logo
youtube logotwitter logofacebook logo

১২ মার্চ

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায় ইইউ - image

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায় ইইউ

09 মে 2023, বিকাল 6:00

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কিংবা মধ্যস্থতা নয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায় বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি বলেন, জুলাইয়ে নির্বাচনী পরিবেশ দেখতে একটি প্রতিনিধি দল ঢাকা আসবে। মঙ্গলবার (৯ মে) ইউরোপ ডে উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইইউ রাষ্ট্রদূত এ কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন ইউরোপের ৮ দেশের রাষ্ট্রদূত। বাণিজ্য, জলবায়ু ও শ্রম অধিকারসহ নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের অংশীদারত্বের কথা তুলে ধরেন তারা। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোকে তত বেশি দূতাবাসমুখী হতে দেখা যাচ্ছে। মাঠের রাজনীতির পাশাপাশি কূটনীতিক পাড়ায়ও বইছে নির্বাচনী বাতাস,সূচনা বক্তব্যে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানান, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জুলাইয়ে সার্বিক পরিস্থিতি দেখতে আসবে একটি দল। হোয়াইটলি জানান, তারা বাংলাদেশের রাজনীতিতে ‘মধ্যস্থতা বা হস্তক্ষেপ’ করতে আসেননি, তবে পরিস্থিতি বোঝার জন্য তারা এখানকার সব রাজনৈতিক দলের সঙ্গে দেখা করবেন এবং তাদের কথা শুনবেন।বিএনপির সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, সব দলের সঙ্গেই আলোচনা চলছে। বাংলাদেশের জনগণের মতো ইউরোপীয় ইউনিয়নও সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন চায়। জুলাইয়ে আসা পর্যবেক্ষক দল বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে তৈরি করবে প্রতিবেদন। তার ভিত্তিতে নির্ধারণ হবে জাতীয় নির্বাচনের সময় পর্যবেক্ষক দল পাঠাবে কি না ইইউ। এর আগে, গত ১২ মার্চ ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে ইউরোপীয় ইউনিয়নের সাত দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে বিএনপির নেতারা। সে সময় বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারা আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না।

মে ০৯, ২০২৩
পুতিনের নির্বাচন দেখতে রাশিয়ায় যাচ্ছেন সিইসি - image

পুতিনের নির্বাচন দেখতে রাশিয়ায় যাচ্ছেন সিইসি

28 জানুয়ারি 2024, বিকাল 6:00

ভোট দেখতে ৮ দিনের সফরে রাশিয়ায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী ১২ মার্চের দিকে সুবিধাজনক দিনে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি। সিইসির সফরসঙ্গী হিসেবে থাকবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। তারা  ১৯ মার্চ দেশে ফিরবেন। এই সফর সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তার কাছে পাঠিয়েছেন ইসির উপসচিব মো. শাহ আলম। চিঠিতে জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের নির্বাচন পর্যবেক্ষণ করতে এবং নির্বাচনী সার্বভৌমত্ব অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়ান ফেডারেশন সফর করবেন। আগামী ১৪ থেকে ১৮ মার্চ সিইসিসহ তার একান্ত সচিব কিছু শর্তসাপেক্ষে রাশিয়া সফর করবেন।’ এতে আরও জানানো হয়, ‘আগামী ১২ মার্চের দিকে সুবিধাজনক দিনে রাশিয়ার উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করবেন এবং ১৯ মার্চ ঢাকায় ফিরবেন। এই সফরের সময়কাল, ভ্রমণ এবং ট্রানজিটের জন্য ব্যয় করা সময়কে দায়িত্ব হিসেবে গণ্য করা হবে। তারা তাদের বেতন-ভাতা স্থানীয় মুদ্রায় নেবেন এবং এর কোনো অংশ বৈদেশিক মুদ্রায় নেওয়া যাবে না। সফরের সময় তারা দুজন অংশগ্রহণকারী পাঁচ রাতের হোটেলে থাকার ব্যবস্থা এবং স্থানীয় আতিথেয়তা গ্রহণ করবেন। তবে বাংলাদেশ নির্বাচন কমিশন বিমান ভাড়া এবং অন্য আনুষঙ্গিক খরচ বহন করবে।’

জানুয়ারি ২৮, ২০২৪
রমজানে ১৫ দিন খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান - image

রমজানে ১৫ দিন খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

07 ফেব্রুয়ারি 2024, বিকাল 6:00

আসছে পবিত্র রমজান মাসের প্রথম ১৫ দিন সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু থাকবে। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১১ মার্চ ২০২৪ থেকে ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, নতুন চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ বা ১২ মার্চ বাংলাদেশে রোজা শুরু হতে পারে।

ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এসএসসি পরীক্ষা, আজ থেকে এক মাস বন্ধ সব কোচিং সেন্টার, নজরদারি জোরদার - image

এসএসসি পরীক্ষা, আজ থেকে এক মাস বন্ধ সব কোচিং সেন্টার, নজরদারি জোরদার

12 ফেব্রুয়ারি 2024, বিকাল 6:00

এসএসসি ও সমমানের পরীক্ষায় সুষ্ঠু, সুন্দর ও প্রশ্নফাঁসের গুজবমুক্ত রাখতে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা এ কাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি জোরদার রয়েছে। গত ২৮ জানুয়ারি এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা-২০২৪ সুষ্ঠু, প্রশ্নফাঁসের গুজবমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সভায় জানানো হয়, কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রেজারি-থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহণ কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীরা কোনো ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহন কাজে কালো কাচযুক্ত মাইক্রোবাস বা এমন কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। এ ছাড়া প্রত্যেক কেন্দ্রের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন ট্যাগ অফিসার নিয়োগ প্রদান করা হবে। ট্যাগ অফিসার ট্রেজারি, থানা হেফাজত থেকে কেন্দ্র সচিবসহ প্রশ্ন বের করে পুলিশ প্রহরায় সব সেটের প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাবেন। পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে। সে অনুযায়ী কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার ও পুলিশ কর্মকর্তার স্বাক্ষরে প্রশ্নপত্রের প্যাকেট বিধি অনুযায়ী খুলবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা এ কাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি জোরদার করবে। প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইলফোন, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম ও পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো তথ্য সরবরাহের প্রয়োজন হলে আন্তঃবোর্ডের সমন্বয়ক, শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. জাহিদ হোসেনের মাধ্যমে গণমাধ্যমে সরবরাহ করা হবে। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা, আইনশৃঙ্খলা ও পরীক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত বিভিন্ন দপ্তর, সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে। এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন হাজার ৭০০টি কেন্দ্রে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

ফেব্রুয়ারি ১২, ২০২৪
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু - image

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

14 ফেব্রুয়ারি 2024, বিকাল 6:00

সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। এ বছর এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন হাজার ৭০০টি কেন্দ্রে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আজ প্রথম দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিলের (ভোকেশনাল) বাংলা-২ (১৯২১) ও বাংলা-২ (১৭২১) অনুষ্ঠিত হচ্ছে। সূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। আর ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ শুরু হয়ে শেষ হবে ২০ মার্চ। কারিগরির লিখিত পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ শুরু হয়ে শেষ হবে ২১ মার্চ। দাখিল পরীক্ষা শেষ হবে ১৪ মার্চ। আর ব্যবহারিক পরীক্ষা ১৬ মার্চ শুরু হয়ে শেষ হবে ৩০ মার্চ। এর আগে গত ২৮ জানুয়ারি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়, ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার ৭০০টি কেন্দ্রে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নেবে। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষাকেন্দ্রে অন্য কেউ মোবাইলফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা এ কাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি জোরদার করবে। প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা নেবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং পরীক্ষাকেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত রাখতে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। ১২ মার্চ পর্যন্ত এসব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

ফেব্রুয়ারি ১৪, ২০২৪
রমজানের পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব : রাষ্ট্রপতি - image

রমজানের পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব : রাষ্ট্রপতি

11 মার্চ 2024, বিকাল 6:00

রোজার তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, ‘রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’ আজ মঙ্গলবার (১২ মার্চ) থেকে পবিত্র মাহে রমজান শুরু উপলক্ষে গতকাল সোমবার প্রদত্ত এক বাণীতে এসব কথা বলেন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি বলেন, ‘সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত।’ এ উপলক্ষে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে জানান আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ‘বরকতময় মাহে রমজান মাস মহান আল্লাহর নৈকট্য ও তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়’ উল্লেখ করে মো. সাহাবুদ্দিন বলেন, ‘সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমালাভের জন্য যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায় মাসটি পালন করে থাকে। সিয়াম সাধনা ধনী-গরিব সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।’ রাষ্ট্রপ্রধান বলেন, ‘রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। রোজার তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাই অবদান রাখবেন-এ প্রত্যাশা করি।’ রাষ্ট্রপতি বলেন, ‘যুদ্ধবিগ্রহ ও নানাবিধ আর্থ-রাজনৈতিক সংকটের প্রভাবে বিশ্ব অর্থনীতি মন্দায় পতিত। বাংলাদেশও অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন। এমতাবস্থায় দেশে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।’ তিনি পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে দেশের ব্যবসায়ী সমাজকে বিশেষভাবে অনুরোধ করেন। ‘যাকাত দেওয়া রমজানের অন্যতম ইবাদত’ এ কথা উল্লেখ করে মো. সাহবিুদ্দিন বলেন, ‘সঠিকভাবে যাকাত দিলে সমাজে ধনী-গরিবের পার্থক্য কমে আসবে।’ দেশবাসীকে ইসলামি শরিয়াহ অনুযায়ী সঠিকভাবে যাকাত প্রদানের আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি সমাজের সচ্ছল জনগোষ্ঠীকে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসারও আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ‘রমজানের মহান শিক্ষা সমাজের সব স্তরে ও সবার মাঝে ছড়িয়ে পড়ুক, রমজানের পবিত্রতায় সবার জীবন ভরে উঠুক। মহান আল্লাহ আমাদের রহমত, মাগফিরাত ও নাজাত দান করুন।’

মার্চ ১১, ২০২৪
রমজানে নতুন সূচিতে চলছে অফিস-আদালত - image

রমজানে নতুন সূচিতে চলছে অফিস-আদালত

11 মার্চ 2024, বিকাল 6:00

সারা দেশে পবিত্র রমজান মাস উপলক্ষে নতুন সূচিতে চলছে অফিস-আদালতের কার্যক্রম। আজ মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হয়েছে নতুন সময়সূচি। এবার সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার। গত ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘হিজরি ১৪৪৫ (২০২৪ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ’ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ব্যাংকের সময়সূচি বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে ব্যাংকের লেনদেনের সময় ৩০ মিনিট কমেছে। রোজার মাসজুড়ে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। রমজানে ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত। এতদিন যা ছিল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আদালতের সময়সূচি রোজার মাসের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, অধস্তন আদালত ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আপিল বিভাগের আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত। তবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে আপিল বিভাগের অফিসের কার্যক্রম। হাইকোর্ট বিভাগের আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত। অফিস চলবে সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। অধস্তন আদালতের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

মার্চ ১১, ২০২৪
রমজানে স্কুল খোলা থাকবে: আপিল বিভাগ - image

রমজানে স্কুল খোলা থাকবে: আপিল বিভাগ

11 মার্চ 2024, বিকাল 6:00

পবিত্র রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার পৃথক প্রজ্ঞাপন স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে রমজানে স্কুল খোলা থাকবে।মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ। এর আগে এক অভিভাবকের করা এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার (১০ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুলসহ স্থগিতাদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ ও আইনজীবী মাহমুদা খানম। ওইদিন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ জানান, রমজানে প্রাথমিক স্কুল ১০ দিন ও হাইস্কুল ১৫ দিন খোলা রেখে সরকারের সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে হাইকোর্ট রুলও জারি করেছেন। এ আদেশ স্থগিত চেয়ে সোমবার (১১ মার্চ) আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সোমবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের এ আবেদন মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ধার্য করে দেন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনপূর্বক আসন্ন পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় জানায়, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোর ২০২৪ সালের (১৪৩০-১৪৩১ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে।

মার্চ ১১, ২০২৪
সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ ১০ রমজান পর্যন্ত খোলা থাকবে - image

সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ ১০ রমজান পর্যন্ত খোলা থাকবে

11 মার্চ 2024, বিকাল 6:00

পবিত্র রমজান মাসের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর আজ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এদিকে, রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ। এর আগে সোমবার (১১ মার্চ) রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত না করে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। তার আগে রবিবার (১০ মার্চ) রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রমজানে ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায়ও জানায়, রমজানে ১০ দিন ক্লাস চলবে। তাদের এমন সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক শিক্ষার্থীর অভিভাবক।

মার্চ ১১, ২০২৪
সংশোধিত এডিপির আকার কমলো ১৮ হাজার কোটি টাকা - image

সংশোধিত এডিপির আকার কমলো ১৮ হাজার কোটি টাকা

11 মার্চ 2024, বিকাল 6:00

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) কমেছে ১৮ হাজার কোটি টাকা। প্রতিবারের মতো এবারও মন্ত্রণালয়ের বরাদ্দ পাওয়া অর্থ ব্যয় করতে না পারায় কাটছাঁট করতে হয় সংশোধিত এডিপি। এডিপি কাটছাঁটের ফলে আরএডিপির আকার দাঁড়ালো ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। মঙ্গলবার (১২ মার্চ) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিশন সূত্র জানায়, সব মন্ত্রণালয় সময় মতো বরাদ্দ করা অর্থ খরচ করতে পারছে না। ফলে এডিপির বাস্তবায়নে প্রত্যেকবারই ব্যয় কমানো হচ্ছে। মোট সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) সর্বোচ্চ ২৫ দশমিক ৮২ শতাংশ বরাদ্দ দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে। যা টাকার অঙ্কে ৬৩ হাজার ২৬৩ কোটি ৩১ লাখ টাকা। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ খাতে ১৫ দশমিক ৪৭ শতাংশ। যা টাকার অঙ্কে ৩৭ হাজার ৮৯৬ কোটি টাকা। পরিকল্পনা কমিশন জানায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এডিপিতে নিজস্ব অর্থায়ন কমছে সাড়ে ৭ হাজার কোটি টাকা। এডিপিতে নিজস্ব অর্থায়ন ছিল ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা। যা কমে হচ্ছে ১ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা। এছাড়া বিদেশি সহায়তা থেকে বরাদ্দ কমছে সাড়ে ১০ হাজার কোটি টাকা। এতে সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ দাঁড়াবে ৮৩ হাজার ৫০০ কোটি টাকা।

মার্চ ১১, ২০২৪
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo