
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবিতে ০০৭ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন। ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হয়ে তিনি হতে যাচ্ছেন এই জনপ্রিয় চরিত্রে অভিনয় করা সপ্তম অভিনেতা। সোমবার (১৬ নভেম্বর) জেমস বন্ডের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণার আগে সিরিজটির আগের সব পোস্ট সরিয়ে দিয়ে প্রকাশ করা হয় ‘আইডেন্টিটি কনফার্মড’ বার্তা। পরে প্যাটিনসনের কালো টাক্সেডো পরা একটি ছবিও প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৪০ বছর বয়সী এই অভিনেতা। এক বিবৃতিতে তিনি বলেন, জেমস বন্ড চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭ হওয়ার দায়িত্ব পাওয়া তার জীবনের অন্যতম বড় সম্মান। এই চরিত্রে অভিনয় করা স্বপ্নপূরণের চেয়েও বেশি কিছু। দীর্ঘ বাছাইপ্রক্রিয়া শেষে তাকে নির্বাচিত করা হয়েছে। চূড়ান্ত তালিকায় আরও ছিলেন জশ ও'কনর, ক্যালাম টার্নারসহ পাঁচজন অভিনেতা। শুক্রবার থেকেই বন্ড হিসেবে প্যাটিনসনের নাম আলোচনায় আসে। প্রতিদ্বন্দ্বীদের তুলনায় তার চুক্তির শর্ত বেশি অনুকূল হওয়ার খবর প্রকাশের পর সেই জল্পনা আরও জোরালো হয়।
প্যাটিনসনকে নিয়ে নির্মিতব্য ছবিটি হবে জেমস বন্ড সিরিজের ২৬তম আনুষ্ঠানিক চলচ্চিত্র। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন ‘ডিউন’ সিরিজের নির্মাতা ডেনিস ভিলেন্যুভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর নির্মাতা স্টিভেন নাইট। প্রযোজনায় থাকছেন ডেভিড হেইম্যান ও অ্যামি প্যাসকাল। অ্যামাজন-এমজিএম স্টুডিওর অধীনে নির্মিত এটিই হবে প্রথম জেমস বন্ড চলচ্চিত্র। ২০২৫ সালে এক বিলিয়ন ডলারের বেশি অর্থের বিনিময়ে বারবারা ব্রকলি ও মাইকেল জি উইলসনের কাছ থেকে সিরিজটির স্বত্ব কিনে নেয় প্রতিষ্ঠানটি।
এর আগে ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে জেমস বন্ড হিসেবে অভিষেক হয় ড্যানিয়েল ক্রেগের। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ ছিল ০০৭ চরিত্রে তার শেষ চলচ্চিত্র। পাঁচটি ছবিতে অভিনয়ের মাধ্যমে বন্ড হিসেবে নিজের অধ্যায় শেষ করেন তিনি। অন্যদিকে, ২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ ছবিতে সেড্রিক ডিগরির চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান প্যাটিনসন। পরে ‘টোয়াইলাইট’ সিরিজে এডওয়ার্ড কালেন এবং ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ ছবিতে ব্যাটম্যান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন।
১৯৬২ সালে ‘ড. নো’ ছবির মাধ্যমে শন কনারির হাত ধরে বড় পর্দায় যাত্রা শুরু হয় জেমস বন্ডের। এরপর শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসন্যান ও ড্যানিয়েল ক্রেগ—ছয় অভিনেতা এই চরিত্রে অভিনয় করেছেন। প্যাটিনসনের ছবিটি হবে সিরিজের ২৬তম আনুষ্ঠানিক চলচ্চিত্র। তবে ১৯৬৭ সালের ‘ক্যাসিনো রয়্যাল’ ও ১৯৮৩ সালের ‘নেভার সে নেভার এগেইন’ অনানুষ্ঠানিক ছবি দুটি ধরলে মোট সংখ্যা দাঁড়ায় ২৮। এ পর্যন্ত আনুষ্ঠানিক জেমস বন্ড চলচ্চিত্রগুলো বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ৭৮০ কোটি ডলার। সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র সিরিজগুলোর মধ্যে এর অবস্থান পঞ্চম।
টি/