পারাপারে টোল নির্ধারণ করেছে সরকার। গত ১৭ মে সেতু বিভাগের উপসচিব আবুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মোটরসাইেকলের জন্য টোলের হার ১০০ টাকা; কার, জিপ ৭৫০ টাকা; পিকআপ ভ্যান ১ হাজার ২০০ টাকা; মাইক্রোবাস ১ হাজার ৩০০ টাকা; ছোট বাস (৩১ আসন বা তার কম) ১ হাজার ৪০০ টাকা; মাঝারি বাস (৩২ আসন বা তার বেশি) ২ হাজার টাকা; বড় বাস (৩ এক্সেল) ২ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ছোট ট্রাকের জন্য (৫ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা; মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন পর্যন্ত) ২ হাজার ১০০ টাকা; মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন পর্যন্ত) ২ হাজার ৮০০ টাকা; বড় ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকা; ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬ হাজার টাকা এবং ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৬ হাজার টাকার সঙ্গে প্রতি এক্সেলের জন্য ১ হাজার ৫০০ টাকা যুক্ত হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, টোলের এ হার পদ্মা সেতুতে যানবাহন চলাচলের দিন থেকে কার্যকর হবে। পদ্মা সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। খরস্রোতা পদ্মা নদীর ওপর ৩০ হাজার ১৯৩ কোটি টাকা নিজস্ব অর্থায়নে নির্মাণ হয়েছে স্বপ্নের এ সেতু। ২০১৪ সালে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়।

জুন ২২, ২০২২
১১ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি - image

১১ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি

03 আগস্ট 2022, বিকাল 6:00

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজে কর্মরত ১১ চিকিৎসক। বুধবার (৩ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পারসোনেল-১) উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস.এস.বি) সুপারিশে পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের ১১ কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়াপূর্বক শূন্য পদায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হলো। তারা হলেন- শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডা. মো. নুর হোসেন ভুঁঞা, ঢাকা মেডিকেল কলেজের ডা. এ জেড এম মাহফুজুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজে সংযুক্ত স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মোহাম্মদ মাসুদ করিম, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ডা. স্বপন কুমার বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজের ডা. সুবিনয় কৃষ্ণ পাল, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. মো. সাইফুল হক, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ডা. গনেশ কুমার আগরওয়ালা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. ইশরাত জাহান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকলে কলেজের ডা. এস.এম কামরুল আক্তার, রংপুর মেডিকেল কলেজের ডা. হৃদয় রঞ্জন রায়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডা. জি.এম নাজিমুল হক। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আগস্ট ০৩, ২০২২
ঝুলেও বাসে উঠতে পারছে না মানুষ, রাজধানীতে গণপরিবহনের সংকট চরমে - image

ঝুলেও বাসে উঠতে পারছে না মানুষ, রাজধানীতে গণপরিবহনের সংকট চরমে

05 আগস্ট 2022, বিকাল 6:00

রাজধানীর শাহবাগ মোড়। প্রায় ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষার পর আসছে একটি-দুটি বাস। সেই বাসও যাত্রীতে ঠাসা, দরজার হাতল ধরে ঝুলে আছে অনেক যাত্রী। এখানে অপেক্ষারত মানুষ যে ঝুলেও কোনোভাবে বাসে উঠবে, সেই সুযোগও নেই। শুক্রবার রাতে হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এমন দুর্ভোগে পড়েছে রাজধানীর মানুষ। শনিবার সকাল থেকে রাজধানীতে আগের মতো বাসের দেখা মিলছে না। দীর্ঘ সময় পর পর দু-একটি বাস এলেও তাতে উঠতে পারছে না যাত্রীরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীর কর্মজীবী মানুষ। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্বঘোষণা ছাড়াই গণপরিবহন বন্ধ করে দিয়েছেন বাসমালিকেরা। সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়েও গণপরিবহনে উঠতে না পারায় ক্ষোভ প্রকাশ করছে সাধারণ যাত্রীরা। আজ শনিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ, আজিমপুর, সায়েন্স ল্যাব মোড়, কারওয়ান বাজার ও ফার্মগেটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে এ অবস্থা দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, রাস্তার বিভিন্ন মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে আছে শত শত মানুষ। মাঝেমধ্যে দু-একটি বাস এলেও সেগুলো যাত্রীতে পরিপূর্ণ। বিভিন্ন স্থানে দু-একজন নেমে গেলেও হুড়োহুড়ি করে উঠছে অনেক বেশি। অনেকে বাসে উঠতে পারবে না এমন আশঙ্কা থেকে হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছে। এদিকে বাসের সংকটে সিএনজি অটোরিকশা ও রিকশাচালকেরাও চাইছেন বাড়তি ভাড়া। সায়েন্স ল্যাব মোড়ে দীর্ঘ সময় বাসের জন্য দাঁড়িয়ে থেকেও কোনো বাসে উঠতে না পারা একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে শাহ আলম জানান, দেড় ঘণ্টারও বেশি সময় ধরে তিনি দাঁড়িয়ে আছেন। যেসব বাস আসছে, তার সবই যাত্রীতে পূর্ণ। কোনোভাবে যে ঝুলে বাসে উঠবেন, সেই সুযোগও পাচ্ছেন না তিনি। শাহ আলম বলেন, ‘হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোয় আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তিটাই বেশি বেড়েছে। আমাদের কথা চিন্তা করার কেউ নেই।’ এর আগে গতকাল রাতে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। নতুন দাম কার্যকর হয়েছে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে। প্রজ্ঞাপন অনুযায়ী লিটারে ডিজেল ৩৪ টাকা, পেট্রল ৪৪ এবং অকটেনের দাম বেড়েছে ৪৬ টাকা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রলের দাম ১৩০ টাকা। এর ফলেই ঢাকায় হঠাৎ করে গণপরিবহন বন্ধ হয়ে যায়।

আগস্ট ০৫, ২০২২
২০২৩ সালে মোট সরকারি ছুটি ২২দিন, প্রজ্ঞাপন জারি - image

২০২৩ সালে মোট সরকারি ছুটি ২২দিন, প্রজ্ঞাপন জারি

01 নভেম্বর 2022, বিকাল 6:00

২০২৩ সালের ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২ নভেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়। ছুটির তালিকা অনুযায়ী, ২০২৩ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। ২২ দিনের মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৮ দিন পড়েছে শুক্র ও শনিবার। গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “আগামী ২০২৩ সালে নির্বাহী ও সাধারণ মিলিয়ে সরকারি ছুটি ২২ দিন থাকবে। এর মধ্যে আট দিন পড়েছে শুক্র ও শনিবার।” সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। শীত চলে আসায় ১৫ নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি হবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে অফিস টাইম হলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এর আগে বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৪ আগস্ট থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করা হয়; যা এখনো চলছে। সাধারণ ছুটির মধ্যে রয়েছে- ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২১ এপ্রিল জুমাতুল বিদা, ২২ এপ্রিল ঈদুল ফিতর, ১ মে দিবস, ৪ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২৯ জুন ঈদুল আজহা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ২৪ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)। অন্যদিকে, আগামী বছরের ৮ মার্চ শব-ই-বরাত, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১৯ এপ্রিল শবেকদর, ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন (২১ ও ২৩ এপ্রিল) এবং ঈদুল আজহার আগে ও পরের ২ দিন ২৮ ও ৩০ জুন এবং ২৯ জুলাই আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

নভেম্বর ০১, ২০২২
অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’ - image

অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

15 এপ্রিল 2023, বিকাল 6:00

বাংলাদেশে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৫ মে। সাফটা চুক্তির আওতায় এটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনন্য মামুন বলেন, ‘দেশের বাজারে “পাঠান” মুক্তির বিষয়ে অনেকদিন আগে থেকেই আলোচনা হচ্ছিল। দেশের মানুষ “পাঠান” দেখতে চায়। শাহরুখ খানের এই ছবিটি ইতিমধ্যেই অনেক ওটিটি মাধ্যমে এসেছে। কিন্তু সিনেমা হলে দেখার বিষয়টি আলাদা।’তিনি আরও বলেন, ‘অবশেষে বলিউডের এই ছবিটি আগামী ৫ মে দেশে মুক্তি পাচ্ছে। আমরা ইতিমধ্যেই ১৬ হলে সার্ভার বসিয়েছি। ঈদের পর আশা করি, ৪০টি সিনেমা হল প্রস্তুত হয়ে যাবে।’ চলতি বছর ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পায় ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। এছাড়া ক্যামিও চরিত্রে দেখা গেছে সালমান খানকে। এদিকে, সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রতি বছর ১০টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে। এছাড়াও ৫ শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এই অনুমতিপত্রে জানানো হয়, সাফটা ভুক্ত দেশ হতে উপমহাদেশীয় ভাষায় নির্মিত ১০টি সিনেমা বছরে আমদানি করা যাবে। বিপরীতে সমান সংখ্যক বাংলাদেশি সিনেমা রপ্তানি করতে হবে। আপাতত দুই বছরের জন্য পরীক্ষামূলকভাবে অনুমতি দেওয়া হয়েছে। যা আমদানি ও রপ্তানি করতে পারবেন বাংলাদেশের বৈধ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশকরা।

