
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ও সংশোধন সংক্রান্ত সেবায় নাগরিক হয়রানি ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এনআইডি সেবাকে দুর্নীতিমুক্ত করতে চায় নির্বাচন কমিশন। নাগরিকরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর উদ্যোগ নিতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, পত্রপত্রিকায় এনআইডি সেবায় হয়রানির খবর দেখলে তিনি অস্বস্তি বোধ করেন। এ ধরনের অভিযোগ যেন আর না আসে, সে জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সমাধান বের করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সিইসি বলেন, যেকোনো আবেদন বা চিঠি পাওয়ার পর তা বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে, যাতে আবেদনের যথাযথ হদিস থাকে। জনসাধারণের ভোগান্তি বিবেচনায় নিয়ে সমস্যার সমাধান করতে হবে। পাশাপাশি সঠিকভাবে আবেদন করার বিষয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। এনআইডি সংক্রান্ত দুর্নীতি নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জানিয়ে তিনি বলেন, মানুষকে হয়রানির শিকার হতে দেওয়া হবে না।
কর্মশালায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধনের সময় ফ্যামিলি ট্রি তৈরি এবং নবায়নের সময় তা প্রস্তুতের প্রক্রিয়া খুব শিগগিরই চালু করা হবে। এ ছাড়া এনআইডি সংশোধন প্রক্রিয়ায় ওটিপি ব্যবস্থা চালুর কাজ চলছে। কোনো আবেদন বা তথ্য কেন বাতিল হয়েছে, তা সংশ্লিষ্ট নাগরিককে জানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি।
এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ১৪ লাখ আবেদন গ্রহণ করা হয়েছে এবং আনুমানিক তিন লাখ আবেদন বাতিল হয়েছে। নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে এনআইডি সংক্রান্ত কার্যক্রম আরও স্বচ্ছ ও সহজ করার ওপরও গুরুত্বারোপ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
টি/