
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী, গিটারবাদক ও সুরকার আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্ম নেওয়া এই শিল্পী বেঁচে থাকলে আজ ৬৪ বছরে পা দিতেন। শারীরিকভাবে না থাকলেও তাঁর গান, সুর ও গিটারবাদনের স্মৃতিতে আজও সংগীতপ্রেমীদের হৃদয়ে অমলিন তিনি।
আইয়ুব বাচ্চুর জন্ম চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে। বাবা ইশহাক চৌধুরী ও মা নুরজাহান বেগমের সন্তান আইয়ুব বাচ্চুর পরিবারে সংগীতচর্চার সরাসরি কোনো ঐতিহ্য ছিল না। তবে ছোটবেলা থেকেই গিটারের প্রতি তাঁর গভীর আগ্রহ তৈরি হয়। জিমি হেনড্রিক্সের গিটারবাদন তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। ১৯৭৭ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতজীবন শুরু করে পরের বছর ফিলিংস ব্যান্ডে যোগ দেন তিনি। পরে সোলস ব্যান্ডে যুক্ত
১৯৯১ সালে সোলস ছাড়ার পর আইয়ুব বাচ্চু নিজেই গড়ে তোলেন এলআরবি। শুরুতে ব্যান্ডটির নাম ছিল লিটল রিভার ব্যান্ড; পরে নাম পরিবর্তন করে রাখা হয় লাভ রানস ব্লাইন্ড। নব্বইয়ের দশকে এলআরবির মাধ্যমে বাংলা ব্যান্ড সংগীতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। অসাধারণ কণ্ঠ, সুর ও গিটারবাদনের কারণে শ্রোতাদের কাছে তিনি পরিচিতি পান ‘গিটার জাদুকর’ হিসেবে। দেশ-বিদেশের অসংখ্য মঞ্চে তাঁর পরিবেশনা পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা।
ব্যান্ড সংগীতের পাশাপাশি চলচ্চিত্রের গানেও আইয়ুব বাচ্চুর ছিল শক্তিশালী উপস্থিতি। ‘আম্মাজান’, ‘লাল বাদশা’, ‘ব্যাচেলর’, ‘রং নাম্বার’, ‘চাঁদের মতো বউ’, ‘চোরাবালি’, ‘টেলিভিশন’ ও ‘এক কাপ চা’সহ বিভিন্ন চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি। ১৯৮৬ সালে ‘রক্তগোলাপ’ দিয়ে শুরু হয় তাঁর একক অ্যালবামের যাত্রা। এরপর ‘ময়না’, ‘কষ্ট’, ‘সময়’, ‘একা’, ‘প্রেম তুমি কী!’, ‘কাফেলা’, ‘জীবন’ ও ‘জীবনের গল্প’সহ বহু শ্রোতাপ্রিয় অ্যালবাম উপহার দেন। একইভাবে এলআরবির সঙ্গেও প্রকাশ করেন একাধিক জনপ্রিয় অ্যালবাম।
দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য গান, সুর ও গিটারবাদনের মাধ্যমে আইয়ুব বাচ্চু তৈরি করে গেছেন স্বতন্ত্র এক সংগীতভুবন। তাঁর কণ্ঠে যেমন ছিল আবেগ ও ভালোবাসা, তেমনি গিটারের তারে ফুটে উঠত বিদ্রোহ, বেদনা ও জীবনের নানা গল্প। ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি শিল্পী। তবে মৃত্যুর পরও তাঁর গান নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। জন্মদিনে তাই শারীরিক অনুপস্থিতির মাঝেও গান ও স্মৃতিতে প্রিয় ‘বাচ্চু ভাই’কে শ্রদ্ধাভরে স্মরণ করছে সংগীতাঙ্গন।
/টিএ