logo
youtube logotwitter logofacebook logo

ঢাবি

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ঢাবি - image

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ঢাবি

13 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: একাত্তরে গণহত্যার জন্য নি:শর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক বলেন, পাকিস্তানের কোন বিশ্ববিদ্যালয় বা অন্য কোন প্রতিষ্ঠানের সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন সম্পর্ক থাকবেনা, নতুন কোন সমঝোতা সই হবেনা, পুরনোগুলো স্থগিত থাকবে। তিনি জানান, পাকিস্তানের কোন ছাত্রও ঢাবিতে ভর্তি হতে পারবেনা। তবে বর্তমানে কোন ছাত্র অধ্যায়নরত থাকলে তা শেষ করতে পারবে। সিন্ডিকেট সভায় পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, জাতিসংঘ ও সার্ক থেকে তাদের বাদ দেয়া এবং ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধির বিচারের ব্যবস্থা নিতেও সরকারকে অনুরোধ জানানো হয়।

ডিসেম্বর ১৩, ২০১৫
ঢাবির ভর্তি পরীক্ষা শুরু আজ - image

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু আজ

28 এপ্রিল 2023, বিকাল 6:00

চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আজ শনিবার (২৯ এপ্রিল) শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা। এবার চারটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষায় প্রায় তিন লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।  ঘোষিত সময়সীমা অনুযায়ী, আজ (২৯ এপ্রিল) চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) মধ্য দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। আগামী ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসের তথ্যমতে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য এবছর ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন প্রার্থী আবেদন করেছেন। সে অনুযায়ী ৪টি ইউনিটে ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ৫০ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা হবে যেসব বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবণ্টন চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় এবার ৬০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে।চারুকলা ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় থাকবে। আর অন্যান্য ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় ঠিক করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং এসএসসি বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।

এপ্রিল ২৮, ২০২৩
ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন - image

ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

28 এপ্রিল 2023, বিকাল 6:00

২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, চারুকলা অনুষদের ডিন ও ‘চারুকলা ইউনিট’ ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বরাবরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রেখে পরীক্ষার্থীদের জন্য গ্রহণযোগ্য, সুন্দর ও স্বচ্ছ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিজ দায়িত্বে ও নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা পরীক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা প্রদানে নিয়োজিত আছেন।’ নির্বিঘ্নে কেন্দ্রে আসার ক্ষেত্রে পরীক্ষার্থীদের সহযোগিতা করায় উপাচার্য অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। উপাচার্য আরও বলেন, ‘অসাধু ও প্রতারক চক্রের জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।’ সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা করায় গণমাধ্যম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে,  চারুকলা অনুষদে মোট আসন রয়েছে ১৩০টি। এ আসনের বিপরীতে আবেদন পড়েছে সাত হাজার ৭৯টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৫৪ জন। এ ছাড়া ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য সব ইউনিট মিলিয়ে ঢাবিতে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৯৬৫টি। এতে মোট আবেদন করেছেন দুই লাখ ৯৮ হাজার ৪২৯ জন প্রার্থী। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৫০ জন শিক্ষার্থী। চারুকলা বাদে অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। আগামী ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

এপ্রিল ২৮, ২০২৩
ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা চলছে - image

ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা চলছে

05 মে 2023, বিকাল 6:00

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা চলছে। সকাল ১১টায় পরীক্ষা শুরু হয় এবং চলবে সাড়ে ১২টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ২২ হাজার ৮৪৮ জন প্রার্থী আবেদন করেছেন। প্রতি আসনে প্রার্থী ৪২ জন করে। সকাল ১১টায় ঢাকাসহ ৭টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মাল্টিপল চয়েস প্রশ্নের (এমসিকিউ) জন্য ৬০ এবং লিখিত অংশের জন্য ৪০ নম্বর থাকবে। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ মে অনুষ্ঠিত হবে।

মে ০৫, ২০২৩
দেশের ৮ বিভাগীয় কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত - image

দেশের ৮ বিভাগীয় কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

05 মে 2023, বিকাল 6:00

২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট ভর্তিতে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মে) বেলা ১১টা থেকে ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরের কেন্দ্রেও পরীক্ষা শুরু হয়। চলে সাড়ে ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে চার ইউনিট মিলে দুই লাখ ৯৮ হাজার ৪৩০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এবার মোট আসন ৫ হাজার ৯৬৫টি। সে হিসেবে আসন প্রতি লড়বেন প্রায় ৫০ জন পরীক্ষার্থী। জানা যায়, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ৮৮৬টি। এ ইউনিটে মোট আসন দুই হাজার ৯৩৪টি। সে হিসেবে আসন প্রতি লড়বেন প্রায় ৪২ জন পরীক্ষার্থী। এ ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯০৮টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৪৪টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৮২টি আসন বরাদ্দ রয়েছে। এ ছাড়াও, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মে ০৫, ২০২৩
সিটি করপোরেশনে বুশরার অবস্থান নিয়ে মুখ খুললেন মেয়র আতিক - image

সিটি করপোরেশনে বুশরার অবস্থান নিয়ে মুখ খুললেন মেয়র আতিক

07 মে 2023, বিকাল 6:00

ঢাকা উত্তর সিটি করপোরেশনে চিফ হিট অফিসার বুশরা আরেফিনের জন্য কোনো অফিস বা চেয়ার নেই বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির মাঠে আয়োজিত ডিএনসিসি মেয়র’স কাপ টুর্নামেন্ট-২০২৩ এর ভলিবল বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এটি বাংলাদেশের জন্য গর্ব। এশিয়ার মধ্যে বুশরা আরেফিনকে প্রথম চিফ হিট অফিসার হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু তার সঙ্গে আমাদের সিটি করপোরেশনের কোনো সম্পর্ক নেই। ’ এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনে চিফ হিট অফিসার নামে কোনো পোস্ট নেই বলেও জানান উত্তরের মেয়র। তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশন তার (বুশরা আরেফিন) কোনো বেতন ভাতা বা গাড়ির সুবিধা দেবে না। তার জন্য সিটি করপোরেশনে কোনো অফিস বা চেয়ারও নেই। ’ ‘তবে তার যা যা দরকার সব কিছু আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের রেজিলিয়েন্স সেন্টার দেবে। যারা সারা বিশ্বে এখন পর্যন্ত সাতজন নারী চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে’, যোগ করেন মেয়র আতিক। তিনি বলেন, ‘বুশরা আরেফিন আমার মেয়ে, আমি তাকে বলেছি, বাবা তুমি শক্ত থাকো। কারণ, আমি ও আমার মেয়ে জানি যে সিটি করপোরেশন থেকে সে কোনো সুবিধা নেয়নি। বুশরা সম্পূর্ণ নিজের যোগ্যতায় এশিয়ার চিফ হিট অফিসার হয়েছে। সেই সঙ্গে সে ইসলাম গার্মেন্টস গ্রুপের ডিরেক্টর। সে তার নিজের ব্যবসা, কাজ ফেলে রেখে চিফ হিট অফিসার হিসেবে কাজ করবে পুরো এশিয়ার জন্য।’ এখানে কার ছেলে বা কার মেয়ে সেটি মুখ্য নয় উল্লেখ করে মেয়র আতিক আরও বলেন, ‘সমগ্র এশিয়ার মধ্যে চিফ হিট অফিসার হিসেবে একজন নারী নিয়োগ পেয়েছেন এটা কিন্তু একটি বড় মেসেজ। তাই আমাদের গর্ব করা প্রয়োজন, যে একজন চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একজন নারী।’উল্লেখ্য, নগরের তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের মাধ্যমে এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) নিয়োগ দেওয়া হয়। গত বুধবার (৩ মে) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম নিজেই এ তথ্য জানান। অনুষ্ঠানে ডিএনসিসি ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। এর আওতায় ঢাকা উত্তরের তাপমাত্রা কমাতে যৌথভাবে কাজ করবে সংগঠন দুটি।

মে ০৭, ২০২৩
এক দফা দাবিতে ফের সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ - image

এক দফা দাবিতে ফের সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ

26 আগস্ট 2023, বিকাল 6:00

সিজিপিএ’র শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে উত্তরণের সুযোগ চেয়ে তৃতীয় দিনের মতো নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে মিছিল নিয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা।শিক্ষার্থীদের অবরোধের ফলে আজিমপুর-সায়েন্সল্যাব রাস্তায় যানজট দেখা দিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আন্দোলনকারী ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, আমাদের সেশনের পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা সবাই তাদের এমবিএ শেষ করে ফেলেছে। কিন্তু আমরা এখনো ক্লাস-পরীক্ষায় কিছুই ঠিকমতো পাচ্ছি না। এর দায়ভার কে নেবে? আমাদের বিভিন্ন বর্ষের পরীক্ষা চলমান রয়েছে। আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফল প্রকাশের দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে। যার ফলে বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এই দায়ভার সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজ প্রশাসনকে নিতে হবে। ঢাবি অধিভুক্ত ৭ কলেজের সক্ষমতা না থাকা ও নানামুখী সংকটের পরও বিশ্ববিদ্যালয় জোর করে সিজিপিএর শর্ত চাপিয়ে দিয়েছে। এ সময় শিক্ষার্থীরা ‘নয় মাসে রেজাল্ট কেন, জবাব চাই জবাব চাই’ ‘ঢাবি তোমার প্রহসন, মানি না মানবো না’, ‘এক দফা এক দাবি, মেনে নাও মেনে নাও’, ‘সাত কলেজের এক দাবি মানতে হবে মানতে হবে’সহ নানাবিধ শ্লোগান দেন।

আগস্ট ২৬, ২০২৩
দোষী হলে এডিসি হারুনের বিরুদ্ধে ব্যবস্থা : ডিবিপ্রধান - image

দোষী হলে এডিসি হারুনের বিরুদ্ধে ব্যবস্থা : ডিবিপ্রধান

09 সেপ্টেম্বর 2023, বিকাল 6:00

ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশীদ দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।ডিবিপ্রধান বলেন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানেন। এটি তদন্ত করা হবে, তদন্তে এডিসি দোষী হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।এর আগে, শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্মমভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠে পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে। মারধরের শিকার দুই নেতা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম। ঘটনার পর তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রলীগের নেতাদের দাবি, এডিসি হারুন শনিবার বিকেলে ৩১তম বিসিএসের এক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ওই নারী পুলিশ কর্মকর্তার স্বামী পরিচয় দেওয়া ৩১তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এক কর্মকর্তা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে নিয়ে সেখানে যান। একপর্যায়ে সেখানে এডিসি হারুনের সঙ্গে ওই কর্মকর্তার বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ছাত্রলীগ নেতাদের আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার জেরে রাতে শাহবাগ থানার সামনে ভিড় করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতেই ঘটনা মীমাংসা করেন বলে জানা গেছে।

সেপ্টেম্বর ০৯, ২০২৩
বঙ্গবন্ধুর দূরদর্শিতাকে মেধা ও মননে ধারণ করে অগ্রবর্তী বাংলাদেশকে দেখতে হবে : রাষ্ট্রপতি - image

বঙ্গবন্ধুর দূরদর্শিতাকে মেধা ও মননে ধারণ করে অগ্রবর্তী বাংলাদেশকে দেখতে হবে : রাষ্ট্রপতি

25 অক্টোবর 2023, বিকাল 6:00

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী দৃষ্টিকে মেধা ও মননে ধারণ করে অগ্রবর্তী বাংলাদেশকে দেখতে হবে। বঙ্গবন্ধু’র যেসব চিন্তা এখনও বাস্তবায়ন করা সম্ভব হয়নি, সেগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডক্টর অব ল’জ উপাধি প্রদান উপলক্ষে গতকাল দেওয়া এক বাণীতে এ কথা বলেন রাষ্ট্রপতি। ‘জাতির পিতার অসম্পূর্ণ স্বপ্ন পূরণের শক্তি অর্জনের জন্যই তাঁকে এই অনন্য সম্মান প্রদর্শন’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ল’জ উপাধি দেওয়ার সিদ্ধান্ত বঙ্গবন্ধুর প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিনম্র শ্রদ্ধা ও হৃদয় নিংড়ানো ভালোবাসারই বহিঃপ্রকাশ।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ল’জ উপাধিতে ভূষিত করার উদ্যোগকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, ‘প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯২১ সালে মুক্তবুদ্ধি চর্চার প্রতিশ্রুতি নিয়ে দেশের এই বিদ্যাপীঠের যে অগ্রযাত্রা সূচিত হয়েছিল, নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজও সেই মূলধারা বিকাশমান রয়েছে।’ রাষ্ট্রপতি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ শিক্ষায়তন থেকেই দেশের সাধারণ মানুষের মুক্তির স্বপ্ন দেখেছিলেন। মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের আর্থসামাজিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মূলত বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম।’ রাষ্ট্রপতি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র-শিক্ষক নিজেদের জীবন উৎসর্গ করেছেন।’ তিনি সে সব বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, বিজ্ঞানমনস্ক ও মানবিকবোধসম্পন্ন জাতি গঠনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান-প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা আরও কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে জ্ঞান-বিজ্ঞানচর্চা ও মননশীলতার প্রাণকেন্দ্র করে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে অনন্য উচ্চতায় এগিয়ে নিতে চেয়েছিলেন। ১৯৭০ সালে সাধারণ নির্বাচন উপলক্ষে তিনি (বঙ্গবন্ধু) বলেছিলেন, কোনো দেশ বা সমাজের বিকাশের জন্য শিক্ষা খাতে বিনিয়োগ হচ্ছে সর্বোৎকৃষ্ট- এর চেয়ে বড় বিনিয়োগ আর হতে পারে না। এই চিন্তা সময় উত্তীর্ণ, এই ভাবনা চিরকালীন।’ রাষ্ট্রপতি আরও বলেন, ‘স্বাধীন বাংলাদেশের প্রতিটি গণআন্দোলনে এই বিদ্যায়তন যেরূপ অগ্রণী ভূমিকা রেখেছে, বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দিয়ে নিজেদের কলঙ্কমুক্ত করতে তেমনি উদ্যোগী হয়েছে, আজ বঙ্গবন্ধুকে অত্যন্ত মর্যাদাপূর্ণ উপাধিতে ভূষিত করার আয়োজনের মধ্য দিয়ে আবারও সেই পথিকৃতের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

অক্টোবর ২৫, ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধানমন্ত্রী - image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধানমন্ত্রী

28 অক্টোবর 2023, বিকাল 6:00

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ডিগ্রি প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিটে তিনি সমাবর্তনস্থলে পৌঁছান। এ সময় উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রীকে করতালির মাধ্যমে বরণ করে নেন।এদিকে, বিএনপির ডাকা হরতালে রাজধানীর শাহবাগে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে যানবাহনের চাপ কিছুটা কম ছিল। রোববার (২৯ অক্টোবর) সকালে শাহবাগ এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। এ ছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাস্তায় রয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা। এ ছাড়া শাহবাগ এলাকায় অন্যান্য দিনের মতো বাসের চাপ দেখা না গেলেও যানচলাচল স্বাভাবিক রয়েছে। গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত যানবাহনের আধিক্য লক্ষ্য করা গেছে। সরেজমিন দেখা যায়, হরতাল কেন্দ্র করে সকাল থেকে বিএনপির কোনো স্তরের নেতাকর্মীদের কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেখা যায়নি। জানা গেছে, রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি-জামায়াত। শনিবার সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অক্টোবর ২৮, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo