
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যা মামলার সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এর আগে চার দিনের রিমান্ডে ছিলেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন চার দিনের রিমান্ড শেষে দীপকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তদন্তে জানা গেছে, ঘটনার দিন নিহত তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাহসিফকে নিজের সিনিয়র বড় ভাই হিসেবে পরিচয় দিয়েছেন। তদন্তে এ হত্যাকাণ্ডে তার জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। এর আগে গত ৩১ অক্টোবর সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। রাতে বাসায় না ফেরায় তার মা ফোন করলে কিছুক্ষণের মধ্যে ফেরার কথা জানান তিনি। রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফের ফোন থেকে মেসেঞ্জারে মায়ের কাছে ‘রওনা দিয়েছি, আসছি’ বলে একটি ভয়েস মেসেজ আসে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন ২৮ অক্টোবর বিকেল ৫টা ২০ মিনিটে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় ৩০ অক্টোবর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। পরে দীপকে এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
টি/