নতুন নকশা ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে বাজারে এসেছে ৫ টাকা মূল্যমানের নতুন নোট। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষর করা এই নোটটি আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এই নতুন নোটটি ইস্যু করা হয়েছে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও এটি বাজারে সরবরাহ করা হবে।
গতকাল মঙ্গলবার (১৯ মে) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শিরোনামে এই নতুন সিরিজের নোটটি আনা হয়েছে। নোটটির জালিয়াতি রুখতে এতে বেশ কিছু উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।
নতুন এই নোটটির পরিমাপ ১১৭ মিলিমিটার×৬০ মিলিমিটার। নোটের

সামনের অংশের বাঁ দিকে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি রয়েছে। আর ঠিক মাঝখানে শোভা পাচ্ছে পাতা ও কলিসহ ফুটন্ত জাতীয় ফুল শাপলা। তবে সবচেয়ে বড় চমক রয়েছে নোটের উল্টো পিঠে, যেখানে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি।
নোটটিতে উন্নত জলছাপ ব্যবহার করা হয়েছে। আলোর বিপরীতে ধরলে নোটে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’ দেখা যাবে। এর ঠিক নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে লেখা রয়েছে ‘৫’। পাশেই রয়েছে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নোটের বাম পাশে ২ মিলিমিটার চওড়া একটি বিশেষ সুতা ব্যবহার করা হয়েছে। আলোর বিপরীতে ধরলে এই সুতাটি নোটের দুই পাশ থেকেই স্পষ্টভাবে দেখা যায়। এছাড়া নোটের সামনের অংশের নিচে গ্লিউইশ প্যাটার্নের ওপর সূক্ষ্ম অক্ষরে অসংখ্যবার ‘BANGLADESH’ লেখাটি মুদ্রিত রয়েছে। হালকা গোলাপি রঙের আধিক্য থাকা এই নতুন নোটটি বাজারে এলেও আগের ৫ টাকার কাগুজে নোট ও ধাতব মুদ্রাগুলো যথারীতি চালু থাকবে। অর্থাৎ পূর্বের মুদ্রাগুলো বাতিল হচ্ছে না।
এদিকে মুদ্রা সংগ্রাহকদের শখের কথা মাথায় রেখে নিয়মিত নোটের পাশাপাশি ৫ টাকার ‘স্পেসিমেন’ বা নমুনা নোটও বাজারে এনেছে সরকার। তবে এই নমুনা নোটটি বাজারে কেনাকাটার জন্য বিনিময়যোগ্য নয়। আগ্রহী সংগ্রাহকেরা মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম থেকে নির্ধারিত মূল্য পরিশোধ করে এই বিশেষ নোটটি সংগ্রহ করতে পারবেন।
/টিএ