logo
youtube logotwitter logofacebook logo

১ জুলাই

বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত - image

বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত

27 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : ১ জুলাই থেকে ঈদের ছুটি শুরু হলেও, ২, ৩ ও ৪ তারিখ কিছু এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু থাকবে।  এই দিনগুলোতে দেশের সব বাণিজ্যিক এলাকা এবং বড় বিপণী বিতানের কাছের ব্যাংক-শাখায় টাকা তোলা ও জমা দেওয়া যাবে। আর, ঈদের ছুটিতে বিকল্প ব্যবস্থায় প্রয়োজনীয় মুদ্রা সরবরাহ থাকবে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। এবছর ১ থেকে ৯ তারিখ পর্যন্ত ঈদের ছুটি। মাঝখানের কর্মদিবসটি সরকারের নির্বাহী আদেশে বাতিল হলে ছুটি দীর্ঘ হয়।  এই সময়ে অফিস ও ব্যাংক ছুটিতে থাকলেও, চলবে ব্যবসা বাণিজ্য। রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় সরগরম থাকবে ঈদবাজার। চাঁদ রাত পর্যন্ত চলবে বেচা কেনা। কাওরান বাজারসহ অধিকাংশ  বাজারে চলবে ভোজ্য পণ্য পরিবহণ। তাই ছুটির সময়ে টাকার লেনদেন ও সংরক্ষণ নিয়ে শঙ্কায় পড়েছিলেন ব্যবসায়ীরা। সেই শঙ্কা কাটাতে ২, ৩ ও ৪ তারিখ  বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বেসরকারি ব্যাংক কর্মকর্তারা আশ্বস্থ করেছেন সংশ্লিষ্টদের। বলছেন, মূল ব্যাংকিং এর বাইরে বিকল্প চ্যানেলগুলো আরও জোরদার করা হবে। ছুটিতে পর্যাপ্ত টাকার ব্যবস্থা থাকবে এটিএম বুথেও ।

জুন ২৭, ২০১৬
নতুন আঙ্গিকে লাইফ ইন এ মেট্রো - image

নতুন আঙ্গিকে লাইফ ইন এ মেট্রো

29 জুলাই 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (৩১ জুলাই) রাত ৯.২০ মিনিটে প্রচার হবে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘লাইফ ইন এ মেট্রো’। মেগা ধারাবাহিকটিতে বড় ধরণের পরিবর্তন করে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। বর্তমানে নাটকটি নতুন করে লিখছেন শফিকুর রহমান শান্তনু। গল্পেও তাই এসেছে নানা নাটকীয় বাঁক বদল। অপূর্ব, মিলন, শহীদুজ্জামান সেলিম সহ পুরনো অভিনেত্রীরা ছাড়াও যুক্ত হয়েছেন মৌসুমি হামিদ, ডাক্তার এজাজ, মারজুক রাসেল, কল্যাণ, রুনা খান, শাহেদ, উর্মিলা প্রমুখ। বি ইউ শুভ পরিচালিত নাটকটি ঘটনা আবর্তিত হয়েছে ঢাকা শহরের বিচ্ছিন্ন কিছু শ্রেনীর মানুষকে ঘিরে। যারা কখনো মেধাবী, কর্মদক্ষ, সৃজনশীল, প্রেমিক আবার কখনোবা উশৃংখল, পরিবারের জন্য দুঃস্বপ্ন, বেকার ও মাদকাসক্ত। বিশ্ববিদ্যালয়ে পড়–য়া স্মার্ট তরুণ জারিফ, শার্লিন, আরিশা, এ্যানা, শামা, নীল, সৌমিক, প্রীত,রাইসা, লাবণ্য ,তুর্য এবং সারাহ ভিন্ন সমাজিক ও অর্থনৈতিক প্রার্থক্যে বেড়ে উঠলেও সবার মাঝে মিলটা হলো বন্ধুত্বের। কিন্তু কোথও একটা গিয়ে তারা একই সূত্রে গাঁথা। এই তরুণদের পরস্পরের প্রতি পরস্পরের সম্পর্ক, ভালোবাসা, বিরহ, দ্বন্দ্ব, বিশ্বাস-অবিশ্বাস ও সর্বোপরি বন্ধুত্বটা স্পটভাবে উঠে আসবে ‘লাইফ ইন এ মেট্রো’ ধারাবাহিকে। নানান প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও জীবনের জয়গানই মুগ্ধ ক্যানভাসে চিত্রিত হয়ে টেলিভিশন পর্দায় আবির্ভূত হবে ‘লাইফ ইন এ মেট্রো’ ধারাবাহিকের মাধ্যমে...।

জুলাই ২৯, ২০১৬
দৃশ্যমান হলো পদ্মা সেতুর পুরো সড়কপথ - image

দৃশ্যমান হলো পদ্মা সেতুর পুরো সড়কপথ

22 আগস্ট 2021, বিকাল 6:00

      পদ্মা সেতুতে শেষ স্ল্যাব বসানো হয়েছে। এতে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে পদ্মা সেতুর সড়কপথ। সোমবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ১২ ও ১৩ নং পিলারের ওপরে শেষ স্ল্যাব বসানো হয়েছে। এতে সড়কপথের ৬ দশমিক ১৫ কিলোমিটার পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের। তিনি বলেন, ১০টা ১২ মিনিটের সময় সর্বশেষ স্ল্যাবটি বসানো হয়েছে। পদ্মা সেতু সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সেতু প্রকল্পের সার্বিক কাজ এগিয়েছে ৮৭ দশমিক ২৫ শতাংশ। আর মূল সেতুর কাজের অগ্রগতি হয়েছে ৯৪ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ মূল সেতুর কাজের আর বাকি মাত্র ৫ দশমিক ৭৫ শতাংশ। আর্থিক অগ্রগতি হয়েছে (ব্যয়) ৯০ দশমিক ১৮ শতাংশ। মূল সেতুর কাজের চুক্তি মূল্য প্রায় ১২ হাজার ৪৯৪ কোটি টাকা। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১১ হাজার ২৬৮ কোটি টাকা বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর কাজ ২০১৪ সালের ডিসেম্বর মাসে শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির ওপর বসানো হয় প্রথম স্প্যান। এর মধ্যদিয়ে দৃশ্যমান হতে থাকে পদ্মা সেতু। ৪২টি পিলারের ওপর ১৫০ মিটার দৈঘ্যের ৪১টি স্প্যান একে একে বসানো হয়। সর্বশেষ স্প্যানটি বসানো হয় ২০২০ সালের ১০ ডিসেম্বর। এতে ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হয়েছিল। ২০২২ সালের জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে।

আগস্ট ২২, ২০২১
ডিপজলের প্রার্থিতা বাতিল - image

ডিপজলের প্রার্থিতা বাতিল

22 জুন 2022, বিকাল 6:00

গত ২১ মে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোটার তালিকা নিয়ে হাইকোর্টে করা এক রিট পিটিশনের কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। অবশেষে বাণিজ্য মন্ত্রণালয় সংগঠনটির নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করেছে। একই সঙ্গে নতুন তালিকায় অভিনেতা ডিপজলসহ কয়েকজনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গ্রহণের স্থান এফডিসির জহির রায়হান মিলনায়তন। এবারের নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল কালাম আজাদ। সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের আরো দুই উপসচিব মোহাম্মদ ইলিয়াস মিয়া ও মো. আমিনুল ইসলাম। মনোনয়ন ফরম কেনা যাবে ৩ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত; দাখিলের শেষ সময় ১৮ জুলাই। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ২১ জুলাই। একইদিন বিকাল ৪টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আপিল করা যাবে ২৭ জুলাই পর্যন্ত। আপিল শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে ৩ আগস্ট। চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ৪ আগস্ট। কেউ নির্বাচনে প্রার্থীতা বাতিল করতে চাইলে ১০ আগস্ট বিকেল ৪টার মধ্যে করতে হবে। এ ক্ষেত্রে তাকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে। কেউ প্রার্থীতা বাতিলের পর যদি দেখা যায় বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচন যোগ্য সদস্য সংখ্যার সমান বা তারচেয়ে কম, তাহলে ভোটগ্রহণ করা হবে না এবং এ ধরণের প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের পর নির্বাচন কর্তৃক সর্বশেষ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট। ২০ আগস্টের নির্বাচনে প্রথম কার্যনির্বাহী সদস্যের নির্বাচন করা হবে। তাদের ভোটে সভাপতি ২ জন, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ২ জন, সহকারী সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচন করা হবে। এটি করা হবে ২২ আগস্ট। নির্বাচনের ফল নিয়ে আপিল করা যাবে ২৫ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ২৮ আগস্ট বিকাল ৪টায়।

জুন ২২, ২০২২
কমলাপুরে টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় - image

কমলাপুরে টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড়

02 জুলাই 2022, বিকাল 6:00

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট কিনতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রথম ও দ্বিতীয় দিনেও এমন ভিড় ছিলো কমলাপুর ও শহরতলী রেলস্টেশনে। অনেকেই একদিন আগে থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন টিকিটের জন্য। রোববার (৩ জুলাই) সকালে সরেজমিনে এ রকম চিত্র দেখা গেছে। রোববার সকাল ৮টা থেকে টিকিট বিতরণ শুরুর কথা থাকলেও শনিবার থেকেই স্টেশনে অবস্থান নিয়েছেন হাজারো টিকিটপ্রত্যাশী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এসব টিকিটপ্রত্যাশীদের ভিড়। এর মধ্যে একটি অংশ রয়েছেন, যারা প্রথম দিন লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি। ঈদযাত্রার টিকিট পেতে দীর্ঘসময় লাইনে থাকতে হচ্ছে তাদের। কেউ কেউ ৩০ ঘণ্টা ধরে লাইনেই আছেন। সময় পার করতে তাদের কেউ পত্রিকা পড়ছেন, শিক্ষার্থীদের কেউ কেউ বই বা নোট নিয়ে লাইনে বসেই পড়ছেন। অনেকে আবার অপেক্ষা করতে করতে ঘুমিয়েও পড়ছেন। শুধু খেলা নয়, অনেকে পত্রিকা পড়া বা বই ও নোট খাতা পড়ে সময় পার করছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। এদিন, পুরুষদের পাশাপাশি নারীরাও আগেভাগেই স্টেশনে এসেছেন আগাম টিকিট পাবার জন্য। ঈদের আগে সড়কপথে অনেক বেশি যানজট থাকবে এমন আশঙ্কায় তারা ট্রেনের টিকিট পেতে আগ্রহী। টিকিট কেনা যেনো রীতিমত এক যুদ্ধ। এদিকে, টিকিট বিক্রির প্রথমদিন (শুক্রবার) কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেছিলেন রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দ্বিতীয় দিন এসেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শান্তিপূর্ণভাবে টিকিট বিতরণ নিশ্চিত করতেই কাজ করছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা। আর কালোবাজারে টিকিট বিক্রি বন্ধে পুলিশের পাশাপাশি রয়েছে র‍্যাবের উপস্থিতি। শুক্রবার (১ জুলাই) থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ১ জুলাই দেওয়া হয় ৫ জুলাই এর ট্রেনের টিকিট, ২ জুলাই দেওয়া হয় ৬ জুলাইয়ের টিকিট, আজ ৩ জুলাই দেওয়া হচ্ছে ৭ জুলাইয়ের ট্রেনের টিকিট, ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের ট্রেনের টিকিট এবং ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট। এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওই দিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। এর মধ্যে ১০ জুলাই ঈদ হলে ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে। ঢাকায় ছয়টি স্টেশন ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ঈদের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট এবং কমলাপুর শহরতলী প্লাটফর্ম থেকে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট পাওয়া যাবে। ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে। তেজগাঁও রেলওয়েস্টেশনে পাওয়া যাবে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী ট্রেনের টিকিট। এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়েস্টেশনে পাওয়া যাবে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট। রাজধানীর ফুলবাড়িয়া রেলস্টেশন থেকে পাওয়া যাবে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের ঈদ স্পেশাল ট্রেন ছাড়বে।

জুলাই ০২, ২০২২
কোক স্টুডিও বাংলায় গাইবেন ওস্তাদ রশিদ খান! - image

কোক স্টুডিও বাংলায় গাইবেন ওস্তাদ রশিদ খান!

02 জুলাই 2022, বিকাল 6:00

কুমারপ্রসাদ মুখোপাধ্যায় থেকে ঋতুপর্ণ ঘোষ—তার কণ্ঠমাধুর্যে মজেননি, এমন মানুষের সংখ্যা কম। সেই শাস্ত্রীয় সংগীতশিল্পী উস্তাদ রশিদ খান ৫৩ পার করে ৫৪-তে পা দিলেন শুক্রবার (১ জুলাই)। জন্মদিনের ক্ষণে জানালেন, তাকে শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে ফিউশনের মিশেলে শোনা যাবে। শিগগিরই কোক স্টুডিও বাংলায় গান করবেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ তথ্য জানিয়েছে। জানা গেছে, ছেলে আরমানের সঙ্গে নতুন কাজ করছেন তিনি। লিখছেন বন্দিশ। নতুন নতুন রাগ তৈরি করতে হচ্ছে। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন এই শাস্ত্রীয় সংগীতশিল্পী। উস্তাদ রশিদ খান বলেন, ‘ফিউশন করতে আমার সব সময়ই ভালো লাগে। আগে করেছি। রেকর্ডিংও আছে। এবার ছেলেকে নিয়ে বাংলাদেশে ফিউশন করব। শাস্ত্রীয় সঙ্গীত তো গাইবই। কিন্তু সেই গানকে একটু ভিন্ন আঙ্গিক থেকে তুলে ধরব। সে সব নিয়েই আপাতত ভাবনা-চিন্তা করছি।’ রশিদ খানের জন্ম উত্তরপ্রদেশের বদায়ূঁর সহসওয়ানে। রামপুর-সহসওয়ান ঘরানার প্রতিষ্ঠাতা ইনায়েত হোসেন খানের প্রপৌত্র রশিদ। মূলত দাদা উস্তাদ নিসার হোসেন খাঁ’র কাছ থেকে তালিম নেন তিনি। এ ছাড়া মামা গুলাম মুস্তাফা খাঁ’র কাছ থেকেও তালিম নিয়েছেন।

জুলাই ০২, ২০২২
প্রথমদিনে সময়মতো ছাড়ছে ট্রেন - image

প্রথমদিনে সময়মতো ছাড়ছে ট্রেন

04 জুলাই 2022, বিকাল 6:00

ঈদযাত্রার প্রথমদিনে কয়েকটি ট্রেন ছাড়া সবগুলো ট্রেনই শিডিউল অনুযায়ী ছেড়েছে। শুধু রংপুর এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস কিছুটা দেরিতে ছেড়েছে। ট্রেন দেরিতে আসায় ছাড়তে দেরি হয়েছে বলে জানা গেছে। নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ার সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক। ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, "রংপুর, ধুমকেতু, নীলসাগর তিনটি ট্রেন ছাড়তে একটু দেরি হয়েছে। আমাদের প্রস্তুতি স্বাভাবিকই ছিল। কিন্তু ট্রেনগুলো আসতে দেরি করায় ছাড়তে কিছু সময় বেশি লেগেছে।" এর আগে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরিতে কমলাপুর ছেড়ে যায়। জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সাড়ে সাতটায় ছাড়ার কথা থাকলেও ৭টা ৫৫ মিনিটে স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। ঈদযাত্রায় অগ্রিম টিকিট বিক্রি করা ট্রেনগুলো ছাড়ছে আজ সকাল থেকে। তবে প্রথম দিনেই যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে ট্রেনের এই সিডিউল বিপর্যয়। মোট ৩৭টি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যাবে আজ। এদিকে গত ১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ১ জুলাই দেয়া হয় ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেয়া হয় ৬ জুলাইয়ের, ৩ জুলাই দেয়া হয় ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেয়া হয় ৮ জুলাইয়ের টিকিট এবং আজ (৫ জুলাই) দেয়া হচ্ছে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট। এ ছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। সেদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। মধ্যে ১০ জুলাই ঈদ হওয়ায় ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে। ঢাকায় ছয়টি স্টেশন ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ঈদের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। ঢাকার কমলাপুর স্টেশনে সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট এবং কমলাপুর শহরতলী প্ল্যাটফর্ম থেকে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। তেজগাঁও স্টেশনে পাওয়া যাচ্ছে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী ট্রেনের টিকিট। এ ছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পাওয়া যাচ্ছে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের টিকিট। রাজধানীর ফুলবাড়িয়া স্টেশনে পাওয়া যাচ্ছে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের ঈদ স্পেশাল ট্রেন ছাড়বে।

জুলাই ০৪, ২০২২
বিএনপির জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করব: ইসি - image

বিএনপির জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করব: ইসি

19 জুলাই 2022, বিকাল 6:00

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমি প্রত্যাশা করব সব রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তাদের মতামত কমিশনের সংলাপে তুলে ধরবে। তবে বিএনপি যদি সময় মতো সংলাপে না আসে আমরা শেষ পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংলাপের চতুর্থ দিন বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে গণতন্ত্রী পার্টির সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন। এসময় গণতন্ত্রী পার্টির নেতারা বলেন, কোনো দল নির্বাচনে না আসলে বসে থাকা যাবে না। ভোটারদের জন্য নির্বাচন আয়োজন করতে হবে। এরপর সাড়ে ১২টা থেকে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে সংলাপে বসবে ইসি। বিকেল ৩টায় বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। কিন্তু বিএনপি আগেই জানিয়ে দিয়েছে, তারা সংলাপে অংশ নেবে না। সংলাপের সময়সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় শুরুতে গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) এবং পরে বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস ও বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সঙ্গে বসছে ইসি। প্রতিদিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। তিনটি বড় রাজনৈতিক দলের (আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি) জন্য বরাদ্দ দুই ঘণ্টা এবং বাকি দলগুলোর জন্য বরাদ্দ এক ঘণ্টা। আগামী ৩১ জুলাই ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপের কথা রয়েছে। এদিকে গত তিন দিনের সংলাপে আমন্ত্রণ পাওয়া ১২টি দলের মধ্যে বিএনপির দুই শরিক বাংলাদেশ মুসলিম লীগ ও বাংলাদেশ কল্যাণ পার্টি সংলাপে অংশ নেয়নি। আর বিএনপিও আগেই জানিয়ে দিয়েছে তারা অংশ নেবে না। তবে বর্তমান ইসির ডাকে এবারই নয়, এর আগেও তাদের আমন্ত্রণে একবারের জন্যও ইসিতে যায়নি বিএনপি। এমনকি এই কমিশন গঠনের আগে রাষ্ট্রপতির সংলাপেও বিএনপি অংশ নেয়নি। গত জুন মাসে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেছিল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কিন্তু এতে ১১টি রাজনৈতিক দল অংশ নেয়নি। দলগুলো হলো বিএনপি, সিপিবি, বাসদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এর আগে গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পরপরই শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক, সম্পাদক, নির্বাচন বিশেষজ্ঞ, নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপ করেছে কাজী হাবিবুল আউয়ালের কমিশন। তারা জানায়, এসব সংলাপে পাওয়া পরামর্শগুলো পর্যালোচনা করে আগামী নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করা হবে। গত ১৭ জুলাই থেকে শুরু হয় নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সাথে ইসির টানা বৈঠক। প্রতিদিন চারটি দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। যা চলবে ৩১ জুলাই পর্যন্ত। সময়সূচী অনুযায়ী: ১৮ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, দুপুর ১২টা থেকে ১টা বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, দুপুর আড়াই থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খেলাফত মজলিস, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ১৯ জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ কল্যাণ পার্টি, দুপুর ১২টা থেকে ১টা ইসলামিক ঐক্য জোট, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা বাংলাদেশ খেলাফত মজলিস, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল)। ২০ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টায় গণতন্ত্রী পার্টি, দুপুর ১২টা থেকে ১টা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২১ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ তরিকত ফেডারেশন, দুপুর ১২টা থেকে দুপুর ১টা বাংলাদেশ জাতীয় পার্টি, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও বিকাল ৪টা থেকে ৫টা গণফ্রন্টের সঙ্গে সংলাপ করবে ইসি। ২৪ জুলাই (রোববার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ খেলাফত আন্দোলন, দুপুর ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় পার্টি (জেপি), আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বিকেল ৪টা থেকে ৫টা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। ২৫ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ মুসলিম লীগ, দুপুর ১২টা থেকে দুপুর ১টা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। আর বিকেল ৪টা থেকে ৫টা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। ২৬ জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, দুপুর ১২টা থেকে দুপুর ১টা বিকল্পধারা বাংলাদেশ, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। ২৭ জুলাই (বুধবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জাকের পার্টি, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কৃষক শ্রমিক জনতা লীগ। ২৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১১টা গণফোরাম, দুপুর ১২টা থেকে ১টা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ম্যাপ), দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। ৩১ জুলাই (রোববার) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত জাতীয় পার্টি ও বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবে ইসি।

জুলাই ১৯, ২০২২
আওয়ামী লীগের ব্যয়ের চেয়ে আয় বেশি - image

আওয়ামী লীগের ব্যয়ের চেয়ে আয় বেশি

30 জুলাই 2022, বিকাল 6:00

২০২১ সালে আওয়ামী লীগের ৬ কোটি টাকা ব্যয়ের তুলনায় আয় হয়েছে ২১ কোটি টাকা। অর্থাৎ ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে। রোববার সকালে নির্বাচন কমিশনের সচিব হুমায়ূন কবীর খোন্দকারের কাছে গত এক বছরের আওয়ামী লীগের আয়-ব্যয়ের হিসাব জমা দেন দলটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান। আয়-ব্যয়ের হিসাবে বলা হয়, ২০২১ সালের ক্ষমতাসীন আওয়ামী লীগের আয় ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। আয়ের বড় খাত মনোনয়নপত্র ও প্রাথমিক সদস্যফরম বিক্রি বলে জানায় দলটি। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের আয় বেড়েছে ১০ কোটি ৯০ লাখের বেশি টাকা। পাশাপাশি এ সময়ের মধ্যে ব্যয় কমেছে ৩ কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা। আর দলটির ব্যাংকে জমা রয়েছে ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সাল থেকে রাজনৈতিক দলগুলোর জন্য নিবন্ধন প্রথা চালু করে ইসি। গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আগের পঞ্জিকা বছরের ‘অডিট রিপোর্ট’জমা দেয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। মূলত রাজনৈতিক দলগুলোর কোন খাত থেকে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, বিল-ভাউচারসহ তার পূর্ণাঙ্গ তথ্য কমিশনের নির্ধারিত একটি ছকে জমা দিতে হয়। যা রেজিস্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মের মাধ্যমে নিরীক্ষা করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। পরপর তিন বছর কমিশনে আত ব্যয়ের প্রতিবেদন দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিলের এখতিয়ার রয়েছে ইসির।

জুলাই ৩০, ২০২২
বরিশালের সাবেক মেয়র কামাল আর নেই - image

বরিশালের সাবেক মেয়র কামাল আর নেই

30 জুলাই 2022, বিকাল 6:00

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামাল আর নেই। শনিবার (৩১ জুলাই) রাত ১২টায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে কামরুল আহসান রূপম। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন। বিগত ১৪ দিন ধরে ইনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে ২৯ জুলাই বাসায় নিয়ে আসা হয়। শনিবার রাতে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ রোববার দুপুর ২টায় বরিশাল জিলা স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মুসলিম গোরস্থানে তাকে চীর নিদ্রায় শায়িত করা হবে বলে জানিয়েছেন ছেলে রূপম। এদিকে, মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাতেই রাতেই মরহুম আহসান হাবিব কামাল এর মৃতদেহ নিয়ে বরিশালের উদ্দেশে রওয়ানা হন পরিবারের সদস্যরা। প্রবীণ এই নেতার মৃত্যুতে পরিবার এবং বিএনপি’র রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদী জানান, আহসান হাবিব কামাল বরিশাল পৌরসভার আমলে সর্বপ্রথম ১০ নম্বর বরিশাল ইউনিয়নের নির্বাচিত কমিশনার ছিলেন। পরবর্তী ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি বরিশাল পৌর সভার প্রশাসক ও নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি পৌর চেয়ারম্যান থাকাবস্থায় বরিশাল সিটি কর্পোরেশন গঠিত হয়। এরপর ২০০২ সালের ২৫ জুলাই থেকে পরবর্তী ২০০৩ সালের ১৪ এপ্রিল পর্যন্ত নবগঠিত সিটি কর্পোরেশনের মনোনীত মেয়র ছিলেন তিনি। এছাড়া ২০১৩ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সিটি কর্পোরেশনের তৃতীয় পরিষদের মেয়র নির্বাচিত হন। একই বছরের ৮ অক্টোবর থেকে পরবর্তী ২০১৮ সালের ৪ অক্টোবর পর্যন্ত নগর পিতা হিসেবে দায়িত্ব পালন করেন আহসান হাবিব কামাল। জাবের আবদুল্লাহ সাদী জানান, রাজনৈতিক জীবনে আহসান হাবিব কামাল ছিলেন জাতীয়তাবাদী দল- বিএনপি একজন সক্রিয় নেতা। তিনি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ছিলেন। এর আগে প্রথমে বরিশাল মহানগর এবং পরে জেলা বিএনপির সভাপতি ছিলেন। জেলা বিএনপির সভাপতি পদ থেকে পদোত্যাগ করে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করেন। পরবর্তীতে আর নতুন করে রাজনৈতিক দলের পদ-পদবিতে আসতে পারেননি তিনি।

জুলাই ৩০, ২০২২
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo