
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
স্থাপত্য, ইন্টেরিয়র ডিজাইন, গবেষণা ও একাডেমিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠিত হয়ে গেল ‘আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫’। ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এবং এক্সক্লুসিভ পার্টনার এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট স্থপতি, ডিজাইন পেশাজীবী, গবেষক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে স্থাপত্য, গবেষণা ও প্রকাশনা, ইন্টেরিয়র ডিজাইন এবং থিসিস এই চারটি বিভাগে মোট ১০টি পুরস্কার এবং ১০টি বিশেষ স্বীকৃতি (কমেন্ডেশন) দেওয়া হয়। তবে এ বছর স্থাপত্য পেশায় আইএবি-এর সর্বোচ্চ সম্মাননা 'গোল্ড মেডেল' প্রদান করা হয়নি।
এবারের আয়োজনে একক আবাসিক ভবন ক্যাটাগরিতে ডিডব্লিউএম৪ আর্কিটেক্টসের ‘রিয়াজ রেসিডেন্স’ প্রকল্পের জন্য পুরস্কার পেয়েছেন স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি মামনুন মুর্শেদ চৌধুরী, স্থপতি শাওকি শামীম ও স্থপতি মো. ওবায়দুর রহমান রাজীব। গবেষণা ও প্রকাশনা বিভাগে ভবনে বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত গবেষণার জন্য স্থপতি মো. আশিকুর রহমান জোয়ার্দার, 'সিটি অব ডিজায়ার' বইয়ের জন্য স্থপতি তানজিল শফিক এবং ডেলাইট ও এনার্জি পারফর্ম্যান্স বিষয়ক গবেষণা প্রবন্ধের জন্য যৌথভাবে স্থপতি কাজী ফাহিমা নাজ, মো. আশিকুর রহমান জোয়ার্দার, স্থপতি সুব্রত চন্দ্র শিকদার ও স্থপতি সাজিয়া শোয়েব পুরস্কৃত হন।
ইন্টেরিয়র ডিজাইন বিভাগে ‘কবিতা কুঞ্জ’ আবাসিক প্রকল্পের জন্য স্থপতি মো. জুবায়ের হাসানের নেতৃত্বে জুবায়ের হাসান আর্কিটেক্টস এবং ‘স্যার ফজলে হাসান আবেদ নলেজ হাব’ প্রকল্পের জন্য কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট ও ফার্নিচার ডিজাইন দুটি ক্যাটাগরিতে ফ্রেমওয়ার্কের স্থপতি মো. ফয়সাল কবির ও স্থপতি অনুপ কুমার বসাক পুরস্কৃত হন। এছাড়া আইএবি থিসিস অ্যাওয়ার্ডে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন বুয়েটের মো. শাফায়েত বিন আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাবিলা নুসরাত এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আজমাইন আরমিন প্রীতু।
আইএবি-এর ভাইস প্রেসিডেন্ট স্থপতি নওয়াজিশ মাহবুবের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এশিয়ান পেইন্টস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খান সালাহউদ্দিন মোহাম্মদ মিনহাজ এবং আইএবি-এর অ্যাওয়ার্ডস ডিরেক্টর অধ্যাপক ড. স্থপতি মো. নওরোজ ফাতেমি। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন আইএবি-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. স্থপতি আবু সাঈদ এম আহমেদ এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ড. স্থপতি মাসুদ উর রশীদ। পরে নৈশভোজের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ এই আয়োজনের শেষ হয়।