
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় আন্তর্জাতিক কার্বন বাজারে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং জলবায়ু অর্থায়নের নতুন দুয়ার খুলতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসে যৌথ উদ্যোগ গ্রহণের লক্ষ্যেই এই চুক্তি করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) সিঙ্গাপুর প্যাভিলিয়নে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সিঙ্গাপুরের পক্ষে দেশটির সাসটেইনেবিলিটি ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মেলভিন অং (Melvin Ong) নিজ নিজ দেশের পক্ষে এতে সই করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা স্মারক আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব বিনিয়োগের সুযোগ বাড়াবে। বিশেষ করে, বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “প্যারিস চুক্তির আওতায় সিঙ্গাপুরের সঙ্গে এই গুরুত্বপূর্ণ অংশীদারিত্বকে বাংলাদেশ আন্তরিকভাবে স্বাগত জানায়। এই সহযোগিতা কার্বন অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি, একটি উচ্চমানসম্পন্ন ও স্বচ্ছ কার্বন বাজারের বিকাশ এবং আমাদের এনডিসি ৩.০ বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে।” টেকসই উন্নয়ন ও জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
চুক্তির আওতায় দুই দেশ কার্বন ক্রেডিট-সংক্রান্ত তথ্য, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবে। পাশাপাশি পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কার্বন নিঃসরণ হ্রাসমূলক বিভিন্ন প্রকল্পে ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে ঢাকা ও সিঙ্গাপুর। এর ফলে দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন কার্বন বাজার তৈরি, জলবায়ুবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
এই সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় আগামী বছর ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ-৩২ (COP32) সম্মেলনে দুই দেশের মধ্যে একটি চূড়ান্ত ‘বাস্তবায়ন চুক্তি’ (Implementation Agreement) স্বাক্ষরের প্রত্যাশা করা হচ্ছে। এর মাধ্যমে কার্বন বাজারে দুই দেশের সহযোগিতা আরও প্রাতিষ্ঠানিক ও ফলপ্রসূ রূপ পাবে।