
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বঙ্গপোসাগরে ফের লঘুচাপ, সারাদেশের বৃষ্টির আভাস
কয়েক দিন ধরেই বৃষ্টির দেখা নেই অনেক এলাকায়। আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির অপেক্ষায় মানুষ। তবে আবহাওয়ার এই চিত্র বদলে যেতে পারে যেকোনো সময়। প্রকৃতিতে আসছে নতুন পরিবর্তন, যার প্রভাব পড়তে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। তাহলে কি আবারও বৃষ্টিতে ভিজবে দেশ? নাকি শুষ্ক আবহাওয়াই থাকবে আরও কয়েক দিন?
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন আবহাওয়াব্যবস্থার সম্ভাবনা। আর তাতেই আগামী কয়েক দিনের আবহাওয়া নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। তবে এখনই বড় ধরনের বৃষ্টির আশঙ্কা নেই। ধীরে ধীরে বদলাতে পারে পরিস্থিতি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিনে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।
বর্তমানে ভারতের তামিলনাড়ু উপকূলের কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ রয়েছে। এর বর্ধিত অংশ বিস্তৃত আছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এর মধ্যেই বঙ্গোপসাগরের আরেকটি এলাকায় নতুন লঘুচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে লঘুচাপের কথা শুনেই এখনই ভারী বৃষ্টির আশঙ্কা করার কারণ নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশে অস্থায়ীভাবে মেঘ দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
এই সময়ে তাপমাত্রায়ও বড় কোনো পরিবর্তনের আভাস নেই। তবে শনিবার কিছুটা কমতে পারে তাপমাত্রা। রোববার রাতে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, সোমবার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ, নতুন লঘুচাপ তৈরি হলেও এর প্রভাবে সারা দেশে একসঙ্গে বৃষ্টি শুরু হবে, এমন কোনো পূর্বাভাস এখনো নেই। কোথায় কতটা বৃষ্টি হবে, তা নির্ভর করবে লঘুচাপের গতিপ্রকৃতি ও শক্তির ওপর। এখন প্রশ্ন, বঙ্গোপসাগরের নতুন এই লঘুচাপ কি শুধু উপকূলীয় এলাকায় বৃষ্টি নিয়ে আসবে, নাকি দেশের অন্য এলাকাতেও বদলে দেবে আবহাওয়ার চিত্র? সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা।