
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে দেশের চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। সময়ের সঙ্গে সিনেমা বাছাইয়েও এনেছেন পরিবর্তন। ভিন্নধর্মী গল্প, বড় আয়োজন ও নতুন নির্মাতাদের সঙ্গে কাজ করে সাম্প্রতিক সময়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই অভিনেতা। সর্বশেষ মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হওয়ার পর এবার একই নির্মাতার নতুন সিনেমা ‘নিঃস্ব’ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন তিনি।
‘নিঃস্ব’ নিয়ে এরই মধ্যে চলচ্চিত্রাঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে গুণী অভিনেতা নাসির উদ্দিন খান অভিনয় করতে পারেন— এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর আগে ‘প্রিন্স’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।
তবে নাসির উদ্দিন খানের অভিনয়ের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। তিনি জানান, ‘নিঃস্ব’-এর কাস্টিং এখনো চূড়ান্ত করা হয়নি। বিভিন্ন শিল্পীকে নিয়ে প্রাথমিকভাবে ভাবনা থাকলেও গল্পের প্রয়োজন এবং চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখেই অভিনয়শিল্পী নির্বাচন করা হবে। চূড়ান্ত তালিকা শুটিংয়ের সময় জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কলকাতার অভিনেত্রী ইধিকা পাল থাকছেন— বিষয়টি প্রায় নিশ্চিত বলে জানা গেছে। এর মাধ্যমে তৃতীয়বারের মতো পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব ও ইধিকা। এর আগে তাদের জুটি দর্শকদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। ফলে নতুন সিনেমায় তাদের জুটিকে ঘিরেও দর্শকদের প্রত্যাশা তৈরি হয়েছে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার ‘নিঃস্ব’ সিনেমার শুটিং নভেম্বরের পরিবর্তে অক্টোবরের শেষ দিকে শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সিনেমাটির নাম আপাতত ‘নিঃস্ব’ রাখা হয়েছে। শুটিং শুরুর সময় গল্প, চরিত্র ও অন্যান্য অভিনয়শিল্পীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে শাকিব খানের দ্বিতীয় কাজ হওয়ায় সিনেমাটি নিয়ে প্রত্যাশাও বাড়ছে। ২০২৭ সালের ঈদুল ফিতরকে সামনে রেখে ‘নিঃস্ব’ মুক্তির পরিকল্পনা রয়েছে। এখন নাসির উদ্দিন খানের গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হয় কি না এবং শাকিব-ইধিকার নতুন জুটি দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, সেদিকেই তাকিয়ে সিনেমাপ্রেমীরা।
/টি