
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জানান, ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি সফরে তুরস্কে অবস্থান করবেন প্রধানমন্ত্রী।
তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু হয়েছে সোমবার। আনতালিয়া এক্সপো সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে আগামী ১১ ও ১২ নভেম্বর অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুটি পৃথক পর্বে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়া সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক হতে পারে তার।
সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের সম্মেলনে পর্যাপ্ত অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার দাবি জানাবে বাংলাদেশ। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে কার্যকর ও সহজলভ্য আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা চাওয়া হবে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ ও অবস্থান বিশেষ গুরুত্ব বহন করছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীনে আয়োজিত কপ-৩১ সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন গ্যাসের নিঃসরণ কমানো, ভবন নির্মাণ খাতে জ্বালানির ব্যবহার ২৫ শতাংশ হ্রাস এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।
টি/