
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থানের স্মরণে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনটিকে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের ঐক্যের প্রতীক হিসেবে পালন করে আসছে।
১৯৭৫ সালের ১৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে চরম অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়। এর ধারাবাহিকতায় ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঢাকা সেনানিবাসে গৃহবন্দি করা হয়। এর চার দিন পর ৭ নভেম্বর সেনাবাহিনীর সাধারণ সদস্য ও জনতার অংশগ্রহণে পাল্টা অভ্যুত্থান ঘটে। ওই ঘটনার মধ্য দিয়ে বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অবস্থানে ফিরে আসেন।
বিএনপির রাজনৈতিক দর্শনে ৭ নভেম্বরকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। দলটির মতে, সেদিনের সিপাহি-জনতার ঐক্য জাতীয়তাবাদী চেতনাকে নতুনভাবে উজ্জীবিত করেছিল। পরবর্তী সময়ে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় রাজনীতি ও অর্থনৈতিক স্বনির্ভরতার যে ধারা বিকশিত হয়, বিএনপি দিনটিকে তার ঐতিহাসিক ভিত্তি হিসেবে মূল্যায়ন করে।
দিবসটি উপলক্ষে ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর অংশ হিসেবে আজ সকাল ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল ৮টায় দলের শীর্ষ নেতারা ও নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের কর্মসূচি পালন করবেন। বিকেল ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার কথা রয়েছে। একই ধরনের কর্মসূচি পালিত হবে বিভিন্ন জেলা ও মহানগরেও।
এ ছাড়া আগামীকাল ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও নিজস্ব উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি আয়োজন করছে। ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে প্রতিবছরই দলটির নেতাকর্মীরা দিনটি পালন করেন। বিএনপির কাছে দিবসটি অতীতের রাজনৈতিক ঘটনাবলি স্মরণের পাশাপাশি গণতান্ত্রিক অধিকার, জাতীয় স্বাধীনতা ও ঐক্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার উপলক্ষ।
টি/