
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের জনপ্রিয় ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল ফিচার স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে একটি মূল ফেসবুক অ্যাকাউন্টের অধীনে তৈরি করা অতিরিক্ত প্রোফাইলগুলো আর ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারীদের মূল প্রোফাইল আগের মতোই সচল থাকবে। প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ফেসবুক একটি অ্যাকাউন্ট থেকেই একাধিক আলাদা প্রোফাইল তৈরির সুবিধা চালু করেছিল। ব্যক্তিগত জীবন, কর্মক্ষেত্র কিংবা বিভিন্ন গ্রুপে আলাদা পরিচয়ে অংশ নেওয়ার সুযোগ দিতে ফিচারটি চালু করা হয়। এর ফলে আলাদা ইমেইল বা নতুন অ্যাকাউন্ট ছাড়াই একাধিক প্রোফাইল ব্যবহার করতে পারতেন ব্যবহারকারীরা। তবে চালুর কয়েক বছরের মধ্যেই ফিচারটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেটা।
মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, পোস্ট, ভিডিওসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের জন্য ব্যবহারকারীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। এই সময়ের মধ্যে ব্যবহারকারীরা নিজেদের তথ্য এক্সপোর্ট বা ডাউনলোড করে রাখতে পারবেন। নির্ধারিত সময়সীমা পার হলে সংশ্লিষ্ট অতিরিক্ত প্রোফাইলের সব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে। এদিকে অতিরিক্ত প্রোফাইল দিয়ে যেসব ব্যবহারকারী ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন, তাদের মূল প্রোফাইলে গ্রুপের অ্যাডমিন ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যথায় গ্রুপে মূল প্রোফাইলের কোনো অ্যাডমিন না থাকলে সেটি সাময়িকভাবে স্থগিত বা ডিঅ্যাক্টিভেট হতে পারে।
অতিরিক্ত প্রোফাইলের তথ্য সংরক্ষণ করতে প্রথমে ফেসবুক অ্যাপ বা ব্রাউজার থেকে সংশ্লিষ্ট প্রোফাইলে প্রবেশ করতে হবে। এরপর Settings & privacy থেকে Settings অপশনে যেতে হবে। সেখান থেকে Your information and permissions বিভাগে গিয়ে Export your information নির্বাচন করতে হবে। এরপর Creator Export অপশনে ক্লিক করে নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি নির্বাচন করতে হবে। পরে তথ্য সংরক্ষণের মাধ্যম হিসেবে নিজের ডিভাইস বা ক্লাউড ড্রাইভ বেছে নিতে হবে।
সবশেষে কোন ধরনের তথ্য ডাউনলোড করতে চান, তা নির্বাচন করে Create Export অপশনে ক্লিক করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাকআপ না নিলে অতিরিক্ত প্রোফাইলে থাকা গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও, পোস্টসহ বিভিন্ন তথ্য চিরতরে হারিয়ে যেতে পারে। তাই প্রয়োজনীয় তথ্য সংরক্ষণে ১৪ ডিসেম্বরের আগেই ব্যাকআপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
টি/