
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আগে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১৭ নভেম্বর) চীনের শেনজেন শহরে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার একই শহরে ট্রাম্প, শি ও পুতিনের ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে। তিন দেশের শীর্ষ নেতাদের মধ্যে এটিই হবে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনকে কেন্দ্র করে শেনজেনে জড়ো হয়েছেন বিশ্বনেতারা। ট্রাম্পের আগমনের এক দিন আগে শি ও পুতিনের বৈঠককে পশ্চিমা প্রভাব মোকাবিলায় চীন-রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার শেনজেনে ব্যবসায়ীদের এক সম্মেলনে বক্তব্য দিয়ে পুতিন ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠককে ‘বড় সম্ভাবনাময়’ বলে উল্লেখ করেন। পরে রাতে শেনজেন বিমানবন্দরে পৌঁছালে রুশ পতাকা হাতে চীনা নাগরিকদের একটি দল তাকে স্বাগত জানায়।
এদিকে পুতিনের চীন সফরের মধ্যেই ভিয়েতনামে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বোমারু বিমান অবতরণের খবর সামনে এসেছে। স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সোভিয়েত যুগের পর এই প্রথম প্রকাশ্যে রাশিয়ার এমন যুদ্ধবিমান ভিয়েতনামে অবতরণের তথ্য পাওয়া গেল। উল্লেখ্য, ভিয়েতনামের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সামরিক সম্পর্ক রয়েছে এবং দেশটির সামরিক সরঞ্জামের বড় অংশ রাশিয়া সরবরাহ করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক জোরদার করেছে হ্যানয়।
বিশ্লেষকদের মতে, চীনে পুতিনের সফরের সময় ভিয়েতনামে রুশ পারমাণবিক বোমারু বিমান পাঠানোর ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। ওয়াশিংটন ও বেইজিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার আগে এর মাধ্যমে মস্কো নিজের সামরিক সক্ষমতা ও বৈশ্বিক উপস্থিতির বার্তা দিতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের বৈঠকও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে ট্রাম্পের সফর ও এপেক সম্মেলনকে ঘিরে শেনজেন শহরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিশিল্পের জন্য পরিচিত শহরটির রাস্তাঘাট সাজানো হয়েছে বিভিন্ন রঙের ব্যানারে। সম্মেলন উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আয়োজন। এখন আন্তর্জাতিক মহলের নজর বুধবারের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের দিকে, যেখানে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার সম্পর্কের গুরুত্বপূর্ণ নানা বিষয় আলোচনায় আসতে পারে।
টি/