logo
youtube logotwitter logofacebook logo

খাবার

ঢাকা থেকে মাত্র ৫ ঘন্টায় বরিশাল - image

ঢাকা থেকে মাত্র ৫ ঘন্টায় বরিশাল

06 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

মাত্র ৫ ঘন্টায় ঢাকা-বরিশাল নৌ রুটে ডে সার্ভিস শুরু করতে যাচ্ছে বেসরকারি কোম্পানী এমভি গ্রীন লাইনের দুটি জাহাজ। আগামী ৮ সেপ্টেম্বর নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান-এমপি আনুষ্ঠানিক ভাবে জাহাজ দুটির উদ্বোধন করবেন। দিবা সার্ভিসের জন্য গ্রীন লাইন ওয়াটারওয়েজের আধুনিক জাহাজ দুটি বরিশালের যাত্রী সাধারনের দুর্ভোগ লাগবে সহায়ক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রীন লাইন ওয়াটারওয়েজ বরিশালের ইনচার্জ মো. বাদশা মিয়া জানান, প্রতিটিতে ৬শ যাত্রী বহনে সক্ষম এ জাহাজ একদিনের মধ্যেই ঢাকা থেকে বরিশাল গিয়ে আবার ঢাকায় ফেরা সম্ভব। গত বৃহস্পতিবার বরিশালে পরীক্ষামূলক সার্ভিস দিয়েছে জাহাজ দুটি। তিনি আরও জানান, এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ আগামী ৮ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে। বিমানের আদলে গড়া এ জাহাজ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এতে দুই ক্যাটাগরির আসন ব্যবস্থা করা হয়েছে। ইকোনোমি ক্লাসের ভাড়া ৭০০ টাকা এবং বিজনেস ক্লাসের ভাড়া ১০০০ টাকা। এ ভাড়ার মধ্যেই রয়েছে খাবারের আয়োজন। প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা ও বিকাল তিনটায় জাহাজ চলাচলের সময় নির্ধারন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় রয়েছে বিশেষ ব্যবস্থা। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ ঢাকার উপ-পরিচালক মো. কবির হোসেন বলেন, পদ্মা সেতু নির্মিত হলে নৌ-পথের যাত্রীসেবা টিকিয়ে রাখতে দ্রুতগতিসম্পন্ন এ ধরণের জাহাজ চলাচলের কোন বিকল্প নেই। সূত্রমতে, প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ জাহাজ দুটি ক্যাটাম্যারান টাইপের ব্রিটিশ এয়ারলাইনসের বিমানের মতো চেয়ার সিট। এর নিচের অংশ স্টিল আর উপরের অংশ ফাইবারের তৈরি। যে কারণে ডুববে না বরং উল্টে গেলেও ভাসমানই থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বরিশাল বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মো. মেস্তাফিজুর রহমান জানান, ৮ সেপ্টেম্বর জাহাজ দুটি উদ্বোধনের পর ৯ সেপ্টেম্বর বরিশাল থেকে প্রথম যাত্রা শুরু করবে। জাহাজ দুটি চালু হলে এ অঞ্চলের মানুষ দিনের বেলায়ও যানজটমুক্ত পরিবেশে ঢাকায় আসা-যাওয়া করতে পারবেন। এজন্য বরিশাল নৌ-বন্দরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বরিশাল নাগরিক সমাজের সদস্য অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল বলেন, লঞ্চ মালিকদের কাছে জিম্মি বরিশালের যাত্রীরা। তাদের কারণে অন্যকোনো নৌযানও এসে টিকে থাকতে পারেনা। সে অনুযায়ী লঞ্চের রোটেশন প্রথা ভাঙতে এমন অত্যাধুনিক দ্রুতগতির জাহাজ চালু হওয়া দরকার। লঞ্চ রোটেশন প্রথা বাতিল কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিপলু বলেন, ডে সার্ভিসে ওয়াটারওয়েজ জাহাজ বরিশালের মানুষের জন্য সুখবর। তবে এ জাহাজ যাতে লঞ্চ মালিকদের চক্রান্তে বে-ক্রুজের মতো বন্ধ না হয়ে যায় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

সেপ্টেম্বর ০৬, ২০১৫
রিয়্যালিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’ - image

রিয়্যালিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’

07 অক্টোবর 2015, বিকাল 6:00

সঞ্চালনা- খন্দকার ইসমাইল পরিচালনা- আসলাম শিকদার ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’ টিভি রিয়্যালিটি শো, পাওয়ার্ড বাই মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল এবং ফ্যামিলি পাম অলিন দেখা যাবে এটিএন বাংলায় অক্টোবরের ২য়/৩য় সপ্তাহ থেকে। প্রতিযোগিতার মোট ১৩টি পর্ব সপ্তাহিকভাবে প্রচার হবে এটিএন বাংলায়। প্রথম সাতটি পর্বে দেখা যাবে বিভাগীয় প্রতিযোগিতা। প্রতি বিভাগের সেরা ৭ জন রন্ধনশিল্পী এতে অংশ নেবেন এবং নির্বাচিত নিজস্ব রেসিপি অনুসারে তাদের রন্ধনশৈলি প্রদর্শন করবেন। বিভাগীয় চ্যাম্পিয়ন ও রানার আপ পরবর্তী পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। কয়েকটি পর্যায় পার হয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় টিকে থাকবেন মাত্র ৪ জন। এদের মধ্যে থেকে চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপ নির্বাচিত করা হবে। সেরা পুষ্টি জ্ঞানের জন্য একজন প্রতিযোগীকে ‘অধ্যাপিকা সিদ্দিকা কবীর ট্রফি’ প্রদান করা হবে। শেষ তিনটি পর্বে রন্ধনশিল্পীরা বিশেষভাবে তৈরি শেফ কোট পরে প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন। প্রতিযোগিতায় বিচার কার্য পরিচালনা করবেন বিশিষ্ট রন্ধন ও পুষ্টি বিশারদগণ। তারা হলেন- কল্পনা রহমান, লবী রহমান, তাহেরা ওয়াহিদ, নূর আয়েশা চাকলাদার, নাফিজ ইসলাম লিপি। রন্ধনশৈলি, উপস্থাপনা, পরিবেশন, পুষ্টিজ্ঞান, রান্নার স্বাদ ইত্যাদি বিবেচনায় প্রতি পর্বের বিজয়ীদের নির্বাচিত করা হবে। বিভাগীয় পর্যায়ে নিজস্ব রেসিপি অনুসারে রান্না করলেও পরবর্তী পর্যায়গুলোতে রন্ধনশিল্পীদের পরীক্ষাটা হবে অনেকটাই কঠিন। কোন পূর্বনির্ধারিত রেসিপি ছাড়াই সরবরাহকৃত উপদান ও উপকরণ দিয়ে তাৎক্ষণিকভাবে বিভিন্ন ডিস, যেমন বাচ্চাদের খাবার, মায়ের হাতের রান্না, লাঞ্চ, ডিনার ইত্যাদি তৈরি করতে হবে। চূড়ান্ত প্রতিযোগিতা পর্বে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে প্রতিযোগীদের। বিচারকবৃন্দ কর্তৃক তৈরি করা ডিস দেখে এবং চেখে তাৎক্ষণিকভাবে অনুরূপ ডিস তৈরি করতে হবে। এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশগ্রহণের জন্য এন্ট্রি পাঠান। প্রতি বিভাগ থেকে ৭ জন করে মোট ৪৯ জনকে টিভি রিয়্যালিটি শোতে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। এই ৪৯ জনের জন্য গত ১২ সেপ্টেম্বর ঢাকার এফডিসিতে অবস্থিত এটিএন বাংলার স্টুডিওতে দিনব্যাপী গ্রুমিং সেশনের আয়োজন করা হয়। সেশনে বিচারকমন্ডলীর সদস্য, পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠানসমূহের পক্ষে এটিএন বাংলা’র চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ওএবং দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ছাড়াও বক্তব্য রাখেন এটিএন বাংলা’র বিক্রয় ও বিপনন বিভাগের উপদেষ্টা এম শামসুল হুদা, অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজীশ আলী খান। সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা গত দশ বছর যাবৎ আয়োজন করে আসছে ভ্রমণ বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর। টিভি রিয়্যালিটি শো আকারে প্রতিযোগিতাটি গত বছরই প্রথম এটিএন বাংলায় প্রচার করা হয়। এবারেও এটিএন বাংলা ও দি বাংলাদেশ মনিটর যৌথভাবে অনুষ্ঠানটি উপস্থাপন করছে। খন্দকার ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আসলাম শিকদার। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল, টিকে গ্রুপের ফ্যামিলি ব্র্যান্ড পাম অলিন। পার্টনার হিসেবে সহযোগিতা করছে আগোরা, ওমেন্স ওয়ার্ল্ড, বসুন্ধরা গ্রুপ এবং নাদিয়া ফার্নিশার্স।

অক্টোবর ০৭, ২০১৫
পুষ্টিকর রান্নায় এসআই টুটুল - image

পুষ্টিকর রান্নায় এসআই টুটুল

07 নভেম্বর 2015, বিকাল 6:00

প্রচার- ০৮ নভেম্বর, বিকাল ৫টা ২০মিনিট উপস্থাপনা- মুনমুন হক, পরিচালনা- রাসেল মাহমুদ। বাঙ্গালী মাত্রই ভোজন রসিক। এটি বাঙ্গালীয়ানারই একটি অংশ। বাংলাদেশের রসনা বিলাসী মানুষ সব সময়ই বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দ্বারা মুগ্ধ হয়েছে। নতুন প্রজন্মের কম বেশি সবার মাঝেই নিত্য নতুন রান্নার পরিকল্পনা ব্যাপকভাবে সমাদৃত, এ কথা আর বলার অপেক্ষা রাখে না। সময়ের সাথে সাথে বাঙ্গালীর খাদ্যাভাস এবং খাদ্য তালিকাতেও এসেছে ব্যাপক পরিবর্তন। স্বাস্থ্য সম্মত খাবারের ধারণা থেকেই নির্মাণ করা হয়েছে রান্না বিষয়ক ভিন্ন ধরার অনুষ্ঠান ‘মোজাম্মেল স্পেলাল রাইস পুষ্টিকর রান্না’, চিনিগুড়া ও মিনিকেট চাল। খাদ্য ও পুষ্টিবিদ মুনমুন হক এর উপস্থাপনা এবং রাসেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ (০৮ নভেম্বর) বিকাল ৫টা ২০মিনিটে এটিএন বাংলার পর্দায়। ভিন্ন ধারার এই অনুষ্ঠানে প্রাধান্য পাবে সব ধরনের আধুনিক রেসিপি। পাশাপাশি স্বাস্থ্য সম্মত খাবারের অভ্যেস তৈরিতেও সহায়তা করবে অনুষ্ঠানটি। প্রতিটি অনুষ্ঠানে একজন করে সেলিব্রেটি রান্নায় অংশ নিয়ে থাকেন। দর্শকদের জন্য তিনিও তার পছন্দের একটি মজাদার রেসিপি রান্না করে দেখাবেন। আজকের পর্বের অতিথি-শিল্পী এসআই টুটুল।

নভেম্বর ০৭, ২০১৫
রান্না বিষয়ক অনুষ্ঠান ‘মোজাম্মেল স্পেলাল রাইস পুষ্টিকর রান্না’ - image

রান্না বিষয়ক অনুষ্ঠান ‘মোজাম্মেল স্পেলাল রাইস পুষ্টিকর রান্না’

05 ডিসেম্বর 2015, বিকাল 6:00

প্রচার- ৬ ডিসেম্বর, রবিবার সন্ধ্যা ৫টা ২০মিনিট উপস্থাপনা- মুনমুন হক, অতিথি- অভিনেতা মাজনুন মিজান বাঙ্গালী মাত্রই ভোজন রসিক। এটি বাঙ্গালীয়ানারই একটি অংশ। বাংলাদেশের রসনা বিলাসী মানুষ সব সময়ই বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দ্বারা মুগ্ধ হয়েছে। নতুন প্রজন্মের কম বেশি সবার মাঝেই নিত্য নতুন রান্নার পরিকল্পনা ব্যাপকভাবে সমাদৃত, এ কথা আর বলার অপেক্ষা রাখে না। সময়ের সাথে সাথে বাঙ্গালীর খাদ্যাভাস এবং খাদ্য তালিকাতেও এসেছে ব্যাপক পরিবর্তন। স্বাস্থ্য সম্মত খাবারের ধারণা থেকেই নির্মাণ করা হয়েছে রান্না বিষয়ক ভিন্ন ধরার অনুষ্ঠান ‘মোজাম্মেল স্পেলাল রাইস পুষ্টিকর রান্না’, চিনিগুড়া ও মিনিকেট চাল। খাদ্য ও পুষ্টিবিদ মুনমুন হক এর উপস্থাপনা এবং রাসেল মাহমুদ ও নন্দিনী ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে ২৯ নভেম্বর, সন্ধ্যা ৫টা ২০মিনিটে এটিএন বাংলার পর্দায়। ভিন্ন ধারার এই অনুষ্ঠানে প্রাধান্য পাবে সব ধরনের আধুনিক রেসিপি। পাশাপাশি স্বাস্থ্য সম্মত খাবারের অভ্যেস তৈরিতেও সহায়তা করবে অনুষ্ঠানটি। ‘মোজাম্মেল স্পেলাল রাইস পুষ্টিকর রান্না’, চিনিগুড়া ও মিনিকেট চাল, অনুষ্ঠানে রেগুলার শেফ হিসেবে থাকছেন ফ্লেমবি রেস্টুরেন্টের এক্সিকিউটিভ শেফ পলাশ গোমেজ। প্রতিটি অনুষ্ঠানে তিনি রান্না করে দেখাবেন দেশি-বিদেশি মজাদার একটি রেরিপি। এছাড়াও অনুষ্ঠানের প্রতি পর্বে একজন সেলিব্রেটি অতিথি হিসেবে অংশ নিয়েছেন অভিনেতা মাজনুন মিজান। দর্শকদের জন্য তিনিও তার পছন্দের একটি মজাদার রেসিপি রান্না করে দেখাবেন।

ডিসেম্বর ০৫, ২০১৫
বিশেষ টেলিফিল্ম ‘ওরা বখাটে’ - image

বিশেষ টেলিফিল্ম ‘ওরা বখাটে’

18 সেপ্টেম্বর 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: প্রচার ঃ ঈদের ৭ম দিন রাত ১১.৫০ মিনিট রচনা ঃ মানস পাল, পরিচালনা ঃ মুজিবুল হক খোকন। এটিএন বাংলায় ঈদের ৭ম দিন রাত ১১টা ৫০মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘ওরা বখাটে’। মানস পাল এর রচনায় এটি পরিচালনা করেছেন মুজিবুল হক খোকন। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন নাদিয়া, আনিসুর রহমান মিলন, সাঈদ বাবু, তানিয়া বৃষ্টি, আহসানুল হক মিনু, অভিত রায়হান প্রমুখ। মজনু, ফরহাদ ও জাফর ঢাকার ছেলে। তিনজনই হরিহর আত্মা। অন্যান্য বন্ধুদের নিয়ে মহল্লায় সারাক্ষণ তাদের আড্ডাবাজীতে কাটে। বিভিন্ন অপরাধে একে কান ধরে শাস্তি দেওয়া, কারো দোকানের শার্টার নামানো, কিছু না কিছু প্রতিদিন তারা ঘটিয়েই থাকে। মহল্লার অনেকেই তাদের বখাটে ছেলে বলেই জানে। এ নিয়ে অবশ্য কখনও তাদের খুব বেশি মাথা ব্যথা নেই। হঠাৎ লাইলী ও শিরিন নামে নতুন দুইটা মেয়ের আগমন ঘটে মহল্লায়। সম্পর্কে তারা আপন দুই বোন। দুই বোনই অসাধারণ সুন্দরী। প্রথম দেখাতেই মজনুর ভাল লাগে লাইলীকে। মজনু লাইলীর মনোযোগ আকর্ষণের চেষ্টা করে কিন্তু বার বারই সে অপমানিত হয়। লাইলীর বোন শিরিনকে মনে মনে পছন্দ করতে শুরু করে ফরহাদ কিন্তু জাফরের ঈর্ষা হয়। দুই বন্ধুর মধ্যে চলতে থাকে শিরিনকে পাওয়ার ঠান্ডা লড়াই। মজনু সিদ্ধান্ত নেয় লাইলীকে পাওয়ার জন্যে সে আর কোন চেষ্টা করবে না কিন্তু ফরহাদ ও জাফরের অতি উৎসাহে লাইলীর বাসায় তার মন গলাতে তারই পোষা টিয়া পাখির জন্যে মজনুর পোষা টিয়া পাখির বিয়ের প্রস্তাব নিয়ে যায়। ভদ্রতার সীমার চরম লঙ্ঘন ভেবে লাইলী চরম অপমান করে মজনু ও তার বন্ধুদের বাসা থেকে বের করে দেয়। ঐ দিনই ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লাইলীর বাবা মিজান সাহেবকে রিক্সাওয়ালার মুখে চড় মারার অপরাধে মজনু রিক্সাওয়ালার কাছে তাকে জোর করে ক্ষমা চাওয়ায়। সব মিলিয়ে লাইলীর আরও বেশি চোখের বালি হয়ে উঠে মজনু। যেভাবেই হোক মজনুকে শায়েস্তা করার প্রতিজ্ঞা করে লাইলী। একদিন হঠাৎ মহল্লায় ছিনতায়ের কবলে পড়ে লাইলী । মজনু ও ফরহাদের নামে সে থানায় ছিনতায়ের অভিযোগ করে। মজনু ও ফরহাদকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলতে হয়। এরমধ্যে একদিন দরজার নিচ দিয়ে ঢোকানো একটা লিফলেট হাতে পায় লাইলী। সেখানে লেখা থাকে “আপনার বাড়ির বাড়তি খাবার ফেলে না দিয়ে আমাদের রাস্তার পাশে রাখা ফ্রিজে রেখে আসুন। একজন অনাহারীর হলেও ক্ষুধা নিবারণ হবে।” লাইলীকে খুব নাড়া দেয় লিফলেটটি। শিরির সাথে বিষয়টা শেয়ার করে সে। শিরিকেও বিষয়টা নাড়া দেয়। লাইলী জানতে পারে কিছু ছেলে নিজ উদ্যেগে মহল্লার কয়েক স্থানে ফুটপাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে কয়েকটা ফ্রিজ রেখেছে হোটেল বা গৃহের বাড়তি খাবার ফেলে না দিয়ে তাদের ফ্রিজে রাখতে। পথশিশু বা যারা অনাহারী তারা ইচ্ছামত এসে এখান থেকে খাবার নিয়ে তাদের ক্ষুধা নিবারণ করতে পারবে। শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে তার। বাউন্ডুলে মজনু-ফরহাদ-জাফরদেরদের মহল্লায় এমন মহৎ হৃদয়ের ছেলেরাও থাকে। এক নজর দেখতে ইচ্ছা হয় তার। খোঁজ নিয়ে লাইলী জানতে পারে এই মহৎ হৃদয়ের ছেলেগুলো আর কেউই নয় মজনু, ফরহাদ, জাফর ও তার বন্ধুরা।

সেপ্টেম্বর ১৮, ২০১৬
শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ছোটদের পৃথিবী’ - image

শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ছোটদের পৃথিবী’

02 জানুয়ারি 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (০৩ জানুয়ারি) বিকাল ৫টা ২৫মিনিটে প্রচার হবে শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ছোটদের পৃথিবী’। লিটন অধিকারী রিন্টু’র পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি ২০০৬ সাল থেকে সপ্তাহিকভাবে অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে। শিক্ষার পাশাপাশি শিশু বিনোদনকে প্রাধ্যন্য দিয়ে নির্মাণ করা হয়ে থাকে অনুষ্ঠানটি। পাপেট ও শিশুদের সংমিশ্রনে তৈরী এই সিরিজটি শিশুদের জন্য খুবই গুরত্বপূর্ণ। এটি দেখে শিশুরা খুবই উপকৃত হচেছ, যেমন তারা স্বাস্থ্য, বিজ্ঞান, ইতিহাস ও নৈতিকতা স¤পর্কে জানতে পারছে ও তেমনি শিক্ষাও পাচ্ছে। তারা আরো জানতে পারে পৃথিবীর বিভিন্ন দেশের শিশু সংস্কৃতির অজানা অনেক তথ্য। এই অনুষ্ঠানে আরো যে সব বিষয় তুলে ধরা হয় তা হলো বংলাদেশের বিভিন্ন অঞ্চলের লুকিয়ে থাকা শিশু প্রতিভা। বিভিন্ন বস্তুর সৃষ্টির রহস্য জানা, বিভিন্ন খাবারের গুনাবলী উপকারিতা ও অপকারিতা তুলে ধরা, ইসপের গল্প এনিমেশনের অথবা পাপেটের মাধ্যমে তৈরী করে শিক্ষা দেওয়া, সত্য কথা বলা, পড়াশুনায় মনোযোগী হওয়া, ছোটথেকেই কিভাবে সর্ঠিক ভাবে জীবন যাপন করা উচিৎ তাছাড়া ন্যায় ও অন্যায় সম্পর্কে ধারনা দিয়ে এই ধরনের বিষয় বস্তুর উপর ভিত্তি করে গল্প তৈরী করে আনন্দের মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়া হয়। ক্লাসের বাইরেও পরিবার থেকে শিশুরা শিক্ষা গ্রহণ করে থাকে। শিশু বয়সেই একটি শিশু মজার মজার বিনোদনমূলক কর্মকান্ডের মাধ্যমে টিভি অনুষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে সেই বিষয়টিকেই অনুষ্ঠানের নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়।

জানুয়ারি ০২, ২০১৭
পদ্মা সেতু হবে ‘গেম চেঞ্জার’: পাপন - image

পদ্মা সেতু হবে ‘গেম চেঞ্জার’: পাপন

25 জুন 2022, বিকাল 6:00

ক্রিকেট ম্যাচে দুই দলের লড়াই হয়। ম্যাচে সবাইকে ছাপিয়ে কখনো কখনো একজন খেলোয়াড়ের পারফরম্যান্স সর্বত্র প্রশংসিত হয়। ব্যবধান গড়ে দেয় দুই দলের মাঝে, ম্যাচের ভাগ্য গড়ে দেয়। আর তাকেই বলা হয় ‘গেম চেঞ্জার’। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা অর্জন পদ্মা সেতু। গতকাল স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, পদ্মা সেতু হবে বাংলাদেশের ‘গেম চেঞ্জার’। যোগাযোগ, অর্থনীতি, খেলাধুলা—সবকিছুতেই উন্নয়নের, পরিবর্তনের রূপকার হবে প্রমত্তা পদ্মাকে শাসন করে মাথা তুলে দাঁড়ানো ৬ দশমিক ১৫ কিলোমিটার এই সেতু। গতকাল মিরপুর স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিসিবি আয়োজিত অনুষ্ঠানের পর নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমি বলতে চাইছি, এটা যোগাযোগ বলেন, অর্থনীতি বলেন, খেলাধুলা বলেন-সমস্ত কিছুতে প্রভাব ফেলবে। পুরো গেম চেঞ্জার যাকে বলে, এটা পুরো গেম চেঞ্জার। অবশ্যই ক্রিকেটের ক্ষেত্রে অনেক সাহায্য করবে। আমরা ওই অঞ্চলের প্রতি আরও মনোযোগ দিতে পারবো।’ বাংলাদেশের মানুষের পদ্মা সেতুর স্বপ্ন পূরণ হয়েছে। বিসিবির সভাপতি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় বাস্তবে রূপ নিয়েছে এই সেতু। গতকাল তিনি বলেন, ‘স্বপ্ন তো পৃথিবীর সব মানুষেরই থাকে, কিন্তু আমরা এই স্বপ্ন দেখে কিন্তু ঘুমিয়ে যাইনি। কিছু স্বপ্ন আছে, যেটা বাস্তবায়নের জন্য মানুষ ঘুমাতেও পারে না। সারা দিন-রাত এটা নিয়ে চিন্তা করে। এই সমস্ত স্বপ্ন সবাই দেখতে পারে না।’ প্রধানমন্ত্রীর সাহসিকতার কথা উল্লেখ করে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘এটার জন্য যে সাহস, মানসিকতা দরকার, তা সবার থাকে না। এ ধরনেরই একটা স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, সেটা ছিল বাঙালি জাতির মুক্তির সংগ্রাম। ঠিক তেমনি বঙ্গবন্ধুকন্যা স্বপ্ন দেখেছিলেন দক্ষিণ-পশ্চিমের মানুষের মুক্তির সংগ্রাম।’ গতকাল মিরপুর স্টেডিয়ামে সকাল ৯টা থেকেই বোর্ড পরিচালক, কর্মকর্তা, কর্মচারীরা হাজির হয়েছিলেন। মাঠেই প্রজেক্টরে দেখানো হয়েছে সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটার, বিসিবির পরিচালকদের নিয়ে বিশাল কেক কেটেছেন বিসিবির সভাপতি। দোয়া মাহফিল হয়েছে, গরিব ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেছে বিসিবি। অনুষ্ঠানে বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠু, ফাহিম সিনহা, ওবেদ রশীদ নিজামসহ বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন উপস্হিত ছিলেন।

জুন ২৫, ২০২২
শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পাকিস্তান -ইমরান খান - image

শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পাকিস্তান -ইমরান খান

23 জুলাই 2022, বিকাল 6:00

নজিরবিহীন অর্থনৈতিক সংকট এবং এর জেরে সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলতায় বিপর্যস্ত শ্রীলঙ্কা। সংকটের কারণে জ্বালানি, খাবার এবং ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি মূল্যও পরিশোধ করতে পারছে না দক্ষিণ এশিয়ার এই দেশটি। তবে এখন কেবল শ্রীলঙ্কায় নয়, দেশটির পথে হাঁটছে আরও এক দক্ষিণ এশীয় দেশ পাকিস্তান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পৌঁছেছে পাকিস্তান। -সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল, রয়টার্স রবিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান শ্রীলঙ্কার মতো পরিস্থিতি থেকে খুব বেশি দূরে নয় এবং মানুষ শিগগিরই মাফিয়াদের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে বলে শনিবার সতর্ক করেছেন দেশটির বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার নিজের মতামত ও উদ্বেগ প্রকাশ করে টুইটারে দেওয়া এক বার্তায় ইমরান খান বলেন, পাকিস্তানের ‘হাকীকী আজাদী’ (সত্যিকারের স্বাধীনতা) নিয়ে তার আহ্বানের জবাবে মানুষের প্রতিক্রিয়া এবং তাদের মনোভাব বোঝার পরে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, পাকিস্তানের জনগণ সহ্যের চরম সীমায় পৌঁছেছে এবং এই মাফিয়াদেরকে লুটপাট আর লুণ্ঠন চালিয়ে যেতে দেবে না। তিনি আরও বলেন, ‘আমরা শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পরিণত হওয়া থেকে বেশি দূরে নই। এসময় আমাদের জনগণ রাস্তায় নেমে আসবে। আমার প্রশ্ন হলো : মাত্র তিন মাসের মধ্যে জারদারি-শরীফের মাফিয়ারা দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নতজানু করে ফেলেছে; তাদের একমাত্র উদ্দেশ্য, ৩০ বছর ধরে তারা দেশকে লুট করে যে সম্পদ জমিয়েছে তা রক্ষা করা। আমার প্রশ্ন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আর কত দিন ধরে এমন কাজ বরদাস্ত করবে। সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি উপনির্বাচনে বিপুল জয়ের পরেও আইনসভার ডেপুটি স্পিকারের বিতর্কিত রায়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্ষমতা দখল করতে পারেনি ইমরানের দল। এই পরিস্থিতিতে শনিবার ক্ষমতাসীন ‘পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির জোটের বিরুদ্ধে সরব হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। মূলত পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পরিবার এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে লক্ষ্য করেই এসব কথা বলেন ইমরান খান। মূলত গত সপ্তাহে পাঞ্জাবের উপনির্বাচনে জয়ের পর শুক্রবার প্রদেশের আইনসভায় মুখ্যমন্ত্রী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটও পেয়েছিলেন ইমরান তথা পিটিআই-এর প্রার্থী চৌধুরী পারভেজ ইলাহি। কিন্তু ডেপুটি স্পিকারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে সর্বোচ্চ ভোট না পেয়েও মুখ্যমন্ত্রী হন পিএমএল (এন)-পিপিপি জোটের প্রার্থী শেহবাজ-পুত্র হামজা শরীফ। উল্লেখ্য, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। করোনা মহামারি, জাতীয় অর্থনীতি পরিচালনায় সরকারের অদক্ষতা, বিশ্বজুড়ে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুদ তলানিতে নেমে যাওয়ায় শ্রীলঙ্কায় বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানি, খাবার এবং ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি মূল্য পরিশোধ করতে পারছে না শ্রীলঙ্কা। ডিজেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না শ্রীলঙ্কার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। ফলে গত কয়েক মাস ধরে সেখানে দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না। এছাড়া চলতি মাসের মাঝামাঝিতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, শ্রীলঙ্কার পর বর্তমান বিশ্বের আরও এক ডজন তথা ১২টি দেশ এখন অর্থনৈতিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে। মূলত নানামুখী বিপর্যয়ের কারণে খাদের কিনারায় থাকা দেশগুলোকে চিহ্নিত করে তাদের অর্থনৈতিক দুরবস্থার দিকটিকে সামনে আনে বার্তাসংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার পর অর্থনৈতিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে থাকা এসব দেশের বৈদেশিক ঋণ, মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে চলে গেছে যা ভবিষ্যতের চরম সংকটের ইঙ্গিত দিচ্ছে। আর্জেন্টিনা, ইউক্রেন, মিশর, কেনিয়া, ইথিওপিয়া, এল সালভাদর, ইকুয়েডরসহ ওই তালিকায় রয়েছে বেলারুশ, নাইজেরিয়া, পাকিস্তানের মতো দেশও।

জুলাই ২৩, ২০২২
শোকাবহ আগস্টের প্রথম দিন আজ - image

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ

31 জুলাই 2022, বিকাল 6:00

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। ১৯৭৫ সালের এ মাসেই (১৫ আগস্ট) বাঙালি হারায় তাদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আবার ২০০৪ সালের এ মাসেই গ্রেনেড হামলা করে (২১ আগস্ট) জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। নিহত হন জ্যেষ্ঠ নেতা আইভি রহমানসহ অনেক নেতাকর্মী। তাই আগস্ট আওয়ামী লীগসহ সব শ্রেণি-পেশার মানুষের কাছে শোকের মাস। ১৯৭৫ সালের আগস্টের ১৫ তারিখের কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন। ২০০৪ সালের ২১ আগস্ট জাতির জনকের কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেনেড ছুড়ে হত্যার চেষ্টা হয়েছিল। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও এ ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী, আওয়ামী লীগের সেই সময়ের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং ৫ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছিলেন। প্রতিবারের মতো এবারও আগস্ট মাসব্যাপী শোকের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। এর আগে কর্মসূচি চূড়ান্ত করেছে দলটি। রোববার (৩১ জুলাই) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি জানানো হয়। শোকের মাসের শুরু উপলক্ষে রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। একই সময়ে ১৫ আগস্টের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করবে মহিলা আওয়ামী লীগ। সোমবার (১ আগস্ট) সকাল ১০টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে কৃষক লীগের আয়োজনে রক্ত ও প্লাজমা দান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে ৮টায় আবাহনী ক্লাব প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। আর সকাল ৯টা ১৫ মিনিটে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হবে। ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে সকাল ৯টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন। বাদ জোহর আজিমপুর এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এছাড়াও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি, আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি, আওয়ামী যুবলীগ ও আওয়ামী মৎস্যজীবী লীগ পৃথক আলোচনা সভার আয়োজন করবে। এভাবে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ এবং দলের সহযোগী সংগঠনগুলো। ৩১ আগস্ট ছাত্রলীগ ও কৃষক লীগের আয়োজনে আলোচনা সভার মধ্য দিয়ে শোকের মাস আগস্টের কর্মসূচি শেষ করবে আওয়ামী লীগ। ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্য উদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সংগঠনের সকল স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ৭  ৪৫ মিনিটে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল। সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল। উক্ত কর্মসূচিতে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল, গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন। বাদ জোহর কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। এছাড়াও মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ওই দিন প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে (৩/৭-এ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০) মোমবাতি প্রজ্বলন ও বিশেষ প্রার্থনা, সকাল ৯টায় তেজগাঁও হলি রোজারি চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করবে খ্রিস্টান সম্প্রদায়, সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং বেলা সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় প্রার্থনা সভার আয়োজন করবে। দুপুরে সারাদেশে অসচ্ছল, এতিম ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ ও গণভোজের আয়োজন। এছাড়াও ১৬ আগস্ট বিকেল সাড়ে ৩টায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন বলে আশা করা হচ্ছে। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা। ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সকাল ৯টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন। সকাল ১০ টায় ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করবে আওয়ামী লীগ। এছাড়াও ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন। আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ গৃহীত মাসব্যাপী শোক দিবসের কর্মসূচি যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে পালনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সকল সহযোগী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে আওয়ামী লীগের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সব শাখার নেতাদেরকে জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছে।

জুলাই ৩১, ২০২২
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo