
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ দ্রুত শেষ করতে গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
বুধবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়ার সই করা চিঠিটি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতির কাছে পাঠানো হয়েছে। চিঠিতে নির্ধারিত সময়ের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে আলোচনা হয়। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি তাতে অনুমোদন দেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয়ের ১২টি প্রধান ভবনের মধ্যে আটটির অবস্থা বেশ নাজুক। ভবনগুলোর অধিকাংশই ১৯৬০-এর দশকে নির্মিত। জরাজীর্ণ এসব ভবন ভেঙে নতুন করে নির্মাণের বিষয়টি সামনে আসার পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়।
মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রখ্যাত স্থপতি লুই আই কানের স্থাপত্য ঐতিহ্য বজায় রেখে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রায় ৩০ থেকে ৩৩ লাখ বর্গফুট আয়তনের নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে ১২ থেকে ১৪ তলাবিশিষ্ট একাধিক ভবন, বেজমেন্ট এবং কয়েক হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা।
টি/