logo
youtube logotwitter logofacebook logo

পরীক্ষা

ঢাকা থেকে মাত্র ৫ ঘন্টায় বরিশাল - image

ঢাকা থেকে মাত্র ৫ ঘন্টায় বরিশাল

06 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

মাত্র ৫ ঘন্টায় ঢাকা-বরিশাল নৌ রুটে ডে সার্ভিস শুরু করতে যাচ্ছে বেসরকারি কোম্পানী এমভি গ্রীন লাইনের দুটি জাহাজ। আগামী ৮ সেপ্টেম্বর নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান-এমপি আনুষ্ঠানিক ভাবে জাহাজ দুটির উদ্বোধন করবেন। দিবা সার্ভিসের জন্য গ্রীন লাইন ওয়াটারওয়েজের আধুনিক জাহাজ দুটি বরিশালের যাত্রী সাধারনের দুর্ভোগ লাগবে সহায়ক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রীন লাইন ওয়াটারওয়েজ বরিশালের ইনচার্জ মো. বাদশা মিয়া জানান, প্রতিটিতে ৬শ যাত্রী বহনে সক্ষম এ জাহাজ একদিনের মধ্যেই ঢাকা থেকে বরিশাল গিয়ে আবার ঢাকায় ফেরা সম্ভব। গত বৃহস্পতিবার বরিশালে পরীক্ষামূলক সার্ভিস দিয়েছে জাহাজ দুটি। তিনি আরও জানান, এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ আগামী ৮ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে। বিমানের আদলে গড়া এ জাহাজ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এতে দুই ক্যাটাগরির আসন ব্যবস্থা করা হয়েছে। ইকোনোমি ক্লাসের ভাড়া ৭০০ টাকা এবং বিজনেস ক্লাসের ভাড়া ১০০০ টাকা। এ ভাড়ার মধ্যেই রয়েছে খাবারের আয়োজন। প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা ও বিকাল তিনটায় জাহাজ চলাচলের সময় নির্ধারন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় রয়েছে বিশেষ ব্যবস্থা। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ ঢাকার উপ-পরিচালক মো. কবির হোসেন বলেন, পদ্মা সেতু নির্মিত হলে নৌ-পথের যাত্রীসেবা টিকিয়ে রাখতে দ্রুতগতিসম্পন্ন এ ধরণের জাহাজ চলাচলের কোন বিকল্প নেই। সূত্রমতে, প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ জাহাজ দুটি ক্যাটাম্যারান টাইপের ব্রিটিশ এয়ারলাইনসের বিমানের মতো চেয়ার সিট। এর নিচের অংশ স্টিল আর উপরের অংশ ফাইবারের তৈরি। যে কারণে ডুববে না বরং উল্টে গেলেও ভাসমানই থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বরিশাল বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মো. মেস্তাফিজুর রহমান জানান, ৮ সেপ্টেম্বর জাহাজ দুটি উদ্বোধনের পর ৯ সেপ্টেম্বর বরিশাল থেকে প্রথম যাত্রা শুরু করবে। জাহাজ দুটি চালু হলে এ অঞ্চলের মানুষ দিনের বেলায়ও যানজটমুক্ত পরিবেশে ঢাকায় আসা-যাওয়া করতে পারবেন। এজন্য বরিশাল নৌ-বন্দরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বরিশাল নাগরিক সমাজের সদস্য অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল বলেন, লঞ্চ মালিকদের কাছে জিম্মি বরিশালের যাত্রীরা। তাদের কারণে অন্যকোনো নৌযানও এসে টিকে থাকতে পারেনা। সে অনুযায়ী লঞ্চের রোটেশন প্রথা ভাঙতে এমন অত্যাধুনিক দ্রুতগতির জাহাজ চালু হওয়া দরকার। লঞ্চ রোটেশন প্রথা বাতিল কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিপলু বলেন, ডে সার্ভিসে ওয়াটারওয়েজ জাহাজ বরিশালের মানুষের জন্য সুখবর। তবে এ জাহাজ যাতে লঞ্চ মালিকদের চক্রান্তে বে-ক্রুজের মতো বন্ধ না হয়ে যায় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

সেপ্টেম্বর ০৬, ২০১৫
রিয়্যালিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’ - image

রিয়্যালিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’

07 অক্টোবর 2015, বিকাল 6:00

সঞ্চালনা- খন্দকার ইসমাইল পরিচালনা- আসলাম শিকদার ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’ টিভি রিয়্যালিটি শো, পাওয়ার্ড বাই মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল এবং ফ্যামিলি পাম অলিন দেখা যাবে এটিএন বাংলায় অক্টোবরের ২য়/৩য় সপ্তাহ থেকে। প্রতিযোগিতার মোট ১৩টি পর্ব সপ্তাহিকভাবে প্রচার হবে এটিএন বাংলায়। প্রথম সাতটি পর্বে দেখা যাবে বিভাগীয় প্রতিযোগিতা। প্রতি বিভাগের সেরা ৭ জন রন্ধনশিল্পী এতে অংশ নেবেন এবং নির্বাচিত নিজস্ব রেসিপি অনুসারে তাদের রন্ধনশৈলি প্রদর্শন করবেন। বিভাগীয় চ্যাম্পিয়ন ও রানার আপ পরবর্তী পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। কয়েকটি পর্যায় পার হয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় টিকে থাকবেন মাত্র ৪ জন। এদের মধ্যে থেকে চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপ নির্বাচিত করা হবে। সেরা পুষ্টি জ্ঞানের জন্য একজন প্রতিযোগীকে ‘অধ্যাপিকা সিদ্দিকা কবীর ট্রফি’ প্রদান করা হবে। শেষ তিনটি পর্বে রন্ধনশিল্পীরা বিশেষভাবে তৈরি শেফ কোট পরে প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন। প্রতিযোগিতায় বিচার কার্য পরিচালনা করবেন বিশিষ্ট রন্ধন ও পুষ্টি বিশারদগণ। তারা হলেন- কল্পনা রহমান, লবী রহমান, তাহেরা ওয়াহিদ, নূর আয়েশা চাকলাদার, নাফিজ ইসলাম লিপি। রন্ধনশৈলি, উপস্থাপনা, পরিবেশন, পুষ্টিজ্ঞান, রান্নার স্বাদ ইত্যাদি বিবেচনায় প্রতি পর্বের বিজয়ীদের নির্বাচিত করা হবে। বিভাগীয় পর্যায়ে নিজস্ব রেসিপি অনুসারে রান্না করলেও পরবর্তী পর্যায়গুলোতে রন্ধনশিল্পীদের পরীক্ষাটা হবে অনেকটাই কঠিন। কোন পূর্বনির্ধারিত রেসিপি ছাড়াই সরবরাহকৃত উপদান ও উপকরণ দিয়ে তাৎক্ষণিকভাবে বিভিন্ন ডিস, যেমন বাচ্চাদের খাবার, মায়ের হাতের রান্না, লাঞ্চ, ডিনার ইত্যাদি তৈরি করতে হবে। চূড়ান্ত প্রতিযোগিতা পর্বে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে প্রতিযোগীদের। বিচারকবৃন্দ কর্তৃক তৈরি করা ডিস দেখে এবং চেখে তাৎক্ষণিকভাবে অনুরূপ ডিস তৈরি করতে হবে। এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশগ্রহণের জন্য এন্ট্রি পাঠান। প্রতি বিভাগ থেকে ৭ জন করে মোট ৪৯ জনকে টিভি রিয়্যালিটি শোতে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। এই ৪৯ জনের জন্য গত ১২ সেপ্টেম্বর ঢাকার এফডিসিতে অবস্থিত এটিএন বাংলার স্টুডিওতে দিনব্যাপী গ্রুমিং সেশনের আয়োজন করা হয়। সেশনে বিচারকমন্ডলীর সদস্য, পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠানসমূহের পক্ষে এটিএন বাংলা’র চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ওএবং দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ছাড়াও বক্তব্য রাখেন এটিএন বাংলা’র বিক্রয় ও বিপনন বিভাগের উপদেষ্টা এম শামসুল হুদা, অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজীশ আলী খান। সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা গত দশ বছর যাবৎ আয়োজন করে আসছে ভ্রমণ বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর। টিভি রিয়্যালিটি শো আকারে প্রতিযোগিতাটি গত বছরই প্রথম এটিএন বাংলায় প্রচার করা হয়। এবারেও এটিএন বাংলা ও দি বাংলাদেশ মনিটর যৌথভাবে অনুষ্ঠানটি উপস্থাপন করছে। খন্দকার ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আসলাম শিকদার। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল, টিকে গ্রুপের ফ্যামিলি ব্র্যান্ড পাম অলিন। পার্টনার হিসেবে সহযোগিতা করছে আগোরা, ওমেন্স ওয়ার্ল্ড, বসুন্ধরা গ্রুপ এবং নাদিয়া ফার্নিশার্স।

অক্টোবর ০৭, ২০১৫
সাকা-মুজাহিদের ফাঁসির রায় কার্যকর - image

সাকা-মুজাহিদের ফাঁসির রায় কার্যকর

21 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাত ১২টা ৫৫ মিনিটে যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত দুইজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান। রায় কার্যকরের আগে নিয়ম অনুযায়ী সাকা ও মুজাহিদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। মৌলভী এসে ইসলামী রীতি অনুযায়ী আসামিদের তওবা পড়ান। এরপর ফাঁসির মঞ্চে নেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জামায়াতের এই সেক্রেটারি জেনারেলকে। এরআগে, শনিবার রাত সোয়া ১২টার দিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদের স্বজনরা দেখা করে কারাগার থেকে বেরিয়ে আসেন। তার আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের সঙ্গে দেখা করে আসেন তার স্বজনরা। মুজাহিদের স্বজনরা বেরিয়ে আসার পর চারটি অ্যাম্বুলেন্স ঢুকে কারাগারের ভেতরে। দিনভর নানা আলোচনা চললেও রাত সাড়ে ৮টায় দেখা করতে স্বজনদের কারা কর্তৃপক্ষের আহ্বান এবং কারাগারের বাইরে নিরাপত্তা জোরদার জোর ইঙ্গিত দিচ্ছিল যে, রাতেই ফাঁসি কার্যকর হচ্ছে। শনিবার রাত ৯টার দিকে রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেওয়ায় রাতেই ফাসি কার্যকর করার বিষয়টি চলে আসে। রাত ১২টার মধ্যই কারাগারে শেষ দেখা করেছেন সাকা ও মুজাহিদের স্বজনরা। সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। অপরদিকে মুজাহিদের লাশ ফরিদপুরে নিয়ে যাওয়ার কথা রয়েছে। রায় কার্যকর  করতে পূর্বেই কারাগারে ছয়জন জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছিল। এরা হলেন, শাহজাহান, রাজু, আবুল, মাসুদ, ইকবাল ও মুক্তার। এছাড়া ফাসি কার্যকরের সময় কারাগারে ছিলেন দুই ম্যাজিস্ট্রেট, আইজি প্রিজন,  জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জন। শনিবার বিকেলে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাহ উদ্দিন কাদের চৌধুরীর প্রাণভিক্ষার আবেদনের নথি বঙ্গভবনে পৌঁছায়। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে প্রাণ ভিক্ষার আবেদন করেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদ। আবেদনপত্রটি রাষ্ট্রপতির দফতরে পাঠানোর পর আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে একথা জানান। এর আগে, বিকেলে সালাউদ্দীন কাদের চৌধুরীর পক্ষে রায় পুনর্বিবেচনার জন্য তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর আবেদন গ্রহণ না করে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণের করার পরামর্শ দেয় বঙ্গভবন কর্তৃপক্ষ। বিকেলে সাকার ছেলে হুম্মাম কাদের চৌধুরী ইংরেজিতে লেখা দুই পৃষ্ঠার একটি আবেদনপত্র নিয়ে বঙ্গভবনে যান। আবেদনে সালাউদ্দিন কাদেরের বিচার প্রক্রিয়াকে মিসট্রায়াল হিসেবে বিবেচনা করার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানানো হয়। পরে সালাউদ্দীন কাদেরের ছেলে সাংবাদিকদের জানান, তার বাবার প্রাণভিক্ষার আবেদন সম্পর্কে নিশ্চিত নন তারা। এসময় নিজের বাবাকে নির্দোষ বলেও দাবি করেন তিনি। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে প্রাণ ভিক্ষার আবেদন করেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদ। আবেদনপত্রটি রাষ্ট্রপতির দফতরে পাঠানোর পর আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে একথা জানান। এর আগে ২০১২ সালের ১২ ডিসেম্বর ফাঁসিতে ঝোলানো হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে। এরপর ২০১৫ সালের ১১ এপ্রিল ফাঁসিতে ঝোলানো হয় জামায়াতের অপর সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানকে।

নভেম্বর ২১, ২০১৫
ক্রিকেটে নিষিদ্ধ নারাইন, বিপাকে কুমিল্লা - image

ক্রিকেটে নিষিদ্ধ নারাইন, বিপাকে কুমিল্লা

29 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: অবশেষে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটের বোলিংয়ে নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। রোববার  এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল -আইসিসি। গত ৭ নভেম্বর পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে নারাইনের অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছিল আম্পায়ারদের। আনুষ্ঠানিক অভিযোগও আনেন। বিপিএল খেলতে আসার আগে গত ১৭ নভেম্বর লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন নারাইন। নিয়ম অনুযায়ী, বিশ্বজুড়ে ঘরোয়া্ লিগগুলোতেও বোলিং করতে পারবেন না নারাইন। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড চাইলে নিজেদের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন এই স্পিনার। এদিকে, রোববার সিলেট সুপার স্টার্সের বিপক্ষেও খেলার কথা ছিল তার। ম্যাচের আগের দিন দলের অন্যতম সেরা অস্ত্রকে হারিয়ে বিপাকেই পড়ে গেল কুমিল্লা।

নভেম্বর ২৯, ২০১৫
লাগাতার কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা - image

লাগাতার কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

10 জানুয়ারি 2016, বিকাল 6:00

জস্ব প্রতিবেদক: অষ্টম বেতন কাঠামোয় অসঙ্গতি দূর করতে বেঁধে দেওয়া সময় পার হওয়ায়, আজ থেকে সারা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা। এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে। শুধু ফাইনাল পরীক্ষা হবে। ক্লাস-পরীক্ষার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। অন্য ৩৫টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট শিক্ষকরা। ৯ মাস আগে অষ্টম বেতন কাঠামোর প্রস্তাব আসার পর গ্রেডে মর্যাদার অবনমন এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন শুরু হয়েছিল। এরপর সরকার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি পর্যালোচনায় কমিটি করে। অর্থমন্ত্রী শিক্ষকদের ৩টি দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও, বেতন কাঠামোর গেজেটে তার প্রতিফলন ঘটেনি বলে শিক্ষকদের অভিযোগ। এ পরিস্থিতিতে রোববার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতি শুরু হবে। সান্ধ্যকালীন কোর্সও এর আওতায় থাকবে।

জানুয়ারি ১০, ২০১৬
উত্তরপত্রে বেশি নম্বর দিতে নির্দেশ নেই: শিক্ষামন্ত্রী - image

উত্তরপত্রে বেশি নম্বর দিতে নির্দেশ নেই: শিক্ষামন্ত্রী

30 জানুয়ারি 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: পাসের হার বাড়াতে উত্তরপত্রে বেশি নম্বর দিতে শিক্ষা মন্ত্রণালয় কোনো নির্দেশনা দেয় না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রশ্নপত্র ফাঁসের কোনো আশংকা নেই উল্লেখ করে তিনি বলেন, এর প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। গত বছরের চেয়ে ছাত্রছাত্রী বেড়েছে ১ লাখ ৭২ হাজার ২৫৭ জন। এর মধ্যে ছাত্র ৭৯ হাজার ৫৯৪। ছাত্রীর সংখ্যা বেড়েছে ৯২ হাজার ৬৬৩ জন। প্রতিবন্ধীদের জন্য ২০ মিনিট এবং অটিস্টিক পরীক্ষার্থীদের জন্য ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়ার কথাও শিক্ষামন্ত্রী জানান।

জানুয়ারি ৩০, ২০১৬
মাধ্যমিকে পাশের হার ৮৮.২৯ শতাংশ - image

মাধ্যমিকে পাশের হার ৮৮.২৯ শতাংশ

10 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ বুধবার। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বেলা দুইটায় একযোগে ফল প্রকাশ করা হবে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সারাবিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল এবং আজকের প্রজন্মই পারবে তার ধারাবাহিকতা ধরে রাখতে। বুধবার সকালে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বোর্ড চেয়ারম্যানদের কাছ থেকে এসএসসি পরীক্ষার ফলাফল বুঝে নেয়াার পর তিনি এ মন্তব্য করেন। এবার মোট পাশের হার ৮৮.২৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৯ হাজার সাতশ একষট্টি। এবার মেয়েদের পাশের হার ছেলেদের থেকে দশমিক ১৯ শতাংশ বেশি। সারাদেশে শতভাগ পাশ করেছে ৪৭৩৪ টি স্কুল। কাউকে আর ফলাফলের জন্য ছোঁটাছুটি করতে হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র দেশই এখন ডিজিটাল। তার মতে ছেলে মেয়েদের সুযোগ দিলেই তারা ভালো করবে। একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনের পর থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ফলাফল জানতে পারবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। উল্রেখ্য, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১০ মার্চ। এবার মোট ১৬ লাখ ৪৫ হাজার ২০১ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, যা গতবারের চেয়ে ১ লক্ষ ৭১ হাজার ৬০৭ জন বেশি। গত বছর এ পরীক্ষায় ৮৭ দশমিক শূন্য ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১১ হাজার ৯০১ জন।

মে ১০, ২০১৬
নলকূপের গর্তে পড়ে শিশু শীক্ষার্থীর মৃত্যু - image

নলকূপের গর্তে পড়ে শিশু শীক্ষার্থীর মৃত্যু

13 মে 2016, বিকাল 6:00

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের সুকুন্দিরবাগ এলাকায় একটি স্কুলের পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে স্কুলের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। শনিবার সকালে ওই এলাকার হায়দ্রাবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সেলিম মিয়া জানান। নিহত রোহানুর রহমান (৭) টঙ্গীর বনমালা এলাকার বিল্লাল হোসেনের ছেলে। ওই স্কুলের নার্সারির ছাত্র ছিল সে। আহত হয়েছে তার সহপাঠী সানি আহমেদ (৭)। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই স্কুলের শিক্ষক রুবেল শেখ বলেন, স্কুলের নবনির্মিত ভবনের সামনে সাত/ আট মাস আগে একটি গভীর নলকূপ বসানো হয়। কিন্তু পানি না ওঠায় তা তুলে গর্ত বালি দিয়ে ভরাট করে ফেলা হয়। “শনিবার সকালে পরীক্ষা দিয়ে বের হয়ে ভবনের সামনে খেলছিল শিশু দুটি। এ সময় ভেতরে পড়ে যায় তারা।” ফায়ার সার্ভিস কর্মকর্তা সেলিম মিয়া বলেন, ১০/১২ ফুট গর্তের ভেতরে আগে রোহানুর পড়ে তার উপর পরে সানি। উদ্ধারের আগেই রোহানুরের মৃত্যু হয়।

মে ১৩, ২০১৬
ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত: সিআইডি - image

ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত: সিআইডি

16 মে 2016, বিকাল 6:00

কুমিল্লা প্রতিনিধ: প্রথম ময়নাতদন্তে কোন আলামত না মিললেও কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ডিএনএ রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন সিআইডির কুমিল্লা ও নোয়াখালীর বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান। তিনি বলেন, ‘ডিএনএ পরীক্ষায় কয়েকজন পুরুষের বীর্যের উপস্থিতি পাওয়া গেছে।’ সোমবার রাতে কুমিল্লা সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খানের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রচারের পর সন্তুষ্টি প্রকাশ করেছে তনুর পরিবার। তারা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। মঙ্গলবার সকালে কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের সামনে তনুর বাবা ইয়ার হোসেন ও মা আনোয়ারা বেগম ও ভাই আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ‘সিআইডি কর্তৃক মামলার তদন্ত ও যে ডিএনএ রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে আমরা সন্তুষ্ট, ডিএনএ পরীক্ষায় ৩ জন তনুকে ধর্ষণ করেছে বলে আলামত পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে আমরা ন্যায় বিচার পাবো।’ তারা আরও জানান, ‘পুরো দেশবাসী এ বিচারের অপেক্ষায় রয়েছে, আশা করি সিআইডি খুব শিগগিরই ঘাতকদের গ্রেপ্তারর করে বিচারের আওতায় আনবে।’ এদিকে এ ডিএনএ প্রতিবেদনের মধ্য দিয়ে তনুকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কি না এ বিতর্কের অবসান হচ্ছে। গত ২০ মার্চ সোহাগী জাহান তনুকে হত্যা করে কুমিল্লা সেনানিবাসের বাসার পাশের একটি জঙ্গলে ফেলে দেয় ঘাতকরা। পুলিশ, ডিবির পর বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গত ৩০ মার্চ তনুর মরদেহের দ্বিতীয় ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। গত ৪ এপ্রিল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে দেয়া প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে তনুকে হত্যা এবং ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। তনু হত্যাকাণ্ডের পর পুলিশ ধর্ষণের সন্দেহের কথা জানালেও ১৫ দিন পর কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক দল ময়নাতদন্তের প্রতিবেদনে সেই ধরনের আলামত না পাওয়ার কথা জানিয়েছিল। এরপর আদালতের আদেশে কবর থেকে মৃতদেহ তুলে তনুর দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়। সেই পরীক্ষার প্রতিবেদন এখনও পাওয়া যায়নি বলে জানান সিআইডি। ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেনের মেয়ে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুর খুনিদের দুই মাসেও শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, যা নিয়ে ব্যাপক সমালোচনাও রয়েছে।

মে ১৬, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo