
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে এসে আবারও উত্তাল হতে শুরু করেছে বঙ্গোপসাগর। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। আবহাওয়াবিদদের মতে, এটি আরও ঘনীভূত হয়ে সোমবার সন্ধ্যার মধ্যেই রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। আর ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে আকভান। যার নামকরণ করেছে ইরান।
সবচেয়ে চিন্তার বিষয় হলো, সাগরের অনুকূল পরিবেশ পেয়ে ঝড়টি দ্রুত শক্তিশালী হতে পারে। পূর্বাভাস বলছে, ১৮ নভেম্বরের মধ্যে এটি একটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। সে সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮৫ থেকে ৯৫ কিলোমিটার, এমনকি দমকা হাওয়ার আকারে ১০৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ঘূর্ণিঝড় আকভান ঠিক কোথায় আঘাত হানবে?
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়টির চূড়ান্ত গতিপথ এখনো পুরোপুরি নিশ্চিত নয়। সিস্টেমটি আরেকটু শক্তিশালী হলে এর আসল দিক বোঝা যাবে। তবে বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেলের প্রাথমিক পূর্বাভাস বলছে, ঝড়টি ভারতের পূর্ব উপকূল, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু কিংবা দক্ষিণ ওডিশার দিকে এগোতে পারে।
তবে বাংলাদেশের জন্য এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু না ঘটলেও, পুরোপুরি নিশ্চিন্ত থাকার সুযোগ নেই। কারণ, বেশ কিছু আবহাওয়া মডেলে দেখা যাচ্ছে, সাগরের মাঝপথে এসে ঝড়টি তার গতিপথ বদলাতেও পারে। আর যদি তা-ই হয়, তবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও এর প্রভাব পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে স্বস্তির কথা হলো, বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর জন্য এখনো কোনো বড় সতর্কসংকেত জারি করা হয়নি। তবুও সাগরে থাকা মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে, আকভান এর গতিবিধির ওপর কড়া নজর রাখছেন দুই বাংলার আবহাওয়াবিদরা। ঝড়টি কোন দিকে মোড় নেয়, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।