এপ্রিল ১৫, ২০২৩
২০ এপ্রিল হাইকোর্টে ছুটি ঘোষণা - image

২০ এপ্রিল হাইকোর্টে ছুটি ঘোষণা

15 এপ্রিল 2023, বিকাল 6:00

পবিত্র শবে কদরের ছুটির পরদিন ২০ এপ্রিল ঈদের সরকারি ছুটি ঘোষণা করে ১১ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগেও ২০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। এর আগে ১১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী ২০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ও ঈদ-পরবর্তী অফিস সময়সূচির প্রজ্ঞাপন জারি করে।এতে বলা হয়, সরকার আগামী ২০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া ঈদ-পরবর্তী সময়ে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।এতে আরও বলা হয়, জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে। আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে একদিন ছুটি বাড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে ঈদের আগে অর্থাৎ পবিত্র শবে কদরের পরদিন ২০ এপ্রিল থেকেই ছুটি শুরু হবে। গত ১০ এপ্রিল জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ১৯ এপ্রিল শবে কদরের ছুটি, সেক্ষেত্রে ২০ এপ্রিল একদিন খোলা থাকে। মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, তাদের জার্নিটা যেন স্মুথ হয়, সেজন্য নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়েছে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের আগে শবে কদরের ছুটি ১৯ এপ্রিল (বুধবার)। তার পরদিন ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা। এ একদিন ছুটি থাকলে ২৯ রোজা ধরে পাঁচদিন ছুটির দাবি জানানো হচ্ছিল বিভিন্ন মহল থেকে। মন্ত্রিসভা বৈঠকেও তা আলোচনায় আসে। এক দিন বাড়তি ছুটি ঘোষণা করায় রোজার ওপর ভিত্তি করে এবারের সরকারি ছুটি পাঁচ বা ছয় দিন হবে।

এপ্রিল ১৫, ২০২৩
ঈদের আগে শেষ কর্মদিবস আজ - image

ঈদের আগে শেষ কর্মদিবস আজ

17 এপ্রিল 2023, বিকাল 6:00

পবিত্র ঈদুল ফিতরের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস আজ (মঙ্গলবার)। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করা হয়েছে। ফলে মঙ্গলবার (১৮ এপ্রিল) অফিস শেষ করে টানা ৫ অথবা ৬ দিনের ছুটিতে যাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এবার ১৯ এপ্রিল (বুধবার) পবিত্র শবে কদর উপলক্ষ্যে ছুটি। এরপরের দিন ২০ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে একদিন ছুটি। আর ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রোববার) এই তিন দিন ঈদের ছুটি। তবে চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রোজা পূর্ণ হলে ছুটি আরও এক দিন বাড়বে। সেক্ষেত্রে মোট ছুটি হবে ৬ দিন। আর ২৯ রোজা শেষে ঈদ হলে মোট ছুটি থাকবে ৫ দিন।মোট ছুটি ৫ দিন হলে ২৪ এপ্রিল আর ৬ দিন হলে ২৫ এপ্রিল আবার সরকারি অফিস চালু হবে। এদিন থেকে পুনরায় কর্মব্যস্ততায় ফিরবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।  গত সোমবার (১০ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয় সরকার। এদিন সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। পরদিন মঙ্গলবার (১১ এপ্রিল) এ সংক্রান্ত  প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‌‘এবার ২০ এপ্রিল সরকারি ছুটি হিসেবে থাকবে। ১৯ এপ্রিল হলো শবে কদরের ছুটি, সেক্ষেত্রে ২০ এপ্রিল একদিন খোলা থাকে। মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, মানুষের ভ্রমণটা যাতে স্মুথ হয় সেজন্য ছুটি ঘোষণা করা হয়েছে।’

এপ্রিল ১৭, ২০২৩
চার সচিব পদে রদবদল - image

চার সচিব পদে রদবদল

17 এপ্রিল 2023, বিকাল 6:00

চার সচিব পদে রদবদল আনা হয়েছে। এ ছাড়া এক অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মাৎ হামিদা বেগমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ আর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অন্যদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। পদোন্নতির পর তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এপ্রিল ১৭, ২০২৩
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের আয়োজন চলছে - image

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের আয়োজন চলছে

18 এপ্রিল 2023, বিকাল 6:00

আগামী ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ নেবেন। এ ব্যাপারে প্রস্তুতি চলছে। শপথ অনুষ্ঠানে অংশ নিতে ১ হাজার ২৩৮ জনকে দাওয়াত দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হয়। রুলস অব বিজনেস অনুযায়ী, শপথ অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগ এবং রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের। অতিথিদের দাওয়াত দেওয়া থেকে শুরু করে প্রটোকল-সংক্রান্ত সার্বিক দায়িত্ব পালনে নেতৃত্বে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ। বঙ্গভবনকেন্দ্রিক অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও আপ্যায়নের নেতৃত্ব দেয় আপন বিভাগ। মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রজ্ঞাপন জারি হয় গত ১৩ ফেব্রুয়ারি। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সম্পন্ন করতে অন্তত পাঁচটি কমিটি গঠন করা হয়। গত ৬ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হাসান খানের নেতৃত্বে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল কাজ শপথ অনুষ্ঠান উপলক্ষে গঠিত বাকি চারটি উপকমিটির কার্যক্রম সমন্বয় করা এবং মন্ত্রিপরিষদ সচিবকে সার্বিক চিত্র অবহিত করা। অন্য কমিটিগুলো হলো– অতিথি তালিকা প্রণয়ন কমিটি, আমন্ত্রণপত্র প্রাপ্তি যাছাই কমিটি, আসন ব্যবস্থাপনা কমিটি ও অভ্যর্থনা কমিটি। রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান স্পিকার। প্রস্তুতির প্রাথমিক কাজ সম্পন্ন হলে মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে মহড়া অনুষ্ঠানের আয়োজন করে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করে। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব। শপথ গ্রহণের পরপরই রাষ্ট্রপতির শপথ গ্রহণ এবং কার্যভার গ্রহণ-সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এপ্রিল ১৮, ২০২৩
পাঁচ সিটিতে ভোট : ইসির অনুমতি ছাড়া বদলি-ছুটি নয় - image

পাঁচ সিটিতে ভোট : ইসির অনুমতি ছাড়া বদলি-ছুটি নয়

28 এপ্রিল 2023, বিকাল 6:00

আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে অনুমতি ছাড়া ভোটের এলাকা থেকে কাউকে বদলি করতে বা ছুটি না দিতে সরকারকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ১৫ দিন পর পর্যন্ত কার্যকর থাকবে এ নির্দেশনা। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, নির্দেশনাটি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে পাঠানো হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সব মন্ত্রণালয়/বিভাগ তথা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস/প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য থেকে এবং কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি অফিস/প্রতিষ্ঠান থেকেও প্রয়োজনীয় সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা প্রয়োজন হবে। কর্মকর্তা/কর্মচারীদের মধ্য থেকে কারও কারও নির্বাচনে অন্যান্য দায়িত্ব পালনের প্রয়োজন হতে পারে।সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে উল্লেখযোগ্য সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ ছাড়াও নির্বাচনে বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান/সংস্থার স্থাপনা/অঙ্গন ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। নির্দেশনায় আরও বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৩ অনুযায়ী নির্বাচন কমিশন তার দায়িত্ব পালনে সহায়তা করার উদ্দেশে রাষ্ট্রের যে কোনো ব্যক্তি বা নির্বাহী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবে এবং অনুরূপভাবে নির্দেশিত হলে উক্ত ব্যক্তি বা নির্বাহী কর্তৃপক্ষ উল্লিখিত দায়িত্ব পালন বা উক্তরূপ সহায়তা করতে বাধ্য থাকবে। ওই বিধিমালার বিধি ৮৯ অনুযায়ী নির্বাচনের সময়সূচি সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর ফলাফল সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার ১৫ দিন সময় অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ ব্যতীত বিধি উল্লিখিত কর্মকর্তাদের অন্যত্র বদলি করা যাবে না। নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ অনুসারে কোনো ব্যক্তি নির্বাচন সংক্রান্ত কাজের দায়িত্বপ্রাপ্ত হলে তিনি তার উক্তরূপ নিয়োগের পর নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি না পাওয়া পর্যন্ত তার চাকরির অতিরিক্ত দায়িত্ব হিসেবে নির্বাচন কমিশনের অধীনে প্রেষণে চাকরিরত আছেন বলে গণ্য হবেন। এ অবস্থায় উল্লিখিত নির্বাচনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নির্বাচনের কাজে নিয়োজিত ব্যক্তিরা তাদের ওপর অর্পিত দায়িত্ব আইন ও বিধি মোতাবেক নিরপেক্ষভাবে পালনের মাধ্যমে নির্বাচন কমিশনকে অতীতের মতো সহায়তা করবেন। নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের কাজে নিয়োজিত ব্যক্তিদের অব্যাহতি না দেওয়া পর্যন্ত যাতে তাদের অন্যত্র বদলি করা বা ছুটি দেওয়া না করা হয় অথবা নির্বাচনী দায়িত্ব ব্যাহত হতে পারে এমন কোনো কাজে নিয়োজিত না করা হয় তার নিশ্চয়তা বিধানের লক্ষ্যে সব মন্ত্রণালয়/বিভাগ তথা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থাসমূহকে নির্দেশ দেওয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

এপ্রিল ২৮, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo