
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের শুরুতেই দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে। চলতি মাসের প্রথম পাঁচ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ হাজার ৯১৭ কোটি ৪০ লাখ টাকা। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৩৪ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৩৮৩ কোটি টাকার রেমিট্যান্স।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জুলাই মাসের প্রথম পাঁচ দিনের মধ্যে শুধু রোববার (৫ জুলাই) একদিনেই দেশে এসেছে ২১ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স,
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ৪১ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের প্রথম পাঁচ দিনে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্লেষকদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রণোদনা সুবিধা এ প্রবৃদ্ধির অন্যতম কারণ হতে পারে।
এর আগে সদ্য বিদায়ী জুন মাসের ৩০ দিনে দেশে মোট ২৮১ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স আসে। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৪ হাজার ৩৬৬ কোটি টাকা। ধারাবাহিকভাবে উচ্চ রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহে ইতিবাচক ভূমিকা রাখছে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২ জুলাই পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ছিল ৩৩ হাজার ১৩ দশমিক ১৯ মিলিয়ন ডলার।
/টি