
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক চাল্লো’ গানে দর্শকদের মুগ্ধ করেছিলেন তারা। এবার শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’-এ দেখা গেল এই জুটিকে। তবে পুরোনো জুটির পুনর্মিলনে ভক্তদের উচ্ছ্বাস থাকলেও গানটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশ করা হয় ‘ড্যাডি কুল’-এর ‘কিং ভার্সন’। ইউরো-ক্যারিবীয় সংগীতদল বনি এমের জনপ্রিয় ‘ড্যাডি কুল’ গানের নতুন বলিউডি সংস্করণ এটি। গানটির সংগীতায়োজন করেছেন শচীন-জিগার। এতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট। গানটি ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও... গানটি পুরোনো ধাঁচের, কিন্তু এখনো কুল!’
গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ ও কারিনার রসায়ন নিয়ে প্রশংসা করেছেন ভক্তরা। অনেকে ‘ইয়ে মেরা দিল’ থেকে ‘চাম্মাক চাল্লো’ হয়ে ‘ড্যাডি কুল’ পর্যন্ত এই জুটির পর্দার উপস্থিতির স্মৃতিচারণ করেছেন। শাহরুখের পর্দার আকর্ষণ এবং কারিনার সৌন্দর্য ও উপস্থিতিও প্রশংসা পেয়েছে। অনেক দর্শকের মতে, দীর্ঘ বিরতির পর তাদের একসঙ্গে দেখা আলাদা নস্টালজিয়া তৈরি করেছে।
তবে গানটির কোরিওগ্রাফি ও উপস্থাপনা নিয়ে সমালোচনাও করেছেন অনেকে। একাংশের অভিযোগ, নাচের ধাপে নতুনত্ব নেই এবং একই ধরনের কোরিওগ্রাফি বারবার ব্যবহার করা হয়েছে। গানের কথা ও সুরের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। অরিজিৎ সিংয়ের কণ্ঠ প্রশংসা পেলেও তার প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করেছেন কয়েকজন শ্রোতা।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার এটি দ্বিতীয় গান। এর আগে প্রকাশিত হয়েছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত রোমান্টিক গান ‘তু মিল যায়ে’। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত অ্যাকশনধর্মী সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে। এতে শাহরুখ, দীপিকা ও কারিনা ছাড়াও অভিনয় করেছেন রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, ববি দেওল ও সুহানা খান।
টি/