
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস)-এর যৌথ উদ্যোগে এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ও বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের অংশগ্রহণে ঢাকায় ন্যাশনাল ক্লাইমেট অ্যাপ্লিকেশন ফোরাম এর শীতকালীন সেশন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। UK-Bangladesh Hydrometeorological Collaboration এবং PROTISTHAA কনসোর্টিয়ামের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে সহায়তা করে ইউরোপিয়ান ইউনিয়ন হিউম্যানিটারিয়ান এইড (ইসিএইচও) এবং ইউকে ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।
শীতকালীন পুর্বাভাস, এল-নিনোর প্রভাব এবং মৌসুমভিত্তিক অন্যান্য ঝুঁকির মোকাবেলায় দীর্ঘমেয়াদী আবহাওয়া ও জলবায়ু তথ্য প্রদান এবং এর প্রয়োগকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কারিগরি সংস্থা এবং ব্যবহারকারীদের এই ফোরামে একত্র করা হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম। তিনি এই ফোরামটিকে বহুমুখী দুর্যোগ ঝুঁকির তথ্য নিয়ে নিয়মিত আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। এর আগে, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার (এসিএফ)-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর তপন কুমার চক্রবর্তী এবং ব্রিটিশ হাইকমিশন ঢাকার ক্লাইমেট অ্যান্ড লাইভলিহুডস অ্যাডভাইজার এ বি এম ফিরোজ আহমেদ তাদের বক্তব্যে যথাক্রমে প্রতিষ্ঠা এবং এনরিচ প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (হাইড্রোলজি) ড. মো. সাজ্জাদ হোসেন স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তুতি বাড়াতে আবহাওয়া ও জলবায়ু তথ্য ব্যবস্থার নিরবচ্ছিন্ন প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
কারিগরি সেশনে বিএমডি'র আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক ২০২৫ সালের শীত মৌসুমের আবহাওয়া ও পূর্বাভাসের কার্যকারিতা মুল্যায়ন নিয়ে বিস্তারিত পর্যালোচনা উপস্থাপন করেন। তিনি জানান, ২০২৫ সালের শীতকালের পুরো তিন মাস তীব্র শুষ্ক আবহাওয়া বজায় ছিল এবং জানুয়ারি ২০২৫-এ নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই অধিবেশনে মৌসুমী পূর্বাভাসগুলোকে অবশ্যই ব্যবহারযোগ্য খাতভিত্তিক পরামর্শ রূপান্তরের ওপর জোর দেয়া হয়। এর ফলশ্রুতিতে, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এই গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে একটি ডিজিটাল কমন প্ল্যাটফর্ম এবং ন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর ক্লাইমেট সার্ভিসেস (এনএফসিএস) গঠনের জোরালো দাবি উত্থাপিত হয়। এরই ধারাবাহিকতায় বিএমডি-এর আবহাওয়াবিদ এস. এম. কামরুল হাসান সম্প্রতিক এল-নিনো পরিস্থিতি এবং এর ফলে আসন্ন জলবায়ুর সম্ভাব্য রূপরেখা নিয়ে একটি কারিগরি আলোচনা পরিচালনা করেন। তিনি জানান এল-নিনোর প্রভাব ফেব্রুয়ারি পর্যন্ত শক্তিশালী অবস্থায় থাকতে পারে। প্রস্তুতি গ্রহণের দিকনির্দেশনা হিসেবে বিএমডি-এর আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ ২০২৬ সালের শীত মৌসুমের জন্য মৌসুমী ও মাসিক জলবায়ুর পূর্বাভাস তুলে ধরেন। তিনি জানান, আসন্ন ডিসেম্বব, জানুয়ারি এবং ফেব্রুয়ারি ২০২৬-২০২৭ মাস জুড়ে সামগ্রিকভাবে কম বৃষ্টিপাতসহ একটি উষ্ণ শীতকাল থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে।
বাপাউবো-এর নির্বাহী প্রকৌশলী মো. মনজুর রহমান ইউকে-বাংলাদেশ হাইড্রোমেট কোলাবোরেশন এবং অন্যান্য উদ্যোগের আওতায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র-এর বন্যা পূর্বাভাস তথ্য প্রস্তুতকরণ এবং এর প্রসার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া রাইমসের ওয়েদার এক্সপার্ট খান মো. গোলাম রব্বানী এবং ড. বজলুর রশিদ তাপপ্রবাহের জন্য তাপমাত্রা-ভিত্তিক Thresholds এবং Indices নিয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করেন। এই অধিবেশনে তাপপ্রবাহের সতর্কতা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রাকে বিবেচনায় নেওয়ার ওপর অত্যন্ত গুরুত্বারোপ করা হয়। এছাড়া, তাপপ্রবাহের পূর্বাভাস এবং হিট ইনডেক্স-ভিত্তিক থ্রেশহোল্ড নির্ধারণের ক্ষেত্রে তাপপ্রবাহ চলাকালীন সময়ে মানবদেহের অনুভূতি বা 'ফিলিং কন্ডিশন' বিবেচনায় রাখার কথা বলা হয়।
একটি সমন্বিত আগাম সতর্কবার্তা ইকোসিস্টেমের দিকে অগ্রসর হওয়ার নিদর্শনস্বরূপ রাইমসের কান্ট্রি আইটি লিড নাজমুল আহসান ‘ইনস্ট্যান্ট সাউথ এশিয়া পোর্টাল’ এর ব্যবহারিক দিক প্রদর্শন করেন। দুপুরের পর মৌসুমী পূর্বাভাসকে ব্যবহারযোগ্য খাতভিত্তিক পরামর্শে রূপান্তরের উদ্দেশ্যে একটি ইন্টারেক্টিভ গ্রুপ ওয়ার্ক অনুষ্ঠিত হয়। এই সেশনে অংশগ্রহণকারীদের কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য এর মতো খাতভিত্তিক দলে ভাগ করা হয়, যাতে তারা বিএমডি-এর পূর্বাভাস বিশ্লেষণ করে স্থানীয় পর্যায়ের প্রভাব ও করণীয় নির্ধারণ করতে পারেন। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল আসন্ন শীত মৌসুমের পুর্বাভাস ও সুপারিশ এবং জনসাধারণের জন্য সতর্কতামূলক বার্তা তৈরি করা।
অনুষ্ঠানের সমাপনী পর্বে রাইমসের কান্ট্রি প্রোগ্রাম লিড রায়হানুল হক খান সমাপনী বক্তব্য প্রদান এবং ধন্যবাদ দেন। তিনি বহুমুখী দুর্যোগ আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং জলবায়ু তথ্যকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য কার্যকর সহনশীলতায় রূপান্তর করার লক্ষ্যে তাদের সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